বোয়ালখালীতে আওয়ামী লীগ ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘ দিনের। নেতৃত্ব নিয়ে দুই দলেই রয়েছে চাপা ক্ষোভ। আর এ কোন্দলের প্রভাব পড়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই দলেই রয়েছে একাধিক প্রার্থী। এ নিয়ে বেকায়দায় পড়েছে দল দুটি। তবে সাত ইউনিয়নের মধ্যে দুই ইউনিয়নে বিএনপির একক প্রার্থিতা থাকায় ওই দুই ইউনিয়নে দলটির অবস্থান কিছুটা সংশয়মুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। উপজেলার সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬১ জন ও সাধারণ সদস্য পদে ২৯৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।আওয়ামী লীগ ও বিএনপির সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে বিএনপির চেয়ে সরকারি দল একাধিক প্রার্থী নিয়ে বেকায়দায় রয়েছে। প্রতিটি ইউনিয়নে রয়েছে প্রার্থীজট। দল ক্ষমতায় আসায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল আলম বলেন, ‘একক প্রার্থী রাখার ব্যাপারে নিজ নিজ এলাকায় বৈঠক হচ্ছে। দু-একদিনের মধ্যে একটি ঘোষণা আসতে পারে।’ সবাই তো মাঠে আটঘাট বেঁধে নেমে পড়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের আগের দিনও এক প্রার্থীর নাম ঘোষণার সুযোগ রয়েছে।’ এদিকে বিএনপির বিভিন্ন পক্ষের মধ্যে সাপে-নেউলে সম্পর্ক। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি ঐক্য প্রক্রিয়া শুরু হলেও তা আবার ভেস্তে যায়। বিএনপি এখন তিন ধারায় বিভক্ত।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ খান বলেন, ‘মোর্শেদ খানের নেতৃত্বে সবাই কাজ করছে।’ দল একক সিদ্ধান্ত দিলেও এখনো বিভিন্ন ইউনিয়নে একাধিক প্রার্থী রয়ে গেছে স্বীকার করে তিনি বলেন, ‘দলের তৃণমূল নেতা-কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন। কৌশলগত কারণে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।’ খোঁজ নিয়ে জানা গেছে, শাকপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী ঘরানার আবদুল মান্নান, আবদুর রউফ, গিয়াস উদ্দীন, বিকাশ কান্তি চৌধুরী। বিএনপি ঘরানার শওকত আলী ও আবদুল মান্নান চৌধুরী।সারোয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থক মো. বেলাল হোসেন (বর্তমান চেয়ারম্যান), নুরুল আমিন চৌধুরী ও শওকত ওসমান। বিএনপির এম নূর মোহাম্মদ ও মো. এয়াকুব চৌধুরী, জসিম উদ্দিন (স্বতন্ত্র)।পোপাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের এস এম জসিম (বর্তমান চেয়ারম্যান), এস এম জহিরুল আলম চৌধুরী, মামুনুর রশিদ, বিশ্বজিৎ চৌধুরী, লিটন দাশ, জামায়াতের সাইয়্যেদ মো. আলী, স্বতন্ত্র সৈয়দুল আলম, বিএনপির ইকবাল পাশা ও তাঁর শ্যালক এস এম বয়ানুর রহমান।চরণদ্বীপ ইউনিয়নে আ.লীগের আকতার উদ্দিন তালুকদার, রফিক উদ্দীন, মঈন উদ্দীন, আলী আজম, শামসুল আলম, জি এম বাবর চৌধুরী, শফিউল হুদা, ইসলামী ফ্রন্টের শোয়েব রেজা, শফিউল হুদা। বিএনপির মুজিবত উল্লাহ, আইয়ুব খান, রহমত আলী চৌধুরী। শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে বিএনপির (সাকা চৌধুরী অংশ) আজিজুল হক (বর্তমান চেয়ারম্যান), তাঁর স্ত্রী খুরশিদা বেগম, (মোর্শেদ খান অংশ) ও মো. আবদুল্লাহ। আওয়ামী লীগের মোহাম্মদ মোকাররম, ইসমাইল হোসেন, নুরুল হুদা, কুতুব উদ্দীন (ইসমাইলের আপন ভাই), নুরুল করিম। আমুচিয়া ইউনিয়নে বিএনপির এম এ মন্নান, জামায়াতের মো. ইকবাল, আওয়ামী ঘরানার শাহনেওয়াজ হায়দার শাহীন, বিকাশ ঘোষ, কাজল দে, অলক ভট্টাচার্য্য, মো. ইফরান, পল্বব ভট্টাচার্য মাছলেম উদ্দীন চৌধুরী। করলডেঙ্গা ইউনিয়নে বিএনপির নজরুল ইসলাম ওরফে বাচা চেয়ারম্যানের স্ত্রী শামীম আরা সিদ্দিকা, তাঁর ছোট ভাই হামিদুল হক, আওয়ামী লীগ ঘরানার আবদুল ওয়াদুদ, আবু হেনা, মো. মোস্তাফা কামাল, মনছুর আহমদ, জাতীয় পার্টির দিদারুল ইসলাম চৌধুরী।