দুই দশকেও পিছু ছাড়েনি ‘গালফ ওয়ার সিনড্রোম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় নিয়মিত ‘হিল ওয়াক’ অর্থাৎ পাহাড়ে হাঁটার চর্চা করতেন সাবেক সেনা কেরি ফুলার। সৈনিক ছিলেন বলে দৌড়-ঝাঁপ কোনো ব্যাপার ছিল না তাঁর জন্য। কিন্তু আজ সেই মানুষটি অসহায়। পশ্চিম মিডল্যান্ডসের ডাডলির বাড়ি থেকে বেরিয়ে গজকয়েক হাঁটলেই এখন তাঁর হাঁপ ধরে যায়। নিয়মিত কয়েক পদের ওষুধ খেতে হয় তাঁকে। ঠিকমতো ওষুধ না খেলেই শরীরে শুরু হয় তীব্র ব্যথা। বিশেষ করে যেদিন বেশি শীত পড়ে, সেদিন আর তিনি ঘর থেকে বেরুতেই পারেন না। আজ থেকে ২০ বছর আগে কুয়েত দখলকারী ইরাকি সেনাবাহিনীকে হটাতে মার্কিন নেতৃত্বাধীন জোটবাহিনী বিমান-হামলা শুরু করেছিল। পারস্য উপসাগরীয় এলাকায় জোটবাহিনীর ওই অভিযানের নাম ছিল অপারেশন ডেজার্ট স্টর্ম। এতে যোগ দেওয়া ব্রিটিশ বিমান সেনাদের একজন ছিলেন কেরি ফুলার। সৌদি আরবের আল-জুবায়েলে মোতায়েন আরএএফ হেলিকপ্টার ফোর্সে জ্যেষ্ঠ এয়ারক্র্যাফটম্যান ছিলেন তিনি। সাদ্দামের সম্ভাব্য রাসায়নিক অথবা জীবাণু অস্ত্রের হামলা থেকে বাঁচাতে ডেজার্ট স্টর্মের আন্তর্জাতিক সেনাদের শরীরে অভিযানে যাওয়ার আগে বিভিন্ন টিকা ও ইনজেকশন দেওয়া হয়। ওই ইনজেকশন প্রয়োগ করার এক সপ্তাহের মধ্যেই ফুলারকে স্থায়ী অবসন্নতায় পেয়ে বসে। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। কিছুদিনের মধ্যে ফুলার হাসপাতাল ছেড়ে কাজে যোগ দিলেন। কিন্তু স্বাস্থ্য আর আগের মতো ভালো হলো না। মধ্যপ্রাচ্য ছেড়ে দেশে ফেরার পর এক বছরের মধ্যে তাঁকে আবার হাসপাতালে ভর্তি হতে হলো। স্থায়ী দুর্বলতা ও অবসন্নতাসহ বিভিন্ন ব্যাধি ধরা পড়ল শরীরে। মাত্র ৪০ বছর বয়সে একবার স্ট্রোকও হয়েছে তাঁর, যে কারণে একটু তোতলাতে হয়। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেননি ফুলার।কেরি ফুলারের মতো উপসাগরীয় যুদ্ধে অংশ নেওয়া বহু পশ্চিমা সেনা এখনো নানা অসুখে ভুগছেন। তাঁদের এই অসুস্থতা পরিচিতি লাভ করেছে ‘গালফ ওয়ার সিনড্রোম’ হিসেবে। কথিত গালফ ওয়ার সিনড্রোমের প্রধান লক্ষণগুলো হচ্ছে দীর্ঘমেয়াদি অবসন্নতা, মাথাব্যথা, অস্থির সংযোগস্থলে তীব্র ব্যথা, নিদ্রাহীনতা, পেটের সমস্যা, পাকস্থলী ও শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ার জটিলতা এবং মানসিক সমস্যা। বিশেষজ্ঞদের মনে এ নিয়ে কোনো সন্দেহ নেই, উপসাগরীয় যুদ্ধে অংশ নেওয়া সেনাদের অনেকে বিভিন্ন অসুখে আক্রান্ত হয়েছেন, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে দুই দশক পরেও চিকিৎসকেরা এর কারণ নিয়ে একমত হতে পারেননি। গালফ ওয়ার সিনড্রোম শুধুমাত্র ডেজার্ট স্টর্মে অংশ নেওয়া সেনাদের মধ্যে সীমিত একটি বিশেষ রোগ কি না, তা নিয়েও মানবাধিকারকর্মী ও চিকিৎসকেরা একমত নন। কেরি ফুলারের বিশ্বাস, উপসাগরীয় যুদ্ধে অংশ নেওয়ার কারণেই তিনি অসুস্থ হয়েছেন। ফুলার বলেন, ‘সজ্ঞানে হোক আর অজ্ঞানে হোক, আমাদের গবেষণার গিনিপিগ হিসেবে ব্যবহার করা হয়েছে। যুদ্ধে যেতে আমার কোনো অসুবিধা ছিল না। কিন্তু নিজের পক্ষের মানুষেরাই আমার দেহে বিষপ্রয়োগ করবে, সেটা ভাবতে পারিনি। আমার মতো ওই যুদ্ধে যোগ দেওয়া অনেক সেনাই মনে করেন, এ অবস্থার মধ্যে পড়ার চেয়ে যুদ্ধে মরাই অনেক ভালো ছিল।’শুধু রোগের কারণ বা ধরন নয়, এ ধরনের সমস্যায় আক্রান্ত সেনার সংখ্যা নিয়েও মতভেদ রয়েছে। দাপ্তরিক হিসাব অনুযায়ী যুক্তরাজ্যে উপসাগরীয় যুদ্ধে অংশ নেওয়া সেনাদের মধ্য থেকে এ পর্যন্ত এক হাজার ৫০০ জন গালফ ওয়ার সিনড্রোমে ভোগার কথা উল্লেখ করে যুদ্ধভাতা দাবি করেছেন। তবে মানবাধিকারকর্মীরা বলেছেন, প্রকৃতপক্ষে আক্রান্ত সেনাদের সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি।সেনাদের অসুস্থতার কারণ নিয়ে নানা তত্ত্ব রয়েছে। এর মধ্যে রয়েছে টিকা, বর্মভেদী অস্ত্রে ব্যবহূত ইউরেনিয়াম, অরগানোফসফেট কীটনাশক, নার্ভ এজেন্ট ও জ্বলন্ত তেলকূপ থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়া—এ সবকিছুই। পাশাপাশি মানসিক চাপ এবং যুদ্ধক্ষেত্রের উত্তেজনারও ভূমিকা থাকতে পারে বলে মনে করা হয়।লন্ডনের কিংস সেন্টার ফর মিলিটারি হেলথ রিসার্চের পরিচালক এবং ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর সাইমন ওয়েসেলি বলেছেন, গালফ ওয়ার সিনড্রোম বলে আলাদা কোনো রোগের অস্তিত্ব আছে বলে তিনি বিশ্বাস করেন না। তবে এই প্রফেসরও মনে করেন উপসাগরীয় যুদ্ধে যোগ দেওয়া সেনাদের ওই সব অসুস্থতার সঙ্গে যুদ্ধের একটা সম্পর্ক আছে। বিবিসিকে ওয়েসেলি বলেন, ‘এটা নিয়ে বিতর্কের অবকাশ নেই যে উপসাগরীয় যুদ্ধফেরত সেনাদের মধ্যে একটা স্বাস্থ্যসমস্যা আছে। ...কোনো সমস্যা আছে কি? হ্যাঁ, সমস্যা একটা আছে। তা, এটা কী গালফ ওয়ার সিনড্রোম নাকি অন্য কিছু? আমি মনে করি, এটা একটা পরিসংখ্যানগত ও কারিগরি বিষয়, যার তেমন গুরুত্ব নেই।’ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতও প্রফেসর ওয়েসেলির অনুরূপ। একজন মুখপাত্র বলেছেন, উপসাগরীয় যুদ্ধ ফেরত সেনাদের মধ্যে অনেকে অসুস্থ হয়েছেন এবং তাঁর সঙ্গে যুদ্ধের সম্পর্ক থাকতে পারে। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ বিষয়ে বিস্তর গবেষণা করেছে এবং তাতে দেখা গেছে, বিশেষ করে শুধু উপসাগরীয় যুদ্ধফেরত সেনাদেরই হয়েছে, এমন কোনো অসুখ নেই।তবে সাবেক সেনাদের অনেকেই ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য মেনে নিতে নারাজ। তাঁদের দাবি, মন্ত্রণালয় বিষয়টি অস্বীকার করার মাধ্যমে কাপুরুষতার পরিচয় দিচ্ছে। ন্যাশনাল গালফ ভেটেরানস অ্যান্ড ফ্যামিলিজ অ্যাসোসিয়েশনের শ্যন রাসলিং বলেন, ‘মন্ত্রণালয় জবাবদিহি করার ভয়ে ভীত। গালফ ওয়ার সিনড্রোম বলে কিছু আছে, স্বীকার করলে তাদের অনেক টাকা ক্ষতিপূরণ গুণতে হতে পারে।’প্রফেসর ওয়েসেলি বললেন, হতভাগ্য ওই সেনারা তাঁদের অসুস্থতার কারণ সম্পর্কে কোনো দিনই হয়তো নিশ্চিত করে কিছু জানবেন না। তিনি বললেন, এখন নতুন গবেষণার জন্য বস্তা বস্তা টাকা দিলেও কাজ হবে না। কারণ, ইতিমধ্যেই এ নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে। বিবিসি অনলাইন অবলম্বনে।