দুই দলেই 'বিদ্রোহী' প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীর সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী। এ নিয়ে নেতা-কর্মীরা রয়েছেন বিপাকে। অবশ্য ‘বিদ্রোহী’ প্রার্থীরা নিজেদের পরিচয় দিচ্ছেন স্বতন্ত্র হিসেবে।
তফসিল অনুযায়ী, ২২ মার্চ উপজেলার সাত ইউপিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
দুই দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় প্রতীকে নির্বাচন হলেও স্বতন্ত্র হিসেবে নির্বাচন করা বিদ্রোহী প্রার্থীরা ভোটের হিসাব পাল্টে দিতে পারেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২২ ফেব্রুয়ারি সাত ইউপিতে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত ২১ নারী সদস্য পদে ৯১ জন ও ৬৩টি সাধারণ সদস্য পদে ৪০৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গত ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে বিএনপির একজনসহ দুজন চেয়ারম্যান পদপ্রার্থী ও ১১ জন সাধারণ সদস্য পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। পরে প্রত্যাহারের শেষ দিন ২ মার্চ মাতারবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ রুহুল আমিন ও হোয়ানক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এখন সাত ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন ৩৬ জন। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাতজন, ‘বিদ্রোহী’ প্রার্থী চারজন। বিএনপির দলীয় প্রার্থী ছয়জন, ‘বিদ্রোহী’ তিনজন। অন্যদিকে, জাতীয় পার্টির তিনজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দুজন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একজন ও স্বতন্ত্র ১০ জন। তবে বড় মহেশখালী ইউনিয়নে বিএনপির প্রার্থী নেই। এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশাহ।
দলের নেতা-কর্মীরা জানান, মাতারবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে এনামুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ ও আওয়ামী লীগ–সমর্থক মোহাম্মদ কাউসার সিকদার নির্বাচন করছেন। তবে বিএনপিতে প্রার্থী রয়েছেন একজনই—নাছির উদ্দিন মোহাম্মদ বাবর চৌধুরী।
মোহাম্মদ উল্লাহ বলেন, ‘টানা ২৫ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু মাঠ পর্যায়ে জনপ্রিয়তা থাকার পরও দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। তাই তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে আমি নির্বাচন করছি।’
ছোট মহেশখালী ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মো. জিহাদ বিন আলীকে মনোনয়ন দিলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ–সমর্থক আবদুস সামাদ। একই অবস্থা বিএনপির। বিএনপি থেকে নুরুল হুদাকে দলীয় প্রার্থী ঘোষণা করলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন জেলা যুবদলের সদস্য ও বর্তমান চেয়ারম্যান সিরাজুল মোস্তফা।
সিরাজুল বলেন, ‘গতবার বিএনপির সমর্থন নিয়ে আমি নির্বাচনে জয়ী হয়েছি। এবারও দলীয় মনোনয়ন চেয়ে পায়নি। তার পরও তৃণমূলের নেতা-কর্মীরা আমার সঙ্গে থাকবেন।’
হোয়ানকে আওয়ামী লীগের মোহাম্মদ মোস্তফা কামাল একক প্রার্থী থাকলেও বিএনপিতে রয়েছেন দুজন বিদ্রোহী প্রার্থী। হোয়ানকে বিএনপির মনোনয়ন পেয়েছেন এনামুল করিম। বিদ্রোহী প্রার্থী হয়েছেন আমান উল্লাহ ও মাহাবুব আলম।
এদিকে মাঠে বিদ্রোহী প্রার্থী না থাকায় অনেকটা সুবিধাজনক অবস্থানে আছেন কুতুবজোম, ধলঘাট ও কালারমারছড়ার প্রার্থীরা। কুতুবজোমে আওয়ামী লীগের প্রার্থী মোশাররফ হোসেন, বিএনপির শফিউল আলম। ধলঘাটে আ.লীগের কামরুল হাসান, বিএনপির সরোয়ার আলম। কালারমারছড়ার আ.লীগের তারেক বিন ওচমান শরীফ, বিএনপির এখলাছুর রহমান।
বিদ্রোহী প্রার্থী সম্পর্কে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম বলেন, দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ কাজ করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ নেই। বিদ্রোহীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে কাজ না করলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে জাতীয় পার্টি থেকে নির্বাচন করছেন কুতুবজোমে মোহাম্মদ সোহেল, বড় মহেশখালীতে মাহবুব আলম, ছোট মহেশখালীতে সিরাজুল মোস্তফা ও ধলঘাটে নুরুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কালারমারছড়া ইউনিয়নে মো. সেলিম উদ্দিন ও মাতারবাড়ী ইউনিয়নে মো. ইলিয়াছ প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে গরুর গাড়ি প্রতীক নিয়ে কুতুবজোম ইউনিয়নে নির্বাচন করছেন শহীদুল ইসলাম।