দুই ঝড়ে তছনছ এক জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরের ঢেউয়ের তালে তালে খেলতে খেলতেই তাঁর বেড়ে ওঠা। ঈশান কোণে যখন মেঘ জমে, সমুদ্র তখন খ্যাপে ওঠে। তা নিয়ে মাথা ঘামানোর সময় কই তাঁদের, সাগর খ্যাপলে ডরানোর কী আছে? তাঁরা যে সমুদ্রের সন্তান! কিন্তু সেই সন্তানেরাই সর্বহারা হয়েছেন ঘূর্ণিঝড়ে। লিখেছেন এমিলিয়া খানম১৯৭০ সালের ১২ নভেম্বর যে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় হয়েছিল তা স্পষ্ট মনে আছে সত্যরঞ্জন জলদাসের, তখন তাঁর বয়স ১২-১৩। সেই ঝড়ে ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়েছিল, হারিয়েছিলেন দুই ভাইকে। তাঁরা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন, আর কখনো ফিরে আসেননি। এর দুই দশক পর আরেকটি ঝড় দেখেছেন সত্যরঞ্জন, ১৯৯১ সালে। সে ঝড় তাঁর সব কেড়ে নিয়েছে। সেই ভয়াল রাতের কথা বলতে গিয়ে চোখ ভিজে ওঠে সত্যরঞ্জন দাসের। বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে বাড়ি ছিল তাঁর। ঝড়ের বেগ বাড়লে পরিবার-পরিজন নিয়ে আশ্রয় নিয়েছিলেন ঘরের চালে। প্রবল ঢেউয়ে ভেসে যায় ঘরের চাল। বড় ছেলেকে জাপটে ধরে পানির গভীরে তলিয়ে যান সত্যরঞ্জন। মা-বাবা, বোন, স্ত্রী, ছোট ছেলে কোথায় তিনি জানেন না। একসময় ছেলেকে নিয়ে তাঁর পক্ষে ভেসে থাকা আর সম্ভব হয় না, ছেড়ে দেন ছেলেটিকে। ততক্ষণে পুরো শরীর ক্ষতবিক্ষত টিনের আঘাতে। এর পরের ঘটনা তাঁর মনে নেই, তবে সকালে যখন জ্ঞান ফেরে তখন নিজেকে আবিষ্কার করেন গাছের ডালে। গাছে আটকে ছিল এক টুকরা পলিথিন, তাই শরীরে জড়িয়ে স্বজনদের খোঁজে হাঁটতে থাকেন। খানিকটা দূরেই বেড়িবাঁধের ওপর বাবা-মার লাশ পান। ওই সময় লাশ পোড়ানো সম্ভব না হওয়ায় মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাধ সাধেন স্থানীয় কিছু মৌলবাদী লোকজন। শেষে লাশগুলো খালে ভাসিয়ে দেন। সত্যরঞ্জন চোখ মুছতে মুছতে বলেন, ‘বাবা-মার শেষ কর্মটা করতে পারব না—এটা কখনো ভাবিনি।’ সত্যরঞ্জন জানান, ‘আমার বাবা নকুল জলদাস ছিলেন অসীম সাহসী, তিনি ৭০-এর ঝড়ের পরে শক্ত হাতে সংসারের হাল ধরেন। ১৯৯১ সালের ঝড়ের পরে সরকারি কোনো সাহায্য-সহযোগিতা পাইনি। স্থানীয় চৌধুরী সাহেবের সাহায্যে মাথা গোঁজার ঠাঁই করেছিলাম। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ও মহাজন সেই জায়গা দখল করার জন্য উঠেপড়ে লাগেন, নির্যাতন করেন। এভাবে টিকে থাকা কঠিন, তাই ঘুরতে ঘুরতে আশ্রয় নিয়েছি কাঠঘর এলাকার মুসলিমাবাদ জেলেপাড়ায়। একজীবনে দুই ঝড় তছনছ করেছে জীবনটা। সামনে জানি না কী আছে?