দুই দিনে ৫০ লাখ টাকার ফুল বিকিকিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস। এই দুই বিশেষ দিনে নগরে ৫০ লাখ টাকার ফুল কেনাবেচা হয়েছে। চট্টগ্রাম ফুল ব্যবসায়ী দোকান মালিক কল্যাণ সমিতি সূত্রে এই তথ্য জানা গেছে।১৩ ও ১৪ ফেব্রুয়ারি ছিল যথাক্রমে পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এই দুটি দিবস ঘিরে চাঙা হয়েছে ফুলের ব্যবসাও। চাহিদা থাকায় বেচাবিক্রি বেড়েছে অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি। মালিক সমিতির সভাপতির প্রতিষ্ঠান ‘রজনীগন্ধা’ বিক্রি করেছে ৮০ হাজার টাকার ফুল।নগরের চেরাগী পাহাড় মোড়ের হেভেনস ফ্লাওয়ার হাউসের ফুল বিক্রেতা মো. জসিম বলেন, ভালোবাসা দিবস, পয়লা ফাল্গুন, একুশে ফেব্রুয়ারিসহ বিশেষ দিনগুলোতে ফুলের বেচাকেনা বরাবরই বেশি। গত সোম-মঙ্গল দুই দিনে ৪০-৫০ হাজার টাকার ফুলের কেনাবেচা হয়েছে। আরেক ফুল বিক্রেতা মোহাম্মদ ইউসূফ বলেন, ‘এই দুটি বিশেষ দিনকে উপলক্ষে করে নগরের ফুলের বাজার জমজমাট হয়ে ছিল। পাইকারি ও খুচরা সর্বস্তরের ক্রেতার ভিড়ে ফুলের দোকানগুলো ছিল মুখরিত। খুচরা ক্রেতাদের মধ্যে তরুণ-তরুণীদের সংখ্যাই ছিল বেশি।’ ভালোবাসা দিবসে প্রিয়জনকে উপহার দিতে গত মঙ্গলবার গোলাপ কিনছিলেন শাহীন আলম। তিনি বলেন, ‘আমার কাছে ফুলই সবচেয়ে পবিত্র জিনিস, যা ভালোবাসা দিবসে অত্যন্ত কাছের মানুষকে উপহার দেওয়ার জন্য উর‌্যাকৃষ্ট।’জানা গেছে, চট্টগ্রাম ফুল ব্যবসায়ী দোকান মালিক সমিতির তালিকায় ফুলের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে ২৭৫টি। চেরাগী পাহাড় মোড়ই হচ্ছে চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় ফুলের পাইকারি ও খুচরা বাজর। এ মোড়কে ঘিরে রয়েছে ২৫টি ফুলের ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়া প্রবর্তক মোড়, আগ্রাবাদ, ওয়াসার দামপাড়া, জিইসি মোড়, দুই নম্বর গেট মোড়সহ সারা নগরে সমিতির আওতার ভেতরে-বাইরে রয়েছে ছোট-বড় এক হাজার ফুলের বিক্রয় প্রতিষ্ঠান।সমিতির সভাপতি মো. নাছের গণি চৌধুরী গত মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘পাইকারি ব্যবসায়ীরা যেমন লাভবান হয়েছেন, তেমনি লাভবান হয়েছেন খুচরা ব্যবসায়ীরাও। পাশাপাশি নগরের অলি-গলিতেও এই দুটি দিনকে ঘিরে গড়ে ওঠা মৌসুুুমি ব্যবসায়ীরাও লাভবান হয়েছেন। ঢাকার সঙ্গে চট্টগ্রামের ফুলের লেনদেন হয়েছে ৫০ লাখ টাকার ওপরে।’বিক্রেতারা জানান, দেশীয় লাল গোলাপ বিক্রি হয়েছে প্রতিটি ১০ থেকে ১৫ টাকা। গাঁথা গাঁদা ফুলের মালা ১০ থেকে ১৫ টাকা। চন্দ্রমল্লিকা প্রতি আঁটি ১০০ থেকে ১৫০ টাকা। গ্লাডিওলাস আঁটি প্রতি ১০ থেকে ১৫ টাকা। ডালিয়া প্রতিটি ১০ থেকে ১৫ টাকা। রজনীগন্ধা ১০ থেকে ১৫ টাকা। অর্কিডের মূল্য স্টিকপ্রতি ২০ থেকে ৩০ টাকা।ফুল বিক্রেতারা আরও জানান, দেশীয় ফুলের পাশাপাশি বিদেশি ফুলের কদরও ছিল চোখে পড়ার মতো। চায়নিজ গোলাপ প্রতিটি বিক্রি হয়েছে ১৫০ থেকে ২০০ টাকা। কারনেশন নামের ফুল বিক্রি হয়েছে আঁটিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা। জারবারা প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা। সিলভিয়া নামের ফুল বিক্রি হয়েছে ১০০ থেকে ৫০০ টাকায়।ফুলের দোকানের মালিক ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশীয় গোলাপ আসে চকরিয়া থেকে। এ ছাড়া বাজারের প্রায় সব ফুলই আসে ঢাকা থেকে। আর ঢাকার বাজারে এসব ফুল আসে যশোর, চুয়াডাঙ্গা, বেনাপোল ও ঢাকার সাভার, কালীগঞ্জ থেকে।তবে বিক্রেতারা জানান, ফুলের চাহিদা ফুরিয়ে যায়নি এখনো। সারা বছরই ফুলের চাহিদা থাকে, তবে শীতের সময় বিয়েসহ নানা আয়োজন হয় বেশি। থার্টি ফার্স্ট নাইট, ইরেজি নতুন বছর বরণ, বসন্ত উর‌্যাসব, ভালোবাসা দিবস, একুশে ফেব্রুয়ারি ছাড়াও গায়েহলুদ, বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ, বিয়ের গাড়ি সাজাতে ফুলের চাহিদা বাড়ে।