দুই কূল হারাল দৌলতপুরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজিরহাট পৌরসভা গঠন নিয়ে সৃষ্ট জটিলতার কারণে ফটিকছড়ির উপজেলার দৌলতপুর ইউনিয়নে দীর্ঘ ১১ বছর ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়নি। এর ফলে ঝুলে আছে দৌলতপুরের ভাগ্য। পৌরসভায় রূপান্তর কিংবা ইউনিয়ন পরিষদ নির্বাচন কোনোটাই না হওয়ায় ইউনিয়নের সর্বস্তরের মানুষ হতাশ।দৌলতপুরে সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি। নির্বাচন নিয়ে এই অচলাবস্থার অবসান চান এলাকাবাসী। ইতিমধ্যে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে এলাকার পেশাজীবী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে।এলাকার জনপ্রতিনিধিরা জানান, নাজিরহাট পৌরসভা গঠনসংক্রান্ত জটিলতায় দৌলতপুরে নির্বাচন বন্ধ রয়েছে। ২০০৫ সালে সুয়াবিল এবং দৌলতপুর নিয়ে নাজিরহাট পৌরসভা করার ঘোষণা দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিন্তু সুয়াবিলবাসীর আপত্তির কারণে নাজিরহাট পৌরসভা গঠনের কাজ স্থগিত হয়ে যায়। ফলে দৌলতপুরের ভাগ্য এখন ঝুলে আছে।২০১১ সালের ২৩ মে উপজেলার ২০ ইউনিয়নের মধ্যে ১৫টিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু পৌরসভা গঠন নিয়ে জটিলতার কারণে নির্বাচন হয়নি দৌলতপুরে। নাজিরহাট পৌরসভা গঠনের ক্ষেত্রে সুয়াবিলের লোকজন আপত্তি জানিয়ে উপজেলা প্রশাসনে ২০১১ সালের ২১ জুন লিখিত আবেদন করেন। কিন্তু এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ বলেন, বহু বছর নির্বাচন না হওয়ায় এলাকার উন্নয়নে স্থবিরতা দেখা দিয়েছে।দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোর্শেদুল আমিন বলেন, অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইউনিয়নবাসী নির্বাচনের দাবিতে স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি নির্বাচন কমিশনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।