
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যাত্রীবাহী লোকাল বাস চলাচল বন্ধ হয় ২০০৯ সালে। এখন চালু আছে শুধু বিরতিহীন সার্ভিস। এই গাড়িতে ওঠানামার সর্বনিম্ন ভাড়া ৩৮ টাকা। ফলে স্বল্প দূরত্বে চলাচলে যাত্রীদের ভরসা সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো। তাও টেম্পো চলাচল করে রাউজানের পাহাড়তলী পর্যন্ত। রাঙ্গুনিয়ায় শুধু অটোরিকশা। এই সুযোগে ‘গলাকাটা’ ভাড়া আদায় করছেন অটোরিকশা চালকেরা। কিলোমিটার–প্রতি ভাড়া নিচ্ছেন ১০ টাকা হারে, অথচ লোকাল বাসে নেওয়া হতো দুই টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘স্বল্প দূরত্বে চলাচলের জন্য বাস না থাকায় বিপাকে পড়ছেন সাধারণ যাত্রীরা। সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া লোকাল বাস আবার চালু করার চেষ্টা চলছে।’
২৫ ও ২৬ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, স্বল্প দূরত্বের যাত্রীরা অপেক্ষায় থাকেন সিএনজিচালিত অটোরিকশার। পেছনের আসনে ঠাসাঠাসি করে বসতে হয় তিনজনকে। তার ওপর ঝুঁকি তো আছেই। চালকের পাশে যাত্রী বসানোর কথা না থাকলেও এখন বসানো হচ্ছে দুই পাশে দুজন। ডান পাশে যাত্রী বসানোর জন্য অতিরিক্ত আসনও সংযোজন করা হয়েছে। ফলে একটি অটোরিকশায় যাত্রী থাকে পাঁচজন করে। অনেক সময় পণ্যও পরিবহন করা হচ্ছে।
রাঙ্গুনিয়া পৌর এলাকার সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা ও শিক্ষক আবু সায়েম বলেন, ‘উপজেলা সদর থেকে থানার দূরত্ব এক কিলোমিটার। এই দূরত্বের জন্য ভাড়া নিচ্ছে ১০ টাকা। অথচ লোকাল বাসে এই ভাড়া ছিল দুই টাকা। আবার সিএনজি অটোর চালকদের সঙ্গে ভাড়া নিয়ে তর্কও করা যায় না। তর্ক করলে গাড়িতে নেয় না। তাই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিচ্ছি।’ তিনি আরও জানান, যাত্রীরা বাসের চালকদের কাছেও জিম্মি। তাঁরা বিরতিহীনের নামে হয়রানি করছেন। চন্দ্রঘোনা থেকে পাহাড়তলি পর্যন্ত যাত্রী ওঠানামা করেন। অথচ বিরতিহীন বাস চন্দ্রঘোনার পর রোয়াজারহাট ছাড়া অন্য কোথাও দাঁড়ানোর কথা নয়।
চন্দ্রঘোনার কদমতলী গ্রামের বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘নানা কাজে উপজেলা সদর ও থানায় যেতে হয় প্রায় সময়। কদমতলীর চার বটতল এলাকা থেকে উপজেলার দূরত্ব তিন কিলোমিটার। এ জন্য ভাড়া নেয় ২০ টাকা। এটা তো যাত্রীদের পকেট কাটা ছাড়া কিছুই নয়। তা ছাড়া ট্যাক্সি পাওয়া মুশকিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্যাক্সি মিলে।’
অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে রোয়াজারহাট-পারুয়া অটোরিকশা সমবায় সমিতির সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘অটোরিকশায় ওঠানামা পাঁচ টাকা। এরপর জায়গা অনুযায়ী ভাড়া। আমাদের সমিতির কেউ বেশি ভাড়া নেয় না। অন্য সমিতির চালকেরা অতিরিক্ত ভাড়া নিলে আমাদের কিছু করার নেই। সিএনজি চালকদের বেশ কয়েকটি সমিতি আছে।’ তিনি জানান, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ২০ হাজারের বেশি অটোরিকশা চলাচল করছে।
যাত্রী ও বাসচালকদের সঙ্গে আলাপে জানা যায়, একজন যাত্রী বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে চন্দ্রঘোনা পর্যন্ত ৪০ কিলোমিটার দূরত্বে যেতে বাস ভাড়া নেওয়া হয় ৪৫ টাকা। আর রোয়াজার হাট এলাকায় নামলে ৩৮ টাকা। এ ছাড়া বহদ্দারহাট থেকে পাহাড়তলী পর্যন্ত ১৫ কিলোমিটারে টেম্পোতে নেওয়া হয় ৩০ টাকা। আর সিএনজি অটোতে গেলে পড়ে ৮০ টাকা। অটো–চালকদের বেশির ভাগ অদক্ষ। ফলে ঘটছে দুর্ঘটনা।
২১ সেপ্টেম্বর চার বটতলে অটোরিকশা উল্টে একজন ও ২৩ অক্টোবর নোয়াগাঁও এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা লেগে আছে।
এদিকে সিএনজি অটোচালক ও মালিকদের উপজেলা ভিত্তিক কোনো সংগঠন না থাকায় ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে। এখন যেসব সংগঠন রয়েছে তা এলাকা কেন্দ্রিক। তার সঠিক পরিসংখ্যানও নেই।
চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সূত্র জানায়, বর্তমানে বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম-চন্দ্রঘোনা, চট্টগ্রাম-ধামাইর হাট ও চট্টগ্রাম-কাপ্তাই এই তিন রুটে যাত্রীবাহী বিরতিহীন সার্ভিস চালু রয়েছে। এই তিন রুটে বাস রয়েছে ১১০টি। এর মধ্যে নিয়মিত চলাচল করে ৭০ থেকে ৬৫টি। অথচ পাঁচ বছর আগে এই বাসের সংখ্যা ছিল ১৬০টি।
লোকাল সার্ভিস বন্ধ করা প্রসঙ্গে জানতে চাইলে জেলা পরিবহন বাস ও মিনিবাস ওয়াকার্স ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস বলেন, ২০০৮ সাল থেকেই লোকাল বাসে যাত্রী কমতে থাকে। তখন হাতে গোনা কয়েকজন যাত্রী পাওয়া যেত। দিন দিন লোকসান বাড়ায় মালিকেরা বাস চলাচল বন্ধ করে দেন। এর ফলে অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কে এম আলমগীর বলেন, ‘লোকাল বাস আবার চালু করার পক্ষে আমরাও। এ জন্য প্রশাসনকে পথ তৈরি করতে হবে। যে হারে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে তাতে বাস চালানো দুরূহ হয়ে পড়েছে। এজন্য অবৈধ অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।’