দুই কূল হারালেন সাতকানিয়ার মোহাম্মদুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান
সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান

সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান দু্ই কূল হারালেন। মেয়র পদ ধরে রাখতে বিএনপি থেকে যোগ দিয়েছেন আওয়ামী লীগে। কিন্তু দল তাঁকে মনোনয়ন দেয়নি। দলীয় মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের।
মোহাম্মদুর রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দায়িত্ব পালন করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর িবএনপির সভাপতির। পরপর দু্বার বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন তিনি। এবার নির্বাচনের আগে দল বদলালেন। গত ১৬ আগস্ট ঘটা করে যোগ দেন আওয়ামী লীগে। মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন চান আওয়ামী লীগ থেকেই। দক্ষিণ জেলা আওয়ামী লীগ একক প্রার্থী হিসেবে তাঁর নাম কেন্দ্রে পাঠালেও শেষ পর্যন্ত দলের সমর্থন পাননি তিনি।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, আবার মেয়র হওয়ার জন্য মোহাম্মদুর রহমান আওয়ামী লীগে যোগ দেন। কিন্তু শেষরক্ষা হলো না।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, দলীয়ভাবে পৌরসভা নির্বাচনের ঘোষণার পর মোহাম্মদুর রহমান মেয়র পদ ধরে রাখার জন্য আওয়ামী লীগে যোগদান করেছেন। এরপর একক মেয়র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে তাঁর নাম পাঠাতেও সমর্থ হন। কিন্তু তৃণমূলের নেতাদের বিরোধিতা ও কেন্দ্রের কাছে মনোনয়নপ্রত্যাশীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শেষ মুহূর্তে তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, সাতকানিয়া পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে শুধু মোহাম্মদুর রহমানের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড সবকিছু বিবেচনায় নিয়ে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়েরকে মনোনয়ন দিয়েছে।
উপজেলা বিএনপির নেতারা জানান, সাতকানিয়া পৌরসভা এলাকাটি বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত। এ কারণে ২০০৫ সালের প্রথম পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন মোহাম্মদুর রহমান। গতবারের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াতের প্রার্থীকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন তিনি।
সাতকানিয়া উপজেলা বিএনপির সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকারের এ সময়ে বিএনপিতে থেকে মোহাম্মদুর রহমান মেয়র নির্বাচিত হতে পারবেন না এই ভয়ে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে মেয়র প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। এতে তাঁর আবারও মেয়র হওয়ার যে স্বপ্ন তা ভেঙে গেছে। তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপিতে থাকলে তাঁর এ অবস্থা হতো না।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক বলেন, বিএনপিতে তাঁর অবস্থান ভালোই ছিল। যে উদ্দেশে তাঁর আওয়ামী লীগে যোগদান, তা সফল হয়নি। ফলে তাঁর সব গেল।
এ ব্যাপারে জানতে চাইলে মোহাম্মদুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমার তেমন কোনো ক্ষতি হয়নি। নেত্রী মোহাম্মদ জোবায়েরকে মনোনয়ন দিয়েছেন। তবে আমি এখনো তো মেয়র আছি। পরে দেখে-শুনে সমাজসেবামূলক কাজ করে যাব।’