মাত্র দুই দিনেই বাড়ি বানানো শেষ। বিদ্যুতের তার ও পানির পাইপের জন্য দেয়ালে ঠিকঠাক ফাঁকা জায়গা আছে। প্রয়োজনমতো কেটে ইটগুলোকে নতুন আকৃতিও দেওয়া হয়েছে। সব মিলিয়ে কাজ একেবারে নিখুঁত।
নির্মাণকাজে বেশির ভাগ অবদান একটি রোবটের। এটি টানা কাজ করেছে, ‘চা-বিরতি’ পর্যন্ত নেয়নি। নির্মাণশ্রমিক এই রোবটের নাম হাড্রিয়ান এক্স। এটি ট্রাকের ওপরে বসে ৩০ মিটার লম্বা হাত বাড়িয়ে ইট তুলে নিয়ে নির্দিষ্ট স্থানে সাজায়। এভাবে যন্ত্রটি ঘণ্টায় হাজার খানেক ইটের গাঁথুনি দিতে পারে।
অস্ট্রেলিয়ার ফাস্টব্রিক রোবোটিকস নামের একটি প্রতিষ্ঠান এ রোবট বানিয়েছে। এর প্রতিষ্ঠাতা মার্ক পিভাক বলেন, মানুষ প্রায় ছয়
হাজার বছর আগে থেকে ইট দিয়ে ভবন নির্মাণ করছে। শিল্পবিপ্লবের পর থেকেই তারা ইটের গাঁথুনি দেওয়ার কাজটিকে সহজ ও স্বয়ংক্রিয় করার চেষ্টা করছে। এখন প্রযুক্তির উৎকর্ষ এমন একটা স্থানে পৌঁছে গেছে যে কাজটা করে দেখানো সম্ভব হয়েছে।
রোবটটি তৈরি করতে ১০ বছর লেগেছে। এ জন্য প্রয়োজনীয় গবেষণা ও উৎপাদনকাজে খরচ পড়েছে প্রায় ৫৯ লাখ ১০ হাজার মার্কিন ডলারের বেশি। পিভাক বলেন, নির্মাণকাজকে আরও সহজ ও দ্রুততর করার লক্ষ্যেই তাঁরা এই রোবট বানিয়েছেন। তবে এটি ব্যবহার করতে মানুষের হস্তক্ষেপ প্রয়োজন। বাড়ি নির্মাণের কাজে সহায়ক এই রোবট বাজারে আনতে বছর খানেক লেগে যাবে।