দুই কন্যার ডেটিং নিয়ে চিন্তিত নন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াশিংটনে এক অনুষ্ঠানে অতিথিদের খাবার এগিয়ে দিচ্ছে মালিয়া ও সাশা
ওয়াশিংটনে এক অনুষ্ঠানে অতিথিদের খাবার এগিয়ে দিচ্ছে মালিয়া ও সাশা

নিজের দুই কিশোরী মেয়ের ডেটিং শুরু করা নিয়ে চিন্তিত নন বলেই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তিনি বলেছেন, মেয়েদের ওপর নজর রাখতে পারার ভরসা আছে বলেই অনেকটা নিশ্চিন্ত তিনি। এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কৌতুক অভিনেতা ও উপস্থাপক স্টিভ হার্ভের সঙ্গে শুক্রবার হালকা মেজাজের এক টেলিভিশন সাক্ষাত্কারে বয়ঃসন্ধিকালে থাকা দুই মেয়ের বেড়ে ওঠা নিয়ে খোলামেলা কথা বলেন ওবামা।

মেয়েদের নিয়ে চিন্তিত না হওয়ার কারণ হিসেবে ১৫ বছর বয়সী মালিয়া ও ১২ বছর বয়সী সাশার ‘বিবেচনা বোধ’কেই ১ নম্বরে রেখেছেন বলে জানিয়েছেন তাদের বাবা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা।
এর পরপরই কৌতুক করে ওবামা বলেন, ‘দ্বিতীয় কারণটি হলো সারাক্ষণই সবখানে ওদেরকে অনুসরণ করার জন্য বন্দুকধারী লোকজন আছে আমার।’

ওবামা হাসতে হাসতে বলেন, ‘এটাই আমার দ্বিতীয় দফায় নির্বাচন করার সবচেয়ে বড় কারণ।’ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষ হতে হতেই তার দুই মেয়ের হাইস্কুলের লেখাপড়াও প্রায় শেষ হয়ে আসবে বলে জানান ওবামা।

জনতার মনোযোগ থেকে দুই মেয়েকে যতটা সম্ভব আড়ালে রাখার বিষয়েও খুবই সচেষ্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা। গত শুক্রবারে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে হাওয়াইতে দুই সপ্তাহের অবকাশ যাপনে গিয়েছিলেন ওবামা। মেয়েদের নিয়ে আশাবাদী এ পিতা জানিয়েছেন, তাঁর দুই মেয়েই খুব ভালো করছে, কিন্তু দ্রুত বড় হয়ে উঠছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, তাঁর মেয়েদের স্বাভাবিক সামাজিক জীবনযাপনে প্রবেশ নিশ্চিত করা নিয়ে সত্যিই চিন্তিত তিনি।

সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মেয়েদের ভালো শিক্ষাই দিয়েছেন বলে মনে করেন এই মার্কিন প্রেসিডেন্ট। ওবামা বলেন, ‘আমি আগেই ওদের যা বলেছি তা হলো, যতক্ষণ ছেলেটি তোমাকে শ্রদ্ধা করছে এবং তোমার প্রতি সদাচরণ করছে, ততক্ষণ আমি প্রতিমুহূর্তের জন্য চোখ-কান খুলে রাখছি না।’