দুই দেশের এক বাজার

মাঝখানে পড়েছে সীমান্ত রেখা। এক মৌজার মানুষ হয়ে গেছে দুই দেশের, কিন্তু তাদের মন আলাদা হয়নি। সংসারের ছোটখাটো দরকারেও তারা এদেশ-ওদেশ করেন। এদেশ হলো বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার উদয়নগর মৌজার একাংশ। আর ওদেশ হলো ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার উদয়নগর মৌজার আরেকাংশ।
উদয়নগরের বাংলাদেশের অংশে একটা বাজার রয়েছে। নাম বাংলাবাজার। নাম বাংলাবাজার হলেও কেনাবেচা করে দুই দেশের মানুষই। বড় কোনো কেনাকাটা নয়, এক কেজি লবণ, আড়াই শ গ্রাম মুড়ি, এক কেজি আলু, একটু পুঁইশাক—এসবের জন্যও সীমান্ত পার হয়ে আসে ওপারের মানুষ। শুধু তা-ই নয়, বাংলাবাজারের দুই টাকার চায়ের দোকানেও চলে তাদের বাকি লেনদেন। এই বাজার বসে সপ্তাহের শনি ও মঙ্গলবার।
সম্প্রতি এক বিকেলে বাংলাবাজারে যেতে চোখে পড়ে মন উদাস করা বেশ কিছু দৃশ্য। বাজারের একটু আগেই পড়ে ভারতীয় সীমান্তের ৮৪(১) নম্বর পিলার। ডানে-বাঁমে দুই দিকেই ভারতীয় এলাকা। হাতের কাছেই দুই দেশের গরু-ছাগল মাঠে চরছে। দুই দেশের মানুষ মাঠে কাজ করছেন। চেহারা দেখে বোঝার উপায় নেই—কে বাংলাদেশি আর কে ভারতীয়।
কথা হলো আক্তার মণ্ডল নামে একজন ভারতীয়র সঙ্গে। বাড়ি সীমান্তের ওপারেই চরকলোনি গ্রামে। বলেন, ‘তেমন কিছু না। নাতির জন্য এক প্যাকেট মুড়ি, এক ছড়ি কাঁচা কলা, এক কেজি আলু, এক আঁটি পুঁই আর ৫০০ গ্রাম ওজনের একটা ইলিশ মাছ কিনব বলে এসেছি।’ ভারতীয় টাকা তো এ বাজারে চলে না, তাহলে কেনাবেচা কীভাবে করেন—জানতে চাইলে আক্তার মণ্ডল হাসেন, ‘এটা কোনো ব্যাপার না। বাড়ির গাছের একটা লাউ, জমির এক মণ ধান। পারলে এক প্যাকেট জিরা নিয়ে আসি। এই বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে নিজের দরকারি জিনিস কিনে নিয়ে আবার বাড়ি চলে যাই।’ তিনি বলেন, ‘এই সীমান্ত রেখার কারণে আমরা, আমাদের আত্মীয়স্বজনেরা এখন দুই দেশের বাসিন্দা, কিন্তু বাজার একটাই।’
আরেকজন ভারতীয় হাটুরের সঙ্গেও অনেকক্ষণ কথা হলো। তাঁর নাম আবদুর রশিদ (৫৫)। বললেন, ‘ভালোই আছি, ভারতের বাজারে বাজার করতে গেলে সারা দিন লাগে। তাই বাংলাবাজারে আসি।’ তিনি বলেন, ‘এখানে বিএসএফ-বিজিবি সবাই জানে—আমরা গেরস্থালির কিছু কিছু জিনিস এই বাজারে এনে বিক্রি করি। আবার যাওয়ার সময় দরকারি কিছু একটা কিনে নিয়ে যাই। এটা চোরাচালান নয়। তাই কিছু বলে না।’
বাজারের গা ঘেঁষে গেছে পদ্মা নদী। ঘাটে বাঁধা বড় নৌকা। এই বাজারের পাট নদীর ঘাটে এনে রাখা হয়েছে। নৌকায় চলে যাবে রাজশাহীর বাজারে। ফেরার সময় যখন নৌকা ছাড়ল পেছনে পড়ে রইল বাংলাবাজার। মনে হলো এটা বাংলাবাজার নয়, বাঙালির বাজার।