পাহাড়ি ঢল আর ভারী বর্ষণের পর ক্ষতবিক্ষত হয়ে পড়েছে মহেশখালী উপজেলার প্রধান দুই সড়ক। কিছু স্থানে সড়কের অর্ধেক অংশই ভেঙে গেছে। কোনো কোনো স্থানে ইট-সুরকি পর্যন্ত নেই। এ অবস্থায় চলাচল করছে যানবাহন। এদিকে মহেশখালী জিপ-মালিক সমিতির নেতারা জানান, গোরকঘাটা-জনতা বাজার ও শাপলাপুর-ঘটিভাঙ্গা সড়কে চলাচল করতে গিয়ে গত শুক্র ও শনিবার দুদিনে বিকল হয়েছে ৮০টি জিপ (চাঁদের গাড়ি)। সড়কের খানাখন্দে পড়ে এসব গাড়ি বিকল হয়।স্থানীয় লোকজন জানান, সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন চলছে কম। কারণ, প্রায় সময় পথে বিকল হয়ে পড়ছে গাড়ি। অনেক সময় লোকজনকে হেঁটে চলাচল করতে হচ্ছে। অথচ এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। প্রাথমিকভাবে সংস্কার করলেও কোনো রকমে চলাচল করা যেত।হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মহেশখালীর প্রধান দুটি সড়ক এখন আর চলাচলের উপযোগী নেই। চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে লোকজনকে। কিছু স্থানে বৃষ্টি হলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমাদের দাবি, সড়ক দ্রুত সংস্কার করা হোক।’ স্থানীয় নোনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওসমান গণি বলেন, এ দুটি সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। কেউ একবার যাতায়াত করলে এরপর সে অসুস্থ হয়ে পড়ছে।জিপ-মালিক হেলাল উদ্দিন বলেন, ঝুঁকিপূর্ণ সড়কের ওপর দিয়ে গত শুক্রবার চলাচল করতে গিয়ে আমার গাড়ির বিয়ারিং ভেঙে গেছে। এতে সড়কে গাড়ি চালিয়ে লাভ তো দূরের কথা, মালিকদের লোকসান গুনতে হচ্ছে। মহেশখালী জিপ-মালিক সমিতির সভাপতি আতা উল্লাহ বলেন, ঝুঁকিপূর্ণ সড়কের ওপর দিয়ে যান চলাচল করতে গিয়ে দুই দিনে ৮০টি গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে গেছে। ফলে গাড়িগুলো এখন বিকল হয়ে পড়ে আছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ছয় লাখ টাকা। সড়ক সংস্কারের দাবিতে সব পরিবহন সমিতির লোকজনের সমন্বয়ে অচিরেই ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে তিনি জানান। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সহকারী প্রকৌশলী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস বলেন, সড়ক চালু করার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু বরাদ্দ না পাওয়া পর্যন্ত সড়কগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না। সড়ক কবে সংস্কার করা হবে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সড়ক চালু করার জন্য এক কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু এখনো পাওয়া যায়নি।