দুই কূল হারালেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান থাকাকালে অনেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছিলেন। ২০০৯ সালে অনুষ্ঠিত ওই নির্বাচনে তাঁদের কেউ কেউ ইউপি চেয়ারম্যান থেকে উচ্চপদ উপজেলা চেয়ারম্যান পদে অধিষ্ঠিতও হয়েছিলেন। তবে বেশির ভাগ ইউপি চেয়ারম্যানই পরাজিত হন। ফলে ওই সব ইউপি চেয়ারম্যানেরা দুই কূল হারান। তাঁদের কেউ কেউ পুনরায় ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন কমিশন আইন অনুযায়ী, কোনো নির্বাচিত ইউপি চেয়ারম্যান ওই পদে থেকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে পারবেন না। যার কারণে গেল উপজেলা নির্বাচনের সময় কিছু কিছু ইউপি চেয়ারম্যান পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে তাঁদের মধ্যে দুজন পদত্যাগ করেও দলীয় সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে অংশ নিতে পারেননি। তাঁদের একজন সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আহমদ, অপরজন রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপির নেতা আব্বাস উদ্দিন চৌধুরী। জানা গেছে, মহিউদ্দিন আহমদ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ইউপি চেয়ারম্যানের পদ ত্যাগ করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূঁইয়ার কাছে তিনি মনোনয়ন দৌড়ে হেরে যান।পরপর তিনবার নির্বাচিত এই আওয়ামী লীগ নেতা এবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন। বিষয়টি স্বীকার করে মহিউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘দলের স্বার্থে কাজ করে দুই কূল হারালাম। পদত্যাগের পর সাংসদের চাপে আমি উপজেলা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার করেছিলাম। তখন আমাকে দলের উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছিল। কিন্তু পরে আবদুল্লাহ আল বাকের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে এসে পুনরায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ বিলুপ্ত করে নিজে সাধারণ সম্পাদক হন।’মহিউদ্দিনের মতো রাঙ্গুনিয়ার রাজানগরের চেয়ারম্যান বিএনপির নেতা আব্বাস উদ্দিন চৌধুরীও দুই কূল হারিয়েছেন। উপজেলা নির্বাচন করার জন্য পদত্যাগ করেও আব্বাসকে শেষপর্যন্ত দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছিল। আব্বাস উদ্দিন রাজানগর ইউনিয়ন থেকে পুনরায় ইউপি নির্বাচন করার জন্য নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি পদত্যাগ করেও দলীয় সিদ্ধান্তের কারণে শেষপর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারিনি।’এদিকে, বাঁশখালীর খানখানাবাদের চেয়ারম্যান আবদুস সবুর ও গণ্ডামারার লিয়াকত আলীও ইউপি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়ে উপজেলা নির্বাচনে অংশ নেন। তবে তাঁরা হেরে যান। এর মধ্যে আবদুস সবুর পুনরায় ইউপি নির্বাচন করার ঘোষণা দিলেও লিয়াকত এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। একই অবস্থা হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের হারুনুর রশীদ ও চিকনদণ্ডীর লিয়াকত আলীরও। তাঁরা ইউপি চেয়ারম্যান পদ ত্যাগ করে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তবে অনেকে ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিতও হয়েছেন। এর মধ্যে পটিয়ার ছনহারা ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস মিয়া ও বোয়ালখালীর সদর ইউনিয়নের চেয়ারম্যান বদরুছ মেহের, বাঁশখালীর পুঁইছড়ির আলমগীর কবির চৌধুরী ও লোহাগাড়া সদরের জিয়াউল হক চৌধুরী অন্যতম।