আনোয়ারা উপজেলায় চট্টগ্রাম-আনোয়ারা সড়কের দুই কিলোমিটার অংশের পিচ ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটির উভয়পাশেই খাল হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এ অবস্থায় ভাঙা রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। সরেজমিনে দেখা গেছে, আনোয়ারা সদরের ওপর দিয়ে যাওয়া এই সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে এবং কোথাও কোথাও ফাটলের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সাম্প্রতিক টানা বৃষ্টিতে সড়কের দুই কিলোমিটারের মতো এলাকার পিচ ঢালাই উঠে গেছে।সড়কের হাসপাতাল মোড়, সিংহরা রাস্তার মাথা, বোয়ালগাঁও রাস্তার মাথাসহ সদরের খাদ্যগুদাম পর্যন্ত বিভিন্ন স্থান চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। মূলত গত বর্ষায় সড়কের এই দশা হয়েছিল।সড়কের বিভিন্ন অংশে কিছু সংস্কার করা হলেও যান চলাচলের উপযোগী হয়নি। দুই পাশে খাল থাকার কারণে সড়কের বিভিন্ন স্থানে দেবে যাচ্ছে। বর্তমানে পল্লি বিদ্যুতের পাঁচ-ছয়টি খুঁটিও সড়কের পাশের খালে বিলীন হয়ে গেছে। এই সড়কপথে তিনটি সেতুও দিন দিন দেবে যাচ্ছে। ফলে, দুর্ঘটনার আশঙ্কায় আছেন যাত্রী ও গাড়ির চালকেরা।সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্র জানায়, এ সড়কটি দিয়ে কেবল আনোয়ার-চট্টগ্রাম রুটের যানবাহন নয় চন্দনাইশের গাড়িও যাতায়াত করে। আনোয়ারা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আবদুল আজিজ বলেন, ‘এ সড়কে প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হয়। কখন দুর্ঘটনা ঘটে সে আশঙ্কায় থাকতে হয় সর্বক্ষণ।’যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী জানান, ‘চট্টগ্রাম-আনোয়ারা সড়ক খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।’ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান প্রথম আলোকে জানান, ‘চট্টগ্রাম-আনোয়ারা সড়কটি সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। এটি সম্প্রসারণ করা হয়ে গেলে সমস্যা থাকবে না।’