
সকাল সাড়ে ছয়টা, ঝুম বৃষ্টি! তিনজনের ছোট ছোট দলে ভাগ হয়ে গেছে বড় দলটা। সাইকেল নিয়ে তিরের বেগে ছুটছেন কয়েকজন। কয়েকজন পড়ে গেছেন দ্বিধা-দ্বন্দ্বে। যাবেন কোন দিকে? মাঠটা আসলে...কোথায়? কেউ বলছেন গুলিস্তান, কেউ মতিঝিল, কেউবা বলছেন মোহাম্মদপুর। খামের ভেতর থেকে বের হওয়া কাগজটায় একটা মাঠের ছবি আঁকা ছিল। সঙ্গে কয়েকটা ক্লু। নির্দেশনা ছিল সাইকেল চালিয়ে এক ঘণ্টার মধ্যে পৌঁছাতে হবে ওই মাঠে।
মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মাত্র মিনিট কয়েক দূরে মোহাম্মদপুরের স্ট্রাইকার মাঠটি অনেকেই হয়তো চেনেন। যাঁরা চেনেন তাঁরা ঝটপট পৌঁছে গেলেন সেখানে। কেউ কেউ মতিঝিল, গুলিস্তান অবধি ঘুরে এলেন।
প্রতিযোগিতার শুরুটা হয়েছিল মানিক মিয়া থেকে। দিনটা ছিল ৩১ জুলাই, শুক্রবার। দিনভর বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় নিয়েই ঢাকার বুকে একদল তরুণ দুই চাকা নিয়ে মাতলেন রোমাঞ্চকর এক লড়াইয়ে। অভিনব এই প্রতিযোগিতার নাম দিয়েছেন তাঁরা ‘অ্যামাজিং বাইসাইকেল রেস’। রেসের ট্র্যাকে দাঁড়িয়ে বাঁশিতে ফুঁ দিয়ে সাইকেল দৌড়ের কোনো প্রতিযোগিতা ছিল না এটি। বুদ্ধি খাটিয়ে, একের পর এক ধাঁধার সমাধান করে, আর স্মৃতিশক্তির পরীক্ষা দিয়ে একেকটি ধাপ পেরোতে হয়েছে প্রতিযোগীদের। দিনভর এমনই ১১টি ধাপ পেরিয়ে তিনটি দল বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে। বিডিসাইক্লিস্টসের আয়োজনে এই প্রতিযোগিতায় দল ছিল সাকল্যে ২৯টি। প্রতিটি দলের আলাদা নাম।

দিনের শুরুতে মোহাম্মদপুরের সেই মাঠে পৌঁছে সবাই মিলে সাইকেল নিয়ে মেতে ওঠেন ফুটবল খেলায়। ভারসাম্য নিয়ন্ত্রণের খেলা ছিল, ছিল স্মৃতিশক্তির পরীক্ষাও। তবে সবচেয়ে বেগ পেতে হয়েছে প্রতিযোগিতার অষ্টম ধাপে। টিম ক্লিপলেসের সদস্য আল আমিন কারিগর বলেন, ‘আগারগাঁওয়ে যাওয়ার পর একটা খাম দেওয়া হলো। ভেতরের কাগজে ১৯-২০টা দাগ। শুধুই দাগ দেওয়া একটা কাগজ। আমাদের বলা হলো এসব দাগ থেকে একটা জায়গার নাম বের করে সেখানে যেতে হবে। এই পাজলটার সমাধান বের করতে মাথা নষ্ট হওয়ার জোগাড়। ঘাবড়ে গিয়েছিলাম খুব।’
আগারগাঁও থেকে সোহরাওয়ার্দী উদ্যান। সেখান থেকে লালবাগের কেল্লা। তারপর শাহবাগে জাদুঘরের সামনে একে একে পাঁচটি দল এসে থামল। তখন বিকেল পাঁচটা। ততক্ষণে বাদবাকি ২৪টি দল প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে।
শাহবাগ থেকে সন্ধ্যায় রাইফেলস স্কয়ার। সেখানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় ৬২ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয় ‘বাইকভেঞ্চার’। দ্বিতীয় ‘টিম ক্লিপলেস’, তাদের নম্বর ৫১ এবং ৪৮ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে ‘ত্রিভুজ’। বিজয়ীদের সনি অ্যাকশন ক্যামের সৌজন্যে তিনটি এলইডি টিভি, তিনটি অ্যাকশন ক্যামেরা ও তিনটি হেডফোন পুরস্কার দেওয়া হয়।
মজার অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে চ্যাম্পিয়ন দলের নেতা ফয়সাল মোহাম্মদ শান বলেন, ‘শুরুতেই আমরা ভুল করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলে গিয়েছিলাম। সময় শেষ হওয়া মাত্র তিন মিনিট আগে স্ট্রাইকার মাঠে এসে পৌঁছাই।’
‘সাইক্লিংয়ের পাশাপাশি রোমাঞ্চকর কিছু করার প্রচেষ্টা থেকেই এই রেসের আয়োজন। প্রায় সবাই খুব এক্সাইটেড ছিলেন। টানা প্রায় ১২ ঘণ্টা ভিজে, শারীরিক কষ্ট ও মানসিক চাপ নিয়ে সবাই ছিলেন অদম্য।’ বলেন বিডিসাইক্লিস্টসের মডারেটর ও অ্যামাজিং বাইসাইকেল রেসের পরিচালক ফুয়াদ আহসান চৌধুরী।