আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কক্সবাজারের মহেশখালী উপজেলার সাত ইউনিয়নে বড় দুই দল—আওয়ামী লীগ ও বিএনপির একাধিক চেয়ারম্যান পদপ্রার্থী নিয়ে নেতা-কর্মীরা চরম বেকায়দায় পড়েছেন। বিএনপির সঙ্গে কোনো আলোচনা না করে জামায়াতে ইসলামী দুই ইউনিয়নে দলীয় প্রার্থী দিয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সাত ইউনিয়নে ৪৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ১৯ জন, বিএনপি সমর্থিত নয়জন, জামায়াতে ইসলামী সমর্থিত পাঁচজন ও ১৩ জন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হলেন—মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ উল্লাহ, রুহুল আমিন, এনামুল হক চৌধুরী, কালারমারছড়াতে মোহাম্মদ ওচমান গনি, মোহাম্মদ সেলিম চৌধুরী, মোহাম্মদ হাসান বশির, হোয়ানকে শাহাব উদ্দিন, মোহাম্মদ মীর কাসেম, মোহাম্মদ সরওয়ার কামাল, আলী আহমদ, বড় মহেশখালীতে মোহাম্মদ শরীফ বাদশাহ, এম মহসিন আনোয়ার, ধলঘাটাতে কামরুল হাসান, আহসান উল্লাহ, সাইদুল আলম, কুতুবজোম ইউনিয়নে মোহাম্মদ নুরুল আমিন ও ছোট মহেশখালীতে মোহাম্মদ আলী, জহিরুল ইসলাম সিকদার। বিএনপি সমর্থিত প্রার্থীরা হলেন—মাতারবাড়িতে বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা নুরুল ইসলাম, সাইফুল কাদের চৌধুরী, রফিকুল ইসলাম, কালারমারছড়ায় মীর কাসেম চৌধুরী, হোয়ানকে বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা আবু তাহের সিকদার, মাহবুবুল আলম, ধলঘাটাতে বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা মকবুল আহমদ, কুতুবজোম ইউনিয়নে সাজ্জাদ বোরহান উদ্দিন, মোহাম্মদ শফিউল আলম, ছোট মহেশখালীতে বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ ও সিরাজুল মোস্তফা। জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা হলেন—কালারমারছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামায়াতের নেতা জাবের আহমদ চৌধুরী, হোয়ানকে মোহাম্মদ আব্দুর রহমান, বড় মহেশখালীতে মোহাম্মদ কাসেম, ধলঘাটাতে আব্দুল মান্নান, ছোট মহেশখালীতে অ্যাডভোকেট মোহাম্মদ কবির হোসেন। এদিকে, দলের ভেতরে একাধিক প্রার্থী হওয়ায় বিপাকে পড়েছেন নেতা-কর্মীরা। মাঠে একাধিক প্রার্থী থাকায় অনেকেই প্রকাশ্যে দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে পারছেন না। আবার অনেককে প্রকাশ্যে বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করতে দেখা গেছে। কালারমারছড়া ইউনিয়নের ইনুছখালীর বাসিন্দা আব্দুর রহিম, কামাল হোসেন ও মনির হোসেন জানান, একক প্রার্থী থাকলে দলীয় নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করতেন। কিন্তু আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় কারও পক্ষে গিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না। ফলে সাধারণ নেতা-কর্মীরা হতাশ। মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন ও হারুন রশিদ বলেন, বিএনপি থেকে তিন নেতা চেয়ারম্যান পদে নির্বাচন করলেও নেতা-কর্মীরা প্রকাশ্যে কারও পক্ষে কাজ করছেন না। তাঁরা বিএনপি থেকে একক প্রার্থী দেওয়ার দাবি জানান।উপজেলা জামায়াতে ইসলামীর আমির (দক্ষিণ) মোহাম্মদ জাকের হোসেন বলেন, দলীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সাতটি ইউপি নির্বাচনের মধ্যে ছোট মহেশখালী ও কালারমারছড়ায় জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী দেওয়া হয়েছে। তাঁদের পক্ষে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম প্রথম আলোকে বলেন, জামায়াতে ইসলামী চারদলীয় ঐক্যজোটের অন্যতম শরিক হলেও বিএনপির সঙ্গে আলোচনা না করে দুই ইউনিয়নে জামায়াতের দলীয় প্রার্থী দিয়েছে। এ নিয়ে বিএনপির নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, ইউপি নির্বাচনে বিএনপি থেকে একক প্রার্থী দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে। দলীয় প্রার্থী নির্ধারণ করার জন্য ইউনিয়ন কমিটির মতামত নেওয়া হচ্ছে। তবে দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত পেলে ইউপি নির্বাচনে বিএনপি থেকে দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে বলে বিএনপির সভাপতি নুরুল আলম জানিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান বলেন, দলের একাধিক প্রার্থী হওয়ায় সাধারণ নেতা-কর্মীরা দ্বিধায় পড়েছেন। কিন্তু ইউপি নির্বাচনে দল থেকে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন্দ্র থেকে এখনো সিদ্ধান্ত আসেনি। মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক বলেন, ‘ইউপি নির্বাচনে কেউ দলের ব্যানারে নির্বাচন বা প্রচারণা চালালে তাঁর মনোনয়ন বাতিল করা হবে। কারণ এটা নির্দলীয় নির্বাচন।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ৩১ মার্চ উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।