দুই দশক পর রক্তাক্ত ফটিকছড়ি
দুই দশক পর আবার রক্তাক্ত সহিংসতা ফিরে এল ফটিকছড়িতে। ১১ এপ্রিল এ সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের তিনজন মারা যাওয়ার পাশাপাশি আহত হয়েছেন সংগঠনের শীর্ষপর্যায়ের নেতারা। আহত হয়েছেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৈয়ব বাহিনী প্রধান আবু তৈয়বও।স্থানীয় লোকজনের ধারণা, আওয়ামী লীগ এ ঘটনার প্রতিশোধ নিতে চাইলে আগামী দিনে এ অঞ্চলে আরও হতাহতের ঘটনা ঘটতে পারে। এতে আবারও রক্তাক্ত হয়ে উঠতে পারে একসময়ের ‘সন্ত্রাসের জনপদ’ হিসেবে পরিচিত ফটিকছড়ি।স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ফটিকছড়ি অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে গিয়েই উত্থান হয় ছাত্রলীগের তৈয়ব বাহিনী আর ছাত্রশিবিরে নাসির বাহিনীর। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার বন্দুকযুদ্ধে হতাহত হয়েছে লোকজন। তবে সেখানে শক্ত অবস্থান গড়ে তোলে জামায়াত। ১৯৯১ সালে নাসির ও তৈয়বের অনুসারীদের মধ্যে বন্দুকযুদ্ধে ভুজপুরের কাজিরহাটে তিন পথচারী নিহত হন। ওই ঘটনার পর নাসির বাহিনী উত্তর ফটিকছড়ি থেকে বিতাড়িত হলেও এলাকার নিয়ন্ত্রণ পুরোপুরি আওয়ামী লীগ নিতে পারেনি।এবার শিবিরের নাসির কারাগারে আটক থাকলেও স্থানীয় জামায়াতে ইসলামী আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে এলাকাবাসীকে উসকে দিয়েছে মসজিদকে ব্যবহারের মাধ্যমে। ছাত্রশিবিরের নাসির বর্তমানে চট্টগ্রাম কারাগারে আটক আছেন। আর আবু তৈয়ব এখন ফটিকছড়ির রাজনীতিতে পুরোপুরি সক্রিয়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের ডাকা হরতালগুলোতে যানবাহন চলাচল ও দোকানপাট খোলার বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীরা কঠোর অবস্থান নেন। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ১১ এপ্রিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো ঘোষণা দিয়েই মিছিল নিয়ে মাঠে নামে। নেতৃত্ব দেন গত নির্বাচনে ফটিকছড়িতে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম। বিভিন্ন এলাকা ঘুরে কাজিরহাট গিয়েই তাঁরা হামলার শিকার হন।স্থানীয় লোকজন জানান, হরতালবিরোধী মিছিলের ব্যাপারে আগে থেকেই আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল। ফলে জামায়াত পূর্বপরিকল্পিতভাবে হামলা চালাতে পেরেছে। জোহরের নামাজের পর কাজিরহাট জামে মসজিদের মাইকে বারবার ঘোষণা দেওয়া হয়, তৈয়ব বাহিনীর সন্ত্রাসীরা মসজিদে হামলা করতে আসছে। এমন কথা শুনে কিছুক্ষণের মধ্যেই কাজিরহাট এলাকায় লোকজন জড়ো হয়। ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে তিনজনকে আটকে মারার সময় হামলাকারী জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ‘নারায়ে তকবির’ এবং ‘বিপ্লব বিপ্লব ইসলামি বিপ্লব’ বলে স্লোগান দেন। আওয়ামী লীগের নেতারা জানান, ওই দিন জামায়াতের হামলার আগে তাঁদের ধারণাই ছিল না যে এখানে জামায়াত এভাবে সংগঠিত হয়েছে। আগে ক্যাডার দিয়ে এলাকার নিয়ন্ত্রণ রাখলেও এবার জামায়াত মসজিদকে ব্যবহার করে এলাকার মানুষকে আওয়ামী লীগের বিরুদ্ধে উসকে দিয়েছে। এ ক্ষেত্রে ভুজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমির শফিউল আলম নূরীই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান প্রথম আলোকে বলেন, ‘উত্তর ফটিকছড়িতে হরতালবিরোধী কর্মসূচিতে আমাদের নেতা-কর্মীরা ছিলেন পুরোপুরি নিরস্ত্র। এ সুযোগে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা বর্বরভাবে হামলা চালিয়ে আমাদের ছেলেদের খুন করেছে।’ঘটনার দিন সন্ধ্যায় শফিউল আলম নূরী কাজিরহাট এমদাদুল উলুম মাদ্রাসায় বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। ওই সময় তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, ‘পুলিশের গুলিতে আমাদেরও এক কর্মী নিহত হয়েছেন।’ এ সময় তাঁর আশপাশে ছিলেন ছাত্রশিবিরের স্থানীয় নেতা-কর্মী আর মাদ্রাসার শিক্ষক। সংঘর্ষের পরদিন পুলিশ নূরীকে গ্রেপ্তার করেছে।ফটিকছড়ির ২০টি ইউনিয়নের মধ্যে সদরের তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে পৌরসভা। অবশিষ্ট ১৭ ইউনিয়নের মধ্যে উত্তরের ভুজপুর, হারুয়ালছড়ি ও সুন্দরপুর—এই তিন ইউপির চেয়ারম্যান জামায়াতের। তবে অন্য ১৪ ইউনিয়নের সব কটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছেন।জানা যায়, ফটিকছড়িতে ১৯৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। ১৯৯৬ ও ২০০১ সালে পরপর সাংসদ নির্বাচিত হন রফিকুল আনোয়ার। ২০০৮ সালে আওয়ামী লীগ রফিকুল আনোয়ারের পরিবর্তে মনোনয়ন দেয় এ টি এম পেয়ারুল ইসলামকে। তিনি ৩৫ হাজার ভোটের ব্যবধানে সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে পরাজিত হন। পরবর্তী সময়ে রফিকুল আনোয়ার ও পেয়ারুল ইসলামের অনুসারীদের মধ্যে বিভক্তির সুযোগে শক্তি বাড়ায় বিএনপি-জামায়াত। আর সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে আওয়ামী লীগ। গত অক্টোবরে রফিকুল আনোয়ার মারা যান।