দুই প্রধান দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে। পাঁচ কাউন্সিলর প্রার্থীর মধ্যে তিনজন আওয়ামী লীগ-সমর্থিত ও দুজন বিএনপির।
ভোটাররা জানান, একাধিক প্রার্থী থাকলেও গতবারের মতো এবারও লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। তবে দুই দলের প্রার্থীদের গৃহবিবাদও মোকাবিলা করতে হবে। পাশাপাশি ওয়ার্ডের সমস্যা সমাধানের প্রতিও আন্তরিক হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এই ওয়ার্ডের ভোটার শেখ মহিউদ্দিনের মতে, কাউন্সিলর নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান কাউন্সিলর ও বিএনপি প্রার্থীর মধ্যে। নিয়ামক হিসেবে কাজ করবে এলাকার নানা সমস্যা। এর মধ্যে মাদক ও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি অন্যতম।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪৪ হাজার ৭৮৪। এর মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৮২ ও নারী ২০ হাজার ৯০২ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৪টি।
গত নির্বাচনে বিএনপির আবদুল হালিম ওরফে শাহ আলমকে প্রায় সাড়ে ৮০০ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের আবুল ফজল কবির আহমেদ ওরফে মানিক। শাহ আলম এবারও প্রার্থী হয়েছেন। তবে তিনি এখন কারাগারে রয়েছেন।
শাহ আলমের বিরুদ্ধে ১৮টি মামলা বিচারাধীন আছে। এখানে বিএনপির অপর প্রার্থী হচ্ছেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কাসেম। তিনি সাবেক কাউন্সিলর।
আবুল ফজল কবির আহমেদ টানা দুবারের কাউন্সিলর। যুবলীগের দুই নেতা তৌহিদ আজিজ ও মো. সহীদুল ইসলামও প্রার্থী হয়েছেন। দলীয়ভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হলেও কোনো প্রার্থীই তা মানছেন না বলে দলীয় সূত্রে জানা গেছে।
আবুল ফজল কবির আহমেদ বলেন, ‘আমার দলের একাধিক প্রার্থী রয়েছে। মনে করি না এটা আমার জন্য কোনো সমস্যা হবে। আমি এলাকার জন্য কাজ করেছি। আমার সঙ্গে জনগণ রয়েছে।’
কবির আহমেদ কাজ করেছেন দাবি করলেও বাসিন্দাদের অভিযোগের শেষ নেই। মো. শামীম নামের এক বাসিন্দা বলেন, আমাদের এখানে পানির সংকট রয়েছে। যারা ভবনের মালিক তাদের সবার গভীর নলকূপ রয়েছে। কিন্তু যারা নিম্নমধ্যবিত্ত তাদের পানির কষ্ট পেতে হয়।
এলাকাবাসীর অভিযোগ, সবাই নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনের পর সমস্যাগুলোর প্রতি আন্তরিক থাকেন না। নতুন প্রার্থীরাও বাসিন্দাদের সমস্যা নিয়ে একমত।
বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. আবুল কাসেম বলেন, ‘এলাকার রাস্তাঘাট ও নালা-নর্দমার কোনো উন্নয়ন হয়নি। কোনো কাজ করেনি আমার পরের কাউন্সিলররা। আমি নির্বাচিত হয়ে আবার উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে চাই।’
অপর দলীয় প্রার্থী সম্পর্কে আবুল কাসেম বলেন, ‘শাহআলমকে আমি গতবার সমর্থন দিয়েছিলাম। জয়ী হতে পারেনি। এখন সে জেলে। সে তেমন কোনো সমস্যা হবে না।’
অপর প্রার্থী যুবলীগ নেতা মো. সহীদুল ইসলাম বলেন, ‘এলাকায় পানি, ঝুঁকিপূর্ণ অবৈধ বসতি, মাদক ও আবর্জনাসহ অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য আন্তরিকতা দরকার। যদি আন্তরিক হওয়া যায় তাহলে কাজ করার অনেক জায়গা রয়েছে।’