২৯ ডিসেম্বর ঢাকা কমার্স কলেজ প্রাঙ্গণে চলছিল আনন্দ উৎসব। তীব্র শীতের চোখ রাঙানি এড়িয়ে সকাল নয়টা বাজতে না-বাজতেই জমজমাট কলেজ প্রাঙ্গণ। কারণ, দিনটি ছিল কলেজের জন্মদিন। কলেজটির প্রাঙ্গণজুড়েই উৎসবের আমেজ ছিল সারা দিন। কেউ দলবেঁধে আড্ডায় মত্ত, কেউ বা বন্ধুদের কিংবা প্রিয় শিক্ষকের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত।সকালে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়েই শুরু হয় জন্মদিনের আয়োজন। সাদা রঙের টি-শার্ট আর টুপি পরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই একযোগে যোগ দেন জন্মদিনের এ আনন্দ মিছিলে। তবে কলেজের স্নাতক বর্ষের শিক্ষার্থীদের সাজগোজ ছিল একটু ব্যতিক্রম। হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আশিক, সাকীব, আল-আমিন সেজেছিলেন মুক্তিযোদ্ধা। বুশরা সেজেছিলেন বৈরাগী। অর্থায়ন প্রথম বর্ষের বাঁধন, অনিক, সালমান, নওরিনের সাজটাও মানিয়েছে বেশ। মনে হচ্ছিল, কলসি কাঁখে গ্রামের বধূ, বেদেনি, সাপুড়ে সবাই যেন যোগ দিয়েছেন আনন্দ উৎসবে।স্নাতক বর্ষের ভাই-আপুদের এত মজার সাজে সাজতে দেখে ছোট একটা আফসোস উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মনে, কলেজটির জন্মদিনেও কোনো সাজগোজ করার অনুমতি পায়নি তারা। ছাত্রছাত্রীদের মধ্যে কলেজটির কড়া নিয়ম এবং শাসন-বারণের জন্য আফসোস থাকলেও এ বিষয়ে সবাই একমত, কঠোর অনুশাসন আর নিয়মশৃঙ্খলার কারণেই কমার্স কলেজ আজ দেশের সেরা কলেজগুলোর মধ্যে অন্যতম।আনন্দ মিছিল শেষ হওয়ার পর শুরু হয় ছবি তোলার পালা, সেই সঙ্গে বাদ্যের তালে তালে নেচে-গেয়েই আনন্দ প্রকাশ করলেন শিক্ষার্থীরা।এরপর ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকী, বর্তমান অধ্যক্ষ প্রফেসর এ বি এম আবুল কাশেম ও অন্য শিক্ষকেরা মিলে উদ্বোধন করেন ‘কমার্স কলেজ আর্কাইভস’। বিগত ২০ বছরের যেসব স্মৃতি ক্যামেরাবন্দী করে রাখা হয়েছিল, তারই প্রদর্শনী চলছে বিশাল এ কক্ষে। পুরোনো এ ছবিগুলো যেন কলেজের ইতিহাস বলে যাচ্ছিল! চমৎকার এ আয়োজনের জন্য আর্ট ক্লাবের তত্ত্বাবধায়ক ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শামা আহমেদ ও তাঁর ক্লাবের সদস্যরা প্রশংসার দাবিদার।এরপর বেলা ১১টা থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনের অধীনে শুরু হলো্ররক্তদান কর্মসূচি। পরবর্তী আয়োজন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা। ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব কৃতী শিক্ষার্থীর ফল কলেজের জন্য সম্মান বয়ে এনেছে, তাঁদের মধ্যে পুরস্কার বিতরণী। অনুষ্ঠানের এ পর্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ।দুপুর পেরোতেই শিক্ষক-শিক্ষার্থীরা সবাই এসে জড়ো হলেন অডিটরিয়ামে। কারণ, নতুন এ অডিটরিয়াম আজ উদ্বোধন করা হবে। কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকীর নামে অডিটরিয়াম উদ্বোধন করেন পূর্তপ্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। এ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আসলামূল হক এবং পূর্তসচিব খন্দকার শওকত হোসেন। অনুষ্ঠানের পরবর্তী পর্বটি ছিল সুধীজন সম্মাননা।অতঃপর বিকেল গড়িয়ে সন্ধ্যা। শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রছাত্রীরাও যেন আড়মোড়া দিয়ে জেগে উঠলেন। রঙিন আলোয় মঞ্চে তৈর্রিহয়েছিল মায়াময় আবহ। গান দিয়েই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শকদের হাততালি ও তীব্র শব্দরোলের মধ্যেই চলছিল নাচ, গান, আবৃত্তি ও নাটক। রাত পর্যন্ত চলে এ অনুষ্ঠানমালা।