
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন দুই চাচাতো ভাই। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন শানে আলম। অন্যদিকে নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রফিকুল আলম। রফিকুল শানে আলমের চাচাতো ভাই। এ ছাড়া শানে আলম সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। রফিকুল বর্তমান পৌর মেয়র।
এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম এবং শিক্ষা ও মানবসম্পদ–বিষয়ক সম্পাদক দিদারুল আলমের আপন ভাই রফিকুল আলম। তাঁরা কার পক্ষে কাজ করবেন এ নিয়ে ভোটার ও দলের নেতা-কর্মীদের মধ্যে চলছে আলোচনা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মী জানান, গত নির্বাচনে জাহেদুল আলম রফিকুলের পক্ষে কাজ করেন। তখন তিনি দল থেকে বহিষ্কৃত ছিলেন। এবার দেখার বিষয় তিনি কার পক্ষে কাজ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি অসুস্থ। নির্বাচন নিয়ে আমি কোনো মন্তব্য করব না।’
আরেক ভাই দিদারুল আলম বলেন, ‘নির্বাচন নিয়ে আমিও বিব্রত। দলের প্রার্থী কে তা আমি এখনো জানি না। শানে আলম দলের প্রার্থী তা লোকমুখে শুনেছি। কেন্দ্র থেকে দলের নির্দেশনা পেলে তখন করণীয় নির্ধারণ করব।’
স্থানীয় লোকজন জানান, শানে আলমের বাবা বাদশা মিয়া সওদাগর ও রফিকুল আলমের বাবা ওবাইদুল হক আপন ভাই। শহীদ কাদের সড়কে বাদশা মিয়া সওদাগর আর পানখাইয়াপাড়া সড়কে ওবায়দুল হকের বাড়ি।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শানে আলম বলেন, ‘চাচাত ভাই রফিকুল আলমের সঙ্গে আমার কোনো মতবিরোধ নেই। যেহেতু আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং আমার প্রতীক নৌকা সেহেতু আমার বড় ভাই জাহেদুল আলমের নৈতিক দায়িত্ব আমার পক্ষে কাজ করা। তাঁর সহযোগিতা পাওয়া আমার অধিকারও। আমি জানি না কেন তিনি অভিমান করেছেন। তৃতীয় ও চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনেও আমার পক্ষে কাজ করেছেন। দলের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে খাগড়াছড়ি পৌরসভায় নৌকা প্রতীকের জয় হবেই।’
রফিকুল আলম বলেন, ‘আমি ২০১১ সালের নির্বাচনেও নাগরিক কমিটির ব্যানারে মেয়র নির্বাচন করে নির্বাচিত হয়েছি। এবারও নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। বড় ভাই জাহেদুল আলমের পরিচয়ে নির্বাচন করছি না। যদি তাঁর পরিচয় দিতাম তাহলে আমি আওয়ামী লীগ থেকেই প্রার্থী হতাম। আমার নিজের পরিচয় ও নাগরিক কমিটির ব্যানারেই নির্বাচন করছি।’