
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুই যুবক উলাঅং রাখাইন ও পপুলার চাকমা দীর্ঘদিন চেষ্টা-তদবির করেও চাকরি জোটাতে পারেননি। তবে এখন বেকারত্ব ঘুঁচিয়েছেন তাঁরা। পরিণত হয়েছেন উদ্যোক্তায়। ইউনিয়ন ই-তথ্য ও সেবাকেন্দ্র পরিচালনার দায়িত্ব নিয়ে সাফল্যের দেখা পেয়েছেন। নিজেদের আয়ের টাকায় পরিবারও চালাচ্ছেন।
দীঘিনালার বোয়ালখালী(সদর) ইউনিয়নের ই-তথ্য ও সেবাকেন্দ্র থেকে উলাঅং ও পপুলার এখন মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকায় আয় করেন। কম্পিউটার প্রশিক্ষণ, ই-মেইল ও ইন্টারনেট, জন্মনিবন্ধন ফরম পূরণ, ফটোকপি, লেমেনেটিং, ছবি তোলাসহ এই সেবাকেন্দ্রে নানা সেবা পাওয়া যায়। প্রতিদিন সেবা নিতে আসেন ৫০ জনের বেশি মানুষ। বোয়ালখালী(সদর) ইউনিয়ন পরিষদের ই-তথ্য ও সেবাকেন্দ্র চালু করা হয় ২০১০ সালের ২৬ জানুয়ারি। গত বছর এই সেবাকেন্দ্রে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও দেওয়া হয়।
এই কেন্দ্রের কারণে এলাকার বাসিন্দারা ইন্টারনেট সেবা পাচ্ছেন। কম্পিউটারে দক্ষতা অর্জন করছে তরুণেরা। গত এক বছরে এ তথ্য সেবাকেন্দ্র থেকে ১১৫ জনকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। বোয়ালখালী(সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ই-তথ্য সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করেছে সরকার। পাশাপাশি বেকারত্ব দূর করার জন্য এসব কেন্দ্রের পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এলাকার শিক্ষত বেকার যুবকদের। বোয়ালখালী ইউনিয়ন ই-তথ্য সেবাকেন্দ্র থেকে প্রচুর মানুষ প্রতিদিন সেবা নিচ্ছেন। পাশাপাশি এটি দুই শিক্ষিত বেকার যুবককে স্বাবলম্বী করেছে।
দীঘিনালার বোয়ালখালী(সদর) ইউনিয়ন ই-তথ্য ও সেবাকেন্দ্রের সাফল্যের খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। এই কেন্দ্রকে জেলার শ্রেষ্ঠ ই-তথ্য ও সেবাকেন্দ্র বলে আখ্যা দিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. মাসুদ করিম।
সেবাকেন্দ্রের উদ্যোক্তা উলাঅং রাখাইন ও পপুলার চাকমা বলেন, ‘সরকারের উদ্যোগের কারণে আমরা বেকারত্ব থেকে মুক্তি পেয়েছি। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই কেন্দ্রে আসে সেবা নিতে। মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় হয়। তরুণেরা এখানে কম্পিউটার শিখছে। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কাজও করছি।’ উলাঅং রাখাইন জানান, ছয় সদস্যের পরিবার চলে তাঁর আয়ের টাকায়। পপুলার চাকমা জানান, তাঁর পাঁচ সদস্যের পরিবারও একইভাবে চলছে। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. মাসুদ করিম বলেন, ‘বোয়ালখালী (সদর) ইউনিয়ন ই-তথ্য ও সেবাকেন্দ্রটি জেলার মধ্যে শ্রেষ্ঠ। আমি নিজে তথ্য ও সেবাকেন্দ্রটি পরিদর্শন করেছি। ওদের সাফল্য দেখে এলাকার অন্য তরুণেরাও উৎসাহিত হবে।’