দুই তরুণের বদলে দেওয়ার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম আদিবাসী গ্রাম সীমানাপাড়া। গ্রামে ৮০টি পরিবারের বসবাস। প্রতিটি পরিবারেই আছে পাঁচ-সাতটি ছেলে-মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে যায় ১২ থেকে ১৩ বছর না পেরোতেই। গ্রামের দুই যুবক ভাবলেন এভাবে চলতে দেওয়া যায় না। কেবল ভেবেই ক্ষান্ত হননি, পিছিয়ে পড়া গ্রামটাকে বদলে দেওয়ার যুদ্ধও শুরু করেছেন তাঁরা।সীমানাপাড়া গ্রামের চেহারা পাল্টে দেওয়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন হজিত বিকাশ ত্রিপুরা ও ধন লাল ত্রিপুরা। উদ্যোগ নিয়েছেন বাল্য বিবাহ বন্ধের। শিশুদের বিদ্যালয়ে পাঠানো ও স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারে উদ্বুদ্ধ করছেন গ্রামের মানুষদের। গ্রামের প্রিতিময় ত্রিপুরার বিয়ে হয়েছে ১৪ বছর বয়সে। গনেত্রি ত্রিপুরা (১২), সন্তা ত্রিপুরা(১৪) ও পুঞ্জিতা ত্রিপুরার (১২) মতো বহু বালিকা বধু আছে এই গ্রামে। লেখাপড়া শিখেননি তাঁরা। দু-একজন বড়জোর প্রাথমিকের গণ্ডি পেরিয়েছেন। হজিত ও ধনলাল কাজ শুরু করার আগে পরিবার পরিকল্পনা সম্পর্কেও জানতেন না গ্রামের বেশির ভাগ মানুষ। হজিত বিকাশ ও ধনলাল এই পরিস্থিতি পাল্টে দেওয়ার জন্য গ্রামবাসীদের সঙ্গে নিয়মিত সভা করছেন। মানুষ সচেতন না হলে কোনো সাহায্যই কাজে আসে না —এমন বিশ্বাস থেকে কাজ করে যাচ্ছেন তাঁরা। সম্প্রতি এই গ্রামে গেলে কথা হয় গ্রামের বাসিন্দাদের সঙ্গে। ধীরেন মোহন ত্রিপুরা, যদু ত্রিপুরা, মল্লিকা ত্রিপুরাসহ বেশ কয়েকজন গ্রামবাসী জানান, হজিত ও ধনলালের সঙ্গে আলাপের পর তাঁরা অনেক সচেতন হয়েছেন। তাঁরা বলেন, ‘আমরা না বুঝে অল্প বয়সে মেয়ের বিয়ে দিয়েছি, অধিক সন্তান নিয়েছি, শিশুদের স্কুলে পাঠাইনি। হজিত ও ধন লাল আমাদের চোখ খুলে দিয়েছে।’গ্রামবাসীরা জানান এখন এই গ্রামে বাল্য বিয়ে হয় না। প্রসূতি নারীরা আগে টিকা নিতেন না। এখন নিচ্ছেন। দুই যুবক তাগিদ দেওয়ায় গ্রামে স্বাস্থ্যকর্মীরাও আসতে শুরু করেছেন। হজিত বিকাশ ত্রিপুরা ও ধন লাল ত্রিপুরা বলেন, ‘একবার দু-বার সভা করে এমন পরিবর্তন এসেছে তা নয়। অভ্যাসের গণ্ডি ছেড়ে বের হতে মানুষের সময় লাগে। এ জন্য লেগে থাকতে হয়েছে। এখনো সবাই সচেতন হয়েছেন এমন নয়।’গ্রামে আগে কোনো বিদ্যালয় ছিল না। ব্র্যাক প্রতিষ্ঠিত একটি জরাজীর্ণ ঘরে কোনো রকমে শিশুদের পাঠদান করা হতো। বর্তমানে সেভ দ্যা চিলড্রেন-এর সহায়তায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ৩৪ জন শিশুকে হজিত ত্রিপুরা ও ধন লাল পাঠদান করছেন। হজিত ও ধনলাল বলেন, ‘আমরা স্নাতক ডিগ্রি নিয়েও গ্রামে পড়ে আছি। গ্রামের মানুষের প্রতি দায়বোধ থেকে এখানে রয়ে গেছি।’ দুজনেই ছাত্র পড়িয়ে আয় করেন মাত্র এক হাজার ৮০০ টাকা। এ টাকা দিয়ে সংসার চলে না। তবু গ্রামে পরিবর্তন আসছে। তাঁরা কিছু করতে পারছেন এই আনন্দেই কাজ করে যাচ্ছেন।’