দুই দলেই বিদ্রোহীর চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আকবর হোসেন চৌধুরী (বাঁয়ে) ও বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আকবর হোসেন চৌধুরী (বাঁয়ে) ও বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান

রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থীর চাপে রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। দলের বাইরে গিয়ে নির্বাচন করলে বহিষ্কার করা হবে—এমন সতর্কবাণীতেও কোনো কাজ হচ্ছে না। দুই দলের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনে লড়ার ব্যাপারে অনড়।
আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন আকবর হোসেন চৌধুরী। আর মনোনয়নপ্রত্যাশী হাবিবুর রহমান দলের সমর্থন না পেয়ে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন। অপরদিকে বিএনপিতে মনোনয়ন পেয়েছেন মো. সাইফুল ইসলাম চৌধুরী। বিদ্রোহী প্রার্থী হয়েছেন রবিউল আলম। তবে একক প্রার্থী রয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির। দলটি থেকে লড়ছেন গঙ্গা মানিক চাকমা।
দুই দলের নেতা-কর্মীরা জানান, আকবর হোসেন চৌধুরী দলে এবং সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়। বয়সে নবীন হলেও দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত। ছিলেন জেলা ছাত্রলীগের নেতৃত্বে। বর্তমানে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। অপরদিকে আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য হাবিবুর রহমান ১৯৯৯ ও ২০০৪ সালের পৌরসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। তাঁর সময়ে পৌরসভায় বেশ উন্নয়নের কাজ হয়েছে। গত পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে নির্বাচন করেননি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন তৃতীয়।
রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পরপর দুই মেয়াদে নির্বাচিত কাউন্সিলর ও বিএনপির জেলা কমিটির সদস্য রবিউল আলম। মেয়র পদে নির্বাচনের দীর্ঘ প্রস্তুতির পরও দলীয় মনোনয়ন পাননি। সে কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। মো. সাইফুল ইসলাম চৌধুরী বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি। বিরোধী দলের নেতা হওয়ায় গত মেয়াদে অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়েছে তাঁকে।
দুই দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্রোহী প্রার্থীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। বিদ্রোহীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার করা হবে। জেলা সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বরের নেতৃত্বে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্রোহ থামাতে।

বিএনপির মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম চৌধুরী (বাঁয়ে) ও বিদ্রোহী প্রার্থী রবিউল আলম
বিএনপির মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম চৌধুরী (বাঁয়ে) ও বিদ্রোহী প্রার্থী রবিউল আলম

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর বলেন, ‘আমরা তাঁকে সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি। আশা করি তিনি দলের স্বার্থে দলের সিদ্ধান্ত মেনে নেবেন। তা না হলে পরবর্তী দলীয় সভায় একটা সিদ্ধান্ত আসবে।’
জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। দল কী সিদ্ধান্ত নেবে তা তাদের ব্যাপার। দলের একটি প্রতিনিধিদল আমার কাছে এসেছে। আমি তাঁদের আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।’
একইভাবে বিএনপির বিদ্রোহী প্রার্থী রবিউল আলমকে বিভিন্নভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর চেষ্টা হচ্ছে। জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, ‘আমরা রবিউল আলমকে বুঝিয়েছি। কেন্দ্র থেকেও তাঁকে জানানো হবে। তারপরও যদি মনোনয়নপত্র প্রত্যাহার না করেন তাহলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত হবে।’
রবিউল আলম বলেন, ‘আমি নির্বাচন করবই। দল আমাকে অনেক চাপ সৃষ্টি করছে। তবে আমি সরে দাঁড়াচ্ছি না। বিগত সময়ে আমি তৃণমূল পর্যায়ে অনেক কাজ করেছি। তাঁরা আমাকে উৎসাহ দিয়েছেন মেয়র পদে নির্বাচন করতে। এখন যদি সরে দাঁড়াই তাঁদের সঙ্গে বেইমানি করা হবে।’ তবে বিদ্রোহীদের কারণে দলীয় প্রার্থীর খুব বেশি ক্ষতি হবে না বলে দাবি করেন দুই দলের নেতারা।