দুই ঘণ্টার চিকিৎসা ফি ১০ হাজার টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসাসেবা না নিয়ে মাত্র দুই ঘণ্টা ক্লিনিকের শয্যায় শুয়ে থাকা বাবদ ১০ হাজার টাকা বিল গুনতে হয়েছে কক্সবাজারের গরিব কৃষক নুরুল ইসলামকে। অস্ত্রোপচার করা না হলেও পাঁচ হাজার টাকা ফি দিতে হয়েছে তাঁকে। দুই শল্য চিকিৎসক ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞের ফি বাবদ হাসপাতাল কর্তৃপক্ষ ওই টাকা নিয়েছে তাঁর কাছ থেকে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শেষ মুহূর্তে অস্ত্রোপচার বাতিল করার কারণে এই ফি দিতে হয়েছে। কারণ, ওই চিকিৎসকেরা অন্য অস্ত্রোপচার সূচি (শিডিউল) বাতিল করেছিলেন।১৪ মে চিটাগং ইউরোলজি সেন্টার নামের নগরের একটি ক্লিনিকে এই ঘটনা ঘটেছে। রোগী নুরুল ইসলাম অস্ত্রোপচারের জন্য ওই দিন বিকেল পাঁচটায় ভর্তি হলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নিয়ে সন্ধ্যা সাতটায় ওই হাসপাতাল ছেড়ে যান। কিন্তু অস্ত্রোপচারের জন্য বিকেলে জমা দেওয়া ১৫ হাজার টাকা থেকে কেটে রাখা হয় ১১ হাজার ১৯৬ টাকা। জানা গেছে, কক্সবাজারের গরিব কৃষক নুরুল ইসলাম কিছুদিন ধরে তলপেটে তীব্র যন্ত্রণায় ভুগছিলেন। ৮ মে কক্সবাজার থেকে তিনি চট্টগ্রাম এসে ইউরোলজিস্ট মো. জাহাঙ্গীর হোসাইনের শরণাপন্ন হন। চিকিৎসক তাঁকে জানান, ‘মূত্রথলিতে পাথর রয়েছে। অস্ত্রোপচার করতে হবে।’ চিকিৎসক ব্যবস্থাপত্রের ওপর ২৫ হাজার টাকা অস্ত্রোপচার ফির কথাও লিখে দেন। টাকা জোগাড় করে তাঁকে অস্ত্রোপচারের জন্য আসতে বলা হয়। ব্যবস্থাপত্র ফি হিসেবে ওই দিন জাহাঙ্গীর হোসাইন ৫০০ টাকা নেন। নুরুল ইসলাম বলেন, ‘আমি গরিব মানুষ। কোনো রকমে ১৫ হাজার টাকা জোগাড় করে ডাক্তার জাহাঙ্গীরের কাছে আসি ১৪ মে। তিনি আমাকে চিটাগং ইউরোলজি সেন্টারে ভর্তি হতে বলেন। আমি পাঁচটায় ভর্তি হই। তখন আমাকে বলা হয় ১৫ হাজার টাকা জমা দিতে। বাকিটা অস্ত্রোপচারের পর জমা দিতে বলেন চিকিৎসক। ওই দিন চেম্বার শেষ করে রাত ১০টার পর ডা. জাহাঙ্গীর আমার অস্ত্রোপচার করবেন বলে জানান।’জানা গেছে, ১০৫ নম্বর শয্যায় ভর্তির পর নুরুল ইসলাম বাকি টাকার জন্য বাড়িতে ফোন করেন। কিন্তু বাড়ির আত্মীয়রা স্বল্প সময়ের মধ্যে টাকা জোগাড় করতে অপরাগতা প্রকাশ করে তাঁকে কক্সবাজার ফিরে যাওয়ার পরামর্শ দেন। বাড়ির লোকজনের পরামর্শ অনুযায়ী এক ঘণ্টার মধ্যে ইউরোলজি সেন্টারের কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা গড়িমসি শুরু করে বলে তিনি অভিযোগ করেন। পরে সন্ধ্যা সাতটার দিকে তাঁকে ১১ হাজার টাকার বিল ধরিয়ে দেওয়া হয় যা আগে জমা করা ১৫ হাজার টাকা থেকে কেটে রাখা হয়। শেষে এ নিয়ে অনেক বাগিবতণ্ডার পর ১০ হাজার টাকা রাখা হয় নুরুল ইসলামের কাছ থেকে। বিলে নিবন্ধন ফি ৩০০, বিশেষজ্ঞ ফি ৬০০, সার্জিক্যাল সহকারী ফি (দুজন) তিন হাজার, অ্যানেসথেসিয়া তিন হাজার, রক্ত ট্রান্সমিশন ফি ২০০, ওষুধ বাবদ ৫৪০, শয্যা ভাড়া এক হাজার, ইসিজি ৫০০, সার্ভিস চার্জ এক হাজার ৮২৮ ও ভ্যাট ২২৮ টাকা ধরা হয়।এ প্রসঙ্গে চিটাগং ইউরোলজি সেন্টারের মালিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘রোগীটি শেষ মুহূর্তে এসে অস্ত্রোপচার করবেন না বলে জানান। তখন অস্ত্রোপচারে সহায়তা করার জন্য অ্যানেসথেটিস্ট চলে আসেন। আরও দুজন সহকারী পথে ছিলেন। তাই ওই ফি রাখা হয়।’তিনি আরও বলেন, ‘প্রকৃতপক্ষে তারা একটি দালালের খপ্পরে পড়েছে। পাঁচলাইশেরই আরেকটি ক্লিনিকে ওই অস্ত্রোপচার পরের দিন করেছে।’ তবে নুরুল ইসলাম গত সোমবার প্রথম আলোকে জানান, তিনি এখনো অস্ত্রোপচার করেননি। অন্য এক চিকিৎসক তাঁকে বলেছে, এই মুহূর্তেই অস্ত্রোপচারের দরকার নেই।