দুই কবির সৃষ্টি নিয়ে স্বপ্নযাত্রীর আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, নাচ, আবৃত্তি আর কথামালায় মগ্ন ডিসি হিল। দর্শকেরা শুনছেন দুই কবির গৌরবগাথা, উপভোগ করছেন তাঁদের অসাধারণ সৃষ্টি। মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা শেষ হতেই করতালি দিয়ে তাঁরা প্রকাশ করছেন উচ্ছ্বাস।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ২০ মে বিকেলে সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে স্বপ্নযাত্রী। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ নুরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সাহাবউদ্দিন ও মুস্তাকীম মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন ইমদাদুল হক। বক্তারা বলেন, ‘আমাদের হূদয় ও চেতনাজুড়ে আছেন রবীন্দ্রনাথ আর নজরুল। তাঁদের সৃষ্টি যুগ যুগ ধরে আমাদের কাছে আলোর দিশারি হয়ে থাকবে।’ রুম্পা মুহুরী রবির ‘আমার মল্লিকা বনে’, সমাপ্তি বড়ুয়া ‘তুমি কেমন করে’, সুনন্দা রায় নজরুলের ‘আমার ভালোবাসায়’, নিশা চক্রবর্তী ‘আমার নয়নে নয়ন রাখি’ ইত্যাদি গানে স্বচ্ছন্দ ছিলেন। দ্বৈতকণ্ঠে গাওয়া ‘সেদিন দুজনে দুলেছিনু বনে’, ‘মনে কী দ্বিধা রেখে গেলে’ ও ‘একটুকু ছোঁয়া লাগে’ ছিল উপভোগ্য। অনুষ্ঠানের আকর্ষণ ছিল নিক্বণ নৃত্য একাডেমি, মনোরমা নৃত্যাঙ্গন, সুরঙ্গমা নৃত্য একাডেমি, পায়েল নৃত্য একাডেমি ও স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের পরিবেশনা।কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি চমৎকার কণ্ঠে আবৃত্তি করেন অঞ্চল চৌধুরী। আরও আবৃত্তি করেন হাসান জাহাঙ্গীর, সাইদুল ইসলাম, দিলরুবা খানম, মুহিতুল ইসলাম ও দেবাশিস রুদ্র। দলীয় আবৃত্তি পরিবেশন করে ত্রিতরঙ্গ আবৃত্তি দল ও তারুণ্যের উচ্ছ্বাস।অনুষ্ঠান দেখতে আসা দর্শক হাসনাত সোহেল বলেন, ‘সবই ভালো, কিন্তু মঞ্চের ব্যানারে বড় অক্ষরে ‘‘শ্রদ্ধাঞ্জলী’’ লেখা হয়েছে। ভুল বানানটি আমাকে পীড়া দিচ্ছে।’ সব শেষে ছিল স্বপ্নযাত্রীর সদস্যদের পরিবেশনা ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।’ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাইমা জেরিন ও হিমাদ্রি রাহা।