দুই গ্রামে ২৮ ইটভাটা!
কালো ধোঁয়ায় ভারী হয়ে উঠেছে বাতাস। ধুলায় বিবর্ণ গাছপালা। জমিতে বড় বড় খাদ-গহ্বর। শুধু ইটভাটার চিমনি আর চিমনি। মনে হয় গ্রাম নয়, যেন ইটভাটার পল্লি। জেলার হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে গেলে চোখে পড়বে এই চিত্র।দুটি গ্রাম নিয়ে গঠিত মির্জাপুর ইউনিয়নে আয়তন ৩২ দশমিক ৭ বর্গকিলোমিটার। লোকসংখ্যা ৫০ হাজার। পরিবেশ অধিদপ্তরের হিসাবমতে, এই ইউনিয়নে ইটভাটা রয়েছে ৩৭টি। তবে মির্জাপুর ইটভাটা মালিক সমিতি বলছে ২৮টি। ২০১০ সালে বন্ধ হয়ে যায় সাতটি ইটভাটা। ইউনিয়নের চারিয়া ও মির্জাপুর গ্রামের শণখোলা, ওবায়দুল্লাহ নগর, হরাইল্লেপাড়া, নোয়াপাড়া, এস্কাট কলোনি, হাশিমেরপাড়া, শরীফাপাড়া, কালা বাদশাপাড়া ও কুলালপাড়ায় এসব ইটভাটা অবস্থিত। সম্প্রতি এই ইউনিয়নে গেলে স্থানীয় বাসিন্দারা ইটভাটার কারণে এলাকার পরিবেশ বিপর্যয় হচ্ছে বলে অভিযোগ করেন। ওবায়দুল্লাহ নগরের বাসিন্দা আবদুল করিম বলেন, ‘রাত-দিন সমানে ইটভাটার চিমনি থেকে কালো ধোঁয়া বের হয়। বিশেষ করে সন্ধ্যায় পুরো গ্রাম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।’পুকুরপাড়ের বিবর্ণ সারি সারি নারকেল গাছের দিকে ইঙ্গিত করে হাসিমের পাড়ার ইমরুল হোসেন বলেন, ‘আমার সংসারে ছয় মেয়ে। আয়রোজগারের কেউ নেই। একসময় গাছের ডাব ও নারকেল বেচে কোনো রকমে সংসার চলত। ইটভাটা আমার আয়ের পথ বন্ধ করে দিয়েছে।’ পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম ইটভাটার কারণে মির্জাপুরের পরিবেশের ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেন। তিনি বলেন, ‘আমার আগের কর্মকর্তারা ওই এলাকায় এত ইটভাটা স্থাপনের ছাড়পত্র দিয়েছেন। পরিবেশ আইন না মেনে ইট উৎপাদন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ফরিদ আহমদ বলেন, ‘ইটভাটার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এ কথা ঠিক। তবে, পরিবেশের ক্ষতি যাতে না হয়, সে বিষয়টি মাথায় রেখে এই শিল্পকেও বাঁচাতে হবে।’ জানা গেছে, ইটভাটার ধোঁয়ার কারণে এই ইউনিয়নের লোকজন শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আলাউদ্দীন আলো বলেন, ‘চারিয়া ও মির্জাপুর এলাকা থেকে শিশু ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে আমাদের এখানে চিকিৎসা নিচ্ছেন।’ অভিযোগ আছে, অনেক মালিক ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন (১৯৮৯) মানছেন না। ইট তৈরির জন্য প্রয়োজনীয় মাটি খাল-নালা, পরিত্যক্ত বা অকৃষি জমি থেকে জোগাড় করার নিয়ম থাকলেও বেশ কয়েকটি ইটভাটায় ব্যবহার করা হচ্ছে কৃষিজমির টপসয়েল। কয়লার স্থলে জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হচ্ছে।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাজমিনুর রহমান বলেন, ‘পরিবেশের ওপর ক্ষতির দিকটা মাথায় রেখে ইট পোড়ানোর ক্ষেত্রে আগের বয়লার পদ্ধতি বাতিল করে জিকজ্যাক বা হাওয়াই পদ্ধতি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দিয়েছি।’এই পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ইটভাটার চিমনির উচ্চতা হবে ৫৫ থেকে ৮০ ফুট। ভাটা এমনভাবে তৈরি করতে হবে যাতে ইট পোড়ানোর সময় ধোঁয়া ভাটায় পরিশোধিত হয়ে চিমনি দিয়ে বের হয়। এতে ভাসমান বস্তুকণা বা ছাই আটকে থাকবে ভাটায়। কিন্তু বয়লার পদ্ধতিতে চিমনি দিয়ে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড নির্গত হয়।২৭ ডিসেম্বর বিকেল পাঁচটায় ওবায়দুল্লাহ নগর এলাকায় গিয়ে দেখা গেছে, এস অ্যান্ড সি নামের একটি ইটভাটার জন্য খননযন্ত্র দিয়ে দুটি ট্রাকে ফসলি জমির টপসয়েল তুলে ফেলা হচ্ছে। এই প্রতিষ্ঠানে জিকজ্যাক বা এইচ কে এই দুটি পদ্ধতির কোনোটিই ব্যবহার না করে ইট উৎপাদনের কাজ চলছে। ইটভাটায় টপসয়েল ব্যবহূত হচ্ছে কি না জানতে চাইলে ইটভাটার মালিক আবদুচ সালাম নিরুত্তর থাকেন। জিকজ্যাক বা হাওয়াই পদ্ধতি ব্যবহার সম্পর্কে তিনি বলেন, ‘হাওয়াই পদ্ধতিতে ইট উৎপাদনের জন্য সরকার আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত আমাদের সময় দিয়েছে।’ শনখোলা এলাকার ন্যাশনাল ব্রিকস ইটভাটায় হাওয়াই পদ্ধতিতে ভাটা তৈরি করলেও চিমনি বদলানো হয়নি। জানতে চাইলে মালিক নুরুল আলম বলেন, ‘আগের চিমনি বহাল রেখে জিকজ্যাক পদ্ধতি অনুসরণ করে ইট উৎপাদন করছি। আমার ইটভাটার পরিবেশ ছাড়পত্র, ডিসির লাইসেন্সসহ সব কাগজপত্র হাল নাগাদ আছে।’মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মির্জাপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি সেকান্দর হোসেন বলেন, ‘পরিবেশের ক্ষতির দিক বিবেচনা করে ইটভাটার ওপর সরকার অনেক ধরনের বিধি তৈরি করেছে। আমার এলাকার অধিকাংশ ইটভাটা পরিবেশসম্মতভাবে ইট উৎপাদন করছে। কয়েকটি ইটভাটা বয়লার পদ্ধতিতে ইট উৎপাদন করলেও আগামী বছর এগুলোতে জিকজ্যাক পদ্ধতি চালু হবে।’