যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরও দুটি বিভাগ খোলা হয়েছে। বিভাগ দুটি হচ্ছে ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং শারীরিক শিক্ষা খেলা ও সংস্কৃতি (ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস অ্যান্ড কালচার)। চলতি শিক্ষাবর্ষ (২০১১-২০১২) থেকে বিভাগ দুটিতে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার বলেন, বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই প্রথম শারীরিক শিক্ষা বিষয়ে অনার্স কোর্স চালু করা হলো। তিনি আরও বলেন, খেলাধুলা কোটায় বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু ওই শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের লেখাপড়ার পাট শেষ করতে পারে না। যখন পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়, তখন ওই শিক্ষার্থীদের কোনো না কোনো গুরুত্বপূর্ণ খেলা থাকে। তাই তারা পরীক্ষায় অংশ নিতে পারে না। এতে তাদের শিক্ষাজীবন ব্যাহত হয়। এ জন্য স্বতন্ত্রভাবে বিভাগটি চালু করা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চার বছর মেয়াদি শারীরিক শিক্ষা খেলা ও সংস্কৃতি কোর্সের পাঠ্যসূচিতে জাতীয় খেলা হা-ডু-ডুসহ দেশি-বিদেশি ২৮ খেলা, স্পোর্টস মেডিসিন, ফিজিওথেরাপি, যোগব্যায়ামসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।উপাচার্য আরও বলেন, ‘বিদেশে শারীরিক শিক্ষা বিষয়ে লেখাপড়ার জন্য পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় থাকলেও আমাদের দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে আগে অনার্স কোর্স ছিল না।’নতুন দুটি বিভাগ যুক্ত হওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখন মোট ১২টি বিভাগ হলো। ৩৫ একর সীমানার বিশাল ক্যাম্পাসের এ বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগে বর্তমানে ৯৮৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিভাগগুলোর মধ্যে রয়েছে: অণুজীববিজ্ঞান, অ্যাকোয়াকালচার ও ফিশারিজ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ফার্মেসি, ফলিত রসায়ন ও কেমিকৌশল, পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি, পরিবেশবিজ্ঞান ও স্বাস্থ্য ব্যবস্থাপনা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, পেট্রলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং।যশোর শহর থেকে ১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়নের আমবটতলায় ২০০৭ সালের ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়। ছাত্রীদের জন্য শেখ হাসিনা ও ছাত্রদের জন্য শহীদ মশিয়ূর রহমান নামে দুই আবাসিক হল নির্মাণ করা হয়েছে। আট শতাধিক শিক্ষার্থী হল দুটিতে অবস্থান করছেন। ক্যাম্পাসে রয়েছে সাত হাজার বই ও এক শত সাময়িকী পত্রের সমৃদ্ধ গ্রন্থাগার। সুসজ্জিত একটি শিক্ষক-ছাত্র মিলনায়তন, ক্যানটিন, একাডেমিক ভবনসহ রয়েছে নানা স্থাপনা।