দুই চাকায় উচ্ছল তারুণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোভাযাত্রায় সাইকেল আরোহীদের সংগঠন এফএনএফ রাইডার্স চট্টগ্রামের সদস্যরা
শোভাযাত্রায় সাইকেল আরোহীদের সংগঠন এফএনএফ রাইডার্স চট্টগ্রামের সদস্যরা

ছুটছে সাইকেল। চলতে চলতে হঠাৎ বসার আসনে দাঁড়িয়ে গেলেন আরোহী তরুণী। প্যাডেল ঘোরানো ছাড়াই দুই চাকা তখনো সচল রাস্তায়। এভাবে মিনিটখানেক চলার পর আবার বসে পড়লেন আসনে। প্যাডেলে পা রেখে এক চক্কর দিয়ে কষলেন ব্রেক। চারপাশে তখন তুমুল হাততালি। এতক্ষণ সাইকেলের যে কসরত দেখানো হয়েছে তার পোশাকি নাম সার্ফিং। সমুদ্রের ঢেউয়ের তালে করা সার্ফিং সাইকেলে প্রদর্শনের চেষ্টা থাকে এতে।
শুধুই কী সার্ফিং! রোলিং, কমবো হিউম্যান কম্পাসসহ নানা কসরত প্রদর্শন করেন এক দল তরুণ-তরুণী। তাঁরা সবাই সাইকেল আরোহীদের সংগঠন এফএনএফ রাইডার্স চট্টগ্রামের সদস্য। ১২ আগস্ট নগরের অভয় মিত্র ঘাটের খোলা চত্বরে সাইকেল আরোহীদের কসরত প্রদর্শনের আয়োজন করা হয়। সংগঠনের এক শ তম রাইড উপলক্ষে সাইকেল নিয়ে হাজির হন শতাধিক সদস্য।

নগরের অভয় মিত্র ঘাটের খোলা চত্বরে কসরত প্রদর্শন করেন এফএনএফ রাইডার্সের সদস্য সাবরিনা জামাল। সংগঠনের শততম রাইড উপলক্ষে ১২ আগস্ট এ প্রদর্শনীর আয়োজন করা হয় l ছবি: সংগৃহীত
নগরের অভয় মিত্র ঘাটের খোলা চত্বরে কসরত প্রদর্শন করেন এফএনএফ রাইডার্সের সদস্য সাবরিনা জামাল। সংগঠনের শততম রাইড উপলক্ষে ১২ আগস্ট এ প্রদর্শনীর আয়োজন করা হয় l ছবি: সংগৃহীত

সকাল আটটায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ প্রাঙ্গণ থেকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রী কাজী নেহলিন বিনতে আকবরের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করে জমিয়তুল ফালাহ প্রাঙ্গণ থেকে শুরু হয় এক শ তম রাইডের শোভাযাত্রা। নগরের টাইগারপাস মোড়, সিআরবি, কদমতলী, নিউ মার্কেট, কোতোয়ালি মোড় ও ফিরিঙ্গিবাজার হয়ে অভয় মিত্র ঘাটে এসে শেষ হয় শোভাযাত্রাটি।
দ্বিতীয় পর্বের শুরুতে কেক কাটেন সংগঠন সদস্যরা। এ পর্বে ছিল কসরত প্রদর্শন ও প্রতিযোগিতা। এতে ছেলেদের প্রতিযোগিতার শিরোনাম ছিল ‘আমিই ১০০’ ও মেয়েদের ‘এগিয়ে যাচ্ছি’। ছেলেদের ৩০ জন প্রতিযোগীর মধ্যে বিভিন্ন ধাপ পেরিয়ে দ্রুত গতির রেসের জন্য নির্বাচিত হন পাঁচজন। এতে চ্যাম্পিয়ন হন সায়ীদ আতা আল ফাত্তাহ। এ ছাড়া প্রথম রানার আপ নয়ন দাশ ও দ্বিতীয় রানার আপ আমিনুল ইসলাম। এরপর শুরু হয় মেয়েদের প্রতিযোগিতা। মেয়েদের দ্রুত গতির রেসে অংশ নেন সাতজন। চ্যাম্পিয়ন হন নিশাত আনজুম, প্রথম রানার আপ সাবরিনা জামাল ও দ্বিতীয় রানার আপ অতৃপ্তি দাশ।
সবশেষে এফএনএফ গ্রুপের এডমিন প্যানেলের সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এফএনএফের ১০০ তম রাইডের স্লোগান ছিল ‘রাইট ফর স্ট্রিট চিলড্রেন’। এই স্লোগান নিয়ে এক হাজার কিলোমিটারের ক্রস কান্ট্রি রাইড দিয়ে বাংলাদেশ ঘুরে বেড়ানোর জন্য সম্মানিত করা হয় আশরাফ ইমন ও এনামুলকে।
গ্রুপের এডমিন প্যানেলের সদস্য সুবীর মিত্র প্রথম আলোকে বলেন, ‘২০১৪ সালে ১১ এপ্রিল শুরু হয় এফএনএফ পরিবারের পথ চলা। বিনা খরচে আমাদের নিজস্ব সাইকেলে নারী ও পুরুষদের সাইক্লিং প্রশিক্ষণ দেওয়া হয়। এখন সদস্যসংখ্যা ১০ হাজার। শুরু থেকে আমরা শুধু সাইকেল রাইডের মধ্যে সীমাবদ্ধ ছিলাম না। সামাজিক নানা কাজেও ব্যস্ত ছিলাম। এ ছাড়া নিরাপদ সড়ক, আলাদা সাইক্লিং লেনের মতো দাবিগুলো পৌঁছে দিয়েছি সরকারের কাছে।’