এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস হতে চাই পেতে চাই অনুষ্ঠানে ২ নভেম্বর অতিথি হয়ে এসেছিলেন রহমান মোস্তফা আলম অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার মো. মোস্তাফিজুর রহমান এফসিএ। কথা বলেছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বিষয়েকথাবন্ধু: সিএ (চার্টার্ড অ্যাকাউন্টেন্সি) পাস কারর জন্য সাধারণত দেখা যায় একটু বেশিই সময় লাগে। কোর্সটিকে কীভাবে ভাগ করেন?মো. মোস্তাফিজুর রহমান: আসলে সিএ পড়তে সময় লাগে এ কথাটা শতভাগ ঠিক, সেটা বলব না। আবার ঠিক না, তাও না। আমাদের পেশায় আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলব, এ পেশায় আমরা গুণী ছাত্র সব সময় পাই না। এমনও দেখা গেছে, দুই-তিন বছরের মধ্যে কোর্স শেষে পাস করে বের হয়ে যাচ্ছে। এটা এমন কোনো কঠিন বিষয় নয়, যদি আপনি খুব মনোযোগী হন। পাস করার জন্য সময় দিতে হবে, ইচ্ছাশক্তি থাকতে হবে। পড়াশোনায় মনোযোগী হয়ে পাস করতেই হবে—এ মনোভাব থাকাটা জরুরি। ইচ্ছা থাকলে দুই-তিন বছরের মধ্যেই সিএ পাস করা যায়।কথাবন্ধু: প্রচলিত একাডেমিক পড়াশোনার সঙ্গে এর পার্থক্য কেমন?মো. মোস্তাফিজুর রহমান: পার্থক্য তো অনেক। যেমন পেশাদার সিএ পড়তে গেলে নিবন্ধন হওয়ার পর আপনি যেকোনো একটি ফার্মের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। শুরু হয়ে যাবে ব্যহারিক কাজ। যেকোনো সিএ ফার্মের সঙ্গে কিন্তু যুক্ত হতে হবে। এই ফার্মগুলোকে নিয়ন্ত্রণ করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ, সংক্ষেপে আইসিএবি। এ ফার্মগুলোতে শিক্ষার্থীকে অডিট ও অ্যাকাউন্টিং করতে, নানা রকম কনসালটেন্সি করতে আমরা পাঠাই। তাদের ব্যবহারিক অভিজ্ঞতা সেখানে হয়, যেটা একাডেমিক ক্ষেত্রে সুযোগ নেই। ফলে কোর্স শেষ করার পর পাস না করলেও তারা ভালো চাকরি পেয়ে যায়। কথাবন্ধু: সিএর মতো এই রকম পেশাদার পড়াশোনা আর কী আছে?মো. মোস্তাফিজুর রহমান: এখানে দেখছি, সবচেয়ে বেশি কাছাকাছি হচ্ছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অব বাংলাদেশ (আইসিএমএবি)। এটাই আমাদের এখানে আগে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। এখন এসিসিএ একটা কোর্স হচ্ছে। এখানে পরীক্ষা হলেও পরিচালনা করা হয় লন্ডন থেকে। মনে হয়, এটার শেষের দিকে লন্ডনেও যেতে হয়। এ ছাড়া সেক্রেটারিয়েল একটা কোর্স হয়। সিপিএ হয় অনেক দেশে কিন্তু আমাদের দেশে সিপিএ নেই।কথাবন্ধু: চার্টার্ড অ্যাকাউনটেন্সি কোন কোন ফার্ম থেকে করানো হয়?মো. মোস্তাফিজুর রহমান: এটা আসলে সব ফার্ম থেকেই করানো হয়। তবে এখানে আইসিএবি থেকে আর্টিকেল স্টুডেন্ট ট্রেইনিং একটা সার্টিফিকেট পেতে হয়। আমি যে ছাত্র পড়াব, সেই যোগ্যতা থাকতে হবে। এ রকম ১৭০টি প্রতিষ্ঠান আছে, যারা সিএ পড়ায়। কথাবন্ধু: এখানে শিক্ষাগত যোগ্যতাটা কেমন হবে?মো. মোস্তাফিজুর রহমান: উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে দুটি এ+ যারা পায়, তাদের আমরা দুই বছর ধরে সুযোগ দিয়েছি। উচ্চমাধ্যমিক শেষে তারা আসতে পারে। তবে তাদের কোর্সটা হবে চার বছর। আবার এ লেভেল এবং ও লেভেল শেষে ৬০ পয়েন্ট থাকলে তাদেরও চার বছরের কোর্স করার সুযোগ আছে। তবে এ লেভেলে যে ছাত্ররা তিনটি ‘এ’ পায়, তাদের জন্য ছয় মাসের ছাড় আছে। পোস্ট গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট যারা, তাদের জন্য তিন বছরের কোর্স। তবে তাদের ৬০ পয়েন্ট থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণী থাকা যাবে না। গ্রন্থনা: সাইফ উদ্দিন