চট্টগ্রাম ও খাগড়াছড়িতে উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে দুই বড় দলই চাপে রয়েছে। নির্বাচনের প্রথম দফায় চট্টগ্রামের মিরসরাই, হাটহাজারী এবং খাগড়াছড়ির ছয়টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে অন্তত পাঁচটি উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন। ১৭ ফেব্রুয়ারি এই আট উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
হাটহাজারীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইলকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি। তবে এখানে আওয়ামী লীগের আরও দুই বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আবুল মনসুর ও ফয়েজুল ইসলাম। অন্যদিকে এখানে উত্তর জেলা বিএনপির সহসভাপতি চাকসুর ভিপি নাজিম উদ্দিনের পাশাপাশি প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম।
জানতে চাইলে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী বলেন, ‘সমঝোতার প্রক্রিয়া চলছে। ওখানে আমাদের তিনজন সিনিয়র নেতা রয়েছেন। মীর নাছির, ওয়াহিদুল আলম ও ফজলুল হক। তাঁদের মধ্যে দুজন যেদিকে বলেন, সেভাবেই প্রার্থিতা নির্ধারণ হবে।’ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হলেও একজনকে প্রার্থী করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
মিরসরাইয়ে বিএনপি একক প্রার্থী দিলেও মাঠে রয়েছেন আওয়ামী লীগের দুজন। তাঁরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান।
দলীয় সভানেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে একক প্রার্থী দেওয়ার নির্দেশ দিলেও তা কার্যকর করা যায়নি। জানতে চাইলে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম বলেন, মিরসরাইতে আমাদের দুজন প্রার্থী রয়েছেন। ওটা ওপেন। যে জিতে আসবে আসুক। অন্যদিকে হাটহাজারীতে একক প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল। অপর দুজন আওয়ামী লীগের প্রার্থী নন।’
খাগড়াছড়ি: উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে খাগড়াছড়ি জেলার ছয়টি উপজেলার মধ্যে অন্তত তিনটি উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। একইভাবে দুটিতে রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না।
পানছড়ি উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হলেন বকুল চন্দ্র চাকমা। একই দল থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জিমি চাকমা। মহালছড়ি উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হলেন নিলোৎপল খীসা। এ উপজেলায় বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি ক্যজাই মারমা। রামগড় উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হলেন জেলা কমিটির উপদেষ্টা এ কে এম আলীম উল্লাহ। এ উপজেলায় বিদ্রোহী প্রার্থী হিসেবে কাজী মোহাম্মদ সেলিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির মানিকছড়ি উপজেলায় দলের সমর্থন পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন উপজেলা কমিটির সহসভাপতি এস এম রবিউল ফারুক। রামগড় উপজেলায় বিএনপির সমর্থন পেয়েছেন শহীদুল ইসলাম ভূঁইয়া। এ উপজেলায় বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন জেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূঁইয়া ও ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিয়াজ উদ্দিন।
বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম বলেন, ‘আমাদের দলে বিদ্রোহী প্রার্থী বলে কেউ নেই। দল একজনকেই সমর্থন দিয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করলে তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে।’
জেলা বিএনপির সহসভাপতি মণীন্দ্র লাল ত্রিপুরা বলেন, যাঁরা দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের বিরুদ্ধে দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।