দুই জলমানবের গল্প
দুই জলমানব—ওয়াহিদুল ইসলাম ও রবিউল ইসলাম। পুলের ক্ষিপ্র এই দুই তরুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আন্তবিশ্ববিদ্যালয় ওয়াটার পোলো ও সাঁতার প্রতিযোগিতায় আবারও নিজেদের চিনিয়েছেন তাঁরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও আট স্বর্ণ, তিন রৌপ্য ও দুই ব্রোঞ্জপদক নিয়ে সেরাই থাকল। টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন।ওয়াহিদুল ইসলাম পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষে। সদাচঞ্চল এই তরুণের লিকলিকে শরীর। দেখতে শক্তপোক্ত নন। কিন্তু সেই ছেলেই ‘শক্তিমানের’ খেলা সাঁতারে দ্যুতি ছড়ালেন।এককভাবে জিতেছেন তিনটি স্বর্ণ, একটা রৌপ্য ও একটা ব্রোঞ্জ। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ওয়াটার পোলোতে সর্বোচ্চ গোল করে পেয়েছেন বেস্ট স্যুটার খেতাবও।ওয়াহিদুল বলেন, ‘টুর্নামেন্টের আগে তেমন প্রস্তুতি নিতে পারিনি। তাই এত ভালো করব, তা কল্পনাতেও ছিল না। তবুও সুইমিংপুলে নেমে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। বেশ ভালো লাগছে। নিজেও ভালো করেছি, দলও চ্যাম্পিয়ন হয়েছে।’ অন্যদিকে, রবিউল ইসলাম দিয়েছেন বিশ্ববিদ্যালয় দলের নেতৃত্ব। তিনি লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। দলকে নেতৃত্ব দিয়ে নিজের গলায় পড়েছেন তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ। রবিউল বলেন, দলের নেতৃত্ব পেয়ে প্রথম দিকে একটু ভয় পেয়েছিলাম। কারণ, নেতৃত্ব দিলে সামলাতে হয় পাহাড়সম চাপ।দুজনের জন্মই পাবনা জেলায়। দুজনের শৈশবের দুরন্ত সময় কেটেছে এলাকার দশ পুকুর দাপিয়ে। রবিউলের পঞ্চম শ্রেণী থেকে এইচএসসি এবং ওয়াহিদুলের চতুর্থ শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত কেটেছে বিকেএসপিতে (বাংলাদেশে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত জাতীয় দলেও ছিলেন নিয়মিত। জাতীয় সাঁতারে দুজনেরই একাধিক পদক তো রয়েছেই; রবিউল ২০০৯ সালে অনুষ্ঠিত ইন্দো-বাংলা গেমসে রৌপ্যপদকও জিতেছিলেন। কিন্তু এত পাওয়ার পরও তাঁদের আক্ষেপের শেষ নেই। দুজনের কথায় পাহাড়সম অভিযোগ। বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে সাঁতারের জন্য আন্তর্জাতিক মানের সুবিধা তো স্বপ্নের ব্যাপার, নেই ন্যূনতম সুযোগ-সুবিধাও। আমরা যে পুকুরে সাঁতারের নিয়মিত অনুশীলন নিই, সেটা কোনোমতেই সাঁতারের জন্য উপযুক্ত নয়। পুকুরটা যেন সাপের আঁতুড়ঘর। তাই ভয় হয় ওখানে নামতে। অন্যদিকে, পুকুরের পানিও অপরিষ্কার।’প্রসঙ্গত, গত ৮ ও ৯ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা অংশ নেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৩ জনের ওয়াটার পোলো ও পাঁচজনের সাঁতার দল এতে অংশ নেয়।