দুই দিনের বৃষ্টিতেই এ অবস্থা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরমে একটু বৃষ্টির জন্য পরম আগ্রহ ছিল নগরবাসীর। কিন্তু বৃহস্পতিবার রাতে সেই প্রত্যাশিত বৃষ্টি শুরুর পর পরই নগরের দেওয়ানবাজার কাঁচাবাজারের সামনে রিকশা, অটোরিকশা ও কারের জট লেগে যায়। শুরুতে সড়কের কিছু অংশে পানি দেখা গেলেও পরে দেখা যায়, যানজটের কারণ ওই পানি নয়, সড়কজুড়ে কাদা। চট্টগ্রাম সিটি করপোরেশন যে উন্নয়নকাজ করছে তাতে নালা তৈরির জন্য খুঁড়ে রাখা মাটিই কাদায় পরিণত হয়েছে। সে কাদার ভেতর দিয়ে রিকশা টানা যায় না। ফলে গাড়ির গতি কমে যাওয়ায় যানজট শুরু হয় অলিগলিজুড়ে। এদিকে শুক্রবার দিনভরও বৃষ্টিপাত হয়েছে। দুইদিনের বৃষ্টির পর কাদা-পানিতে বিভিন্ন সড়কের গর্ত ও নালা ডুবে যাওয়ায় স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ভোগে নাকাল হচ্ছে পথচারীরাও। সিটি করপোরেশনের মতো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষও (চউক) একাধিক প্রকল্পের আওতায় সড়ক সমপ্রসারণকাজ শুরু করেছে। এসব কাজের সবগুলোই রয়েছে প্রাথমিক পর্যায়ে। মাত্র দুই দিনের বৃষ্টিতে এ অবস্থা হলে আগামী বর্ষা মৌসুমে এসব উন্নয়নকাজ নগরবাসীর কি ধরনের ভোগান্তির কারণ হবে, তা নিয়ে চিন্তিত বাকলিয়ার বাসিন্দা ও উন্নয়নকর্মী মোহাম্মদ আলীর মতো অনেকে। জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশন বর্তমানে দেওয়ানবাজারসহ বৃহত্তর বাকলিয়ায় প্রায় ১০ কোটি টাকার দুইটি উন্নয়নপ্রকল্প পরিচালনা করছে। বাংলাদেশ পৌর উন্নয়ন করপোরেশনের (বিএমডিএফ) আওতাধীন বিশ্বব্যাংকের অর্থায়নে এসব উন্নয়নকাজ চলছে। গত বছরের আগস্ট মাসে এ কাজ শুরু হয়। এ প্রসঙ্গে ওই প্রকল্পের পরিচালক ও সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসাইন প্রথম আলোকে বলে, ‘বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান ওই কাজ এ মাসের মধ্যেই শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। তাড়াহুড়ো করে কাজ করার জন্য কোনো কোনো এলাকায় মানুষ সাময়িক ভোগান্তিতে পড়ছেন। তবে চলতি জুন মাসের মধ্যেই এ কাজ শেষ হয়ে যাবে।’ চউক: নগরের কয়েকটি জায়গায় বর্তমানে চউকের তত্ত্বাবধানে সড়ক সমপ্রসারণের কাজ চলছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পাঠানটুলী সড়ক, ডিটি সড়ক (ঢাকা ট্রাঙ্ক রোড) ও চট্টগ্রাম কলেজ সড়ক সমপ্রসারণ এবং আরাকান সড়কের বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত উন্নয়ন। এরমধ্যে প্রথম তিন সড়কের কাজ শুকনো মৌসুমে শুরু হলেও তার কোনো অংশই এখনো শেষ হয়নি। বরং সড়কের পুরোটা জুড়ে মাটির স্তূপ, কংক্রিটের ছড়াছড়ির কারণে সাধারণ মানুষ ও যান চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সড়কগুলোতে কাদা জমেছে। ভোগান্তি বেড়েছে নগরবাসীর। পাঠানটুলি এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশনের স্কুলের পাশে চউক গত একবছর ধরে সেতুর অর্ধেক নির্মাণ করে ফেলে রেখেছে। সড়ক সমপ্রসারণের জন্য মানুষের দোকানের ভেতরে নালা নির্মাণ করছে। ওই নালার ওপর তক্তা বিছিয়ে লোকজন দিব্যি দোকানদারি করছে। অথচ চউক এসব জায়গা অধিগ্রহণ করেছে। এ অবস্থায় বৃষ্টির পানি নালা দিয়ে সরে যেতে না পেরে সড়কের ওপর দিয়েই বয়ে যাচ্ছে। আজ (শুক্রবার) সকালে বাসা থেকে বের হয়ে দেখি চৌমুহনী থেকে কদমতলী পর্যন্ত পুরো সড়কেই যানজট লেগে আছে। বাধ্য হয়ে গায়েবি মসজিদ থেকে কমদতলী পর্যন্ত হেঁটেই এসেছি।’ পাঠানটুলি সড়ক সমপ্রসারণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ হাসান প্রথম আলোকে বলেন, ‘জায়গা অধিগ্রহণ করতেই আমাদের শুকনো মৌসুমের অনেকখানি সময় লেগে যায়। ফলে উন্নয়নকাজ শুরু হতে কিছুটা দেরি হয়েছে। বৃষ্টিতে মানুষের সমস্যা হলেও তা সাময়িক। আশা করি দ্রুতই এ সংকট কেটে যাবে।’ নির্দিষ্ট সময়ের মধ্যেই এ সড়ক সম্প্রসারণের কাজ শেষ হবে বলে তিনি আশা করেন। পাঠানটুলি সড়কের মতো চট্টগ্রাম সড়ক এবং ডিটি সড়কেও ভোগান্তির নানা চিত্র তুলে ধরেছেন এলাকার লোকজন। ডিটি সড়কের আশপাশের একাধিক ব্যক্তির অভিযোগ, সড়ক সম্প্রসারণের চেয়ে চউকের লোকজন সড়ক থেকে তোলা মাটি বিক্রি করতেই বেশি আগ্রহী। তবে বিভিন্ন সড়কের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে আছেন আরাকান সড়ক দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ । জানা যায়, এ বছরের শুকনো মৌসুমে চউক এ সড়ক পুনরায় সংস্কারের জন্য ২০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়। ইতিমধ্যে কালুরঘাট ভারী শিল্প এলাকায় প্রবেশপথসহ কয়েকটি স্থানে সড়কের পুরোনো পিচ ও কংক্রিট সরিয়ে সেখানে বালু ফেলা হয়েছে। ফলে ব্যস্ত আরাকান সড়কের ওইসব অংশে যানবাহন চলাচল করছে একপাশ দিয়ে। চট্টগ্রাম থেকে কক্সবাজার, বান্দরবান ছাড়াও উত্তর চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া ও রাঙামাটির যানবাহনগুলো এ সড়ক দিয়ে চলাচল করে। তা ছাড়া, রাতে কালুরঘাট শিল্পাঞ্চলের ভারী যানগুলোও দীর্ঘ লাইন দিয়ে চলাচল করে এ সড়ক দিয়ে। বৃষ্টির কারণে সংস্কারকাজ শুরু করা অংশ পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন সংশ্লিষ্ট সবাই। এ বিষয়ে চউক চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘আমরা আরাকান সড়কসহ কিছু এলাকায় বড় ধরনের কাজ শুরু করেছি। এখানে প্রতিদিনই মাটি তুলতে হচ্ছে এবং তা সরিয়েও নেওয়া হচ্ছে। কিন্তু বৃষ্টির কারণে দুদিন মাটি সরানো যায়নি। বৃষ্টিতে এসব মাটি কাদায় পরিণত হয়েছে। তবে বৃষ্টি বন্ধ হলেই সে কাদা সরিয়ে নেওয়া হবে।’ তিনি জানান, বর্ষাজুড়েই উন্নয়নকাজ চলবে। কার্পেটিং ছাড়া অন্য সব কাজই বৃষ্টিতে করা যায় বলে তিনি মন্তব্য করেন।