দুই কর্মকর্তা প্রশিক্ষণে আটজনের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ জন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কেউই এখন কার্যালয়ে কর্মরত নেই। দুই ঊর্ধ্বতন কর্মকর্তা শিক্ষাছুটি ও প্রশিক্ষণে, বাকি আটজনের পদ শূন্য। খাগড়াছড়ির সদর উপজেলার একজন সহকারী কৃষি কর্মকর্তা এখন এই কার্যালয়ের কাজ সামলাচ্ছেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে। লোকবল সংকটের কারণে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া ও উদ্বুদ্ধকরণের কাজ থেমে আছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে জানা যায়, ২০১২ সালের ২৬ আগস্ট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে এ কে এম আলাউদ্দিন যোগদান করেন। তিনি ওই বছরের ৮ নভেম্বর তিন বছরের জন্য শিক্ষা ছুটি নিয়ে চলে যান। এরপর গত বছরের ৫ মে মো. শাহীনূর ইসলাম সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনিও যোগদানের পাঁচ মাসের মাথায় ছয় মাসের প্রশিক্ষণ নিয়ে কার্যালয় ছেড়ে চলে যান। গত বছরের ১ অক্টোবর থেকে খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা রেটিনা চাকমা এখন দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজ সামলাচ্ছেন।
এ ছাড়া কার্যালয়ে অতিরিক্ত কৃষি কর্মকর্তাও নেই। দুজন সহকারী কৃষি কর্মকর্তার মধ্যে একজনের পদ শূন্য। এ ছাড়া একজন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও দুজন উপসহকারী কৃষি কর্মকর্তার পদও শূন্য রয়েছে। নৈশ প্রহরী, মেকানিক, পিয়ন ও ঝাড়ুদারের পদেও কেউ কর্মরত নেই।
উপজেলার বিভিন্ন কৃষি ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে বলেন, ‘কার্যালয়ে কর্মকর্তা না থাকলে তদারকি থাকে না। মাঠ পর্যায়ের অনেক সমস্যাই কর্মকর্তাদের উপস্থিতি ছাড়া সমাধান করা সম্ভব হয় না। কৃষিবিষয়ক নিত্যনতুন প্রযুক্তিগত জ্ঞানও কর্মকর্তারাই মাঠ পর্যায়ে কৃষকদের দিয়ে থাকেন। তাঁদের অনুপস্থিতির কারণে তাই এ বিষয়ে ঘাটতি থেকে যাচ্ছে। এ ছাড়া অনেক দাপ্তরিক কাজও আটকে আছে কর্মকর্তাদের জন্য।’
উপজেলা সদর ইউনিয়নের কৃষক ইব্রাহিম খলিল, আবুল হোসেন ও মো. জহুর আলী বলেন, ‘কৃষি সম্প্রসারণ কার্যালয়ে গিয়েও কর্মকর্তাদের পাওয়া যায় না। আমাদের চাষাবাদের অনেক সমস্যা মাঠে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা বোঝেন না। তাই পরামর্শের জন্য কৃষি অফিসে এসেও আমাদের ফিরে যেতে হয় খালি হাতে। কর্মকর্তারা না থাকায় এমন ভোগান্তি পোহাতে হচ্ছে।’
এ বিষয়ে দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোকবল সংকটের বিষয়টি আগামী মাসিক সমন্বয় সভায় আলোচিত হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠিও দেওয়া হবে।