যেদিকে চোখ যায় শুধু তামাক আর তামাক। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং ও শিজক নদীর দুই তীরের বিস্তীর্ণ এলাকা ছেয়ে গেছে তামাকপাতায়। তামাকখেত এলাকায় চলছে চুল্লি তৈরির প্রস্তুতি। আর এতে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য শুরু হয়েছে সংরক্ষিত বন ও ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন ধরনের গাছ বিক্রি।কৃষি কার্যালয় ও চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় এ দুই নদীর তীরে ব্যাপক সবজি চাষ হতো। এসব সবজি থেকে স্থানীয় চাহিদা মেটানোর পর রাঙামাটি সদর, খাগড়াছড়ি ও চট্টগ্রামে সরবরাহ করা হতো। কিন্তু কয়েক বছর ধরে এখানে তামাক চাষ বাড়তে থাকে। গত বছর দুই নদীর তীরে তামাক চাষ হয়েছিল ৫৭০ একর জমিতে। এ বছর হয়েছে ৯৭০ একরে। তামাক চাষ ক্ষতিকর হলেও লাভ বেশি হওয়ায় চাষিরা তামাক চাষের দিকে বেশি ঝুঁকছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। সরেজমিনে দেখা গেছে, কাচালং নদীর দুরছড়ি এলাকা থেকে কদমতলী পর্যন্ত ১৫ কিলোমিটার এবং শিজক নদীর শিজক মুখ থেকে কচুছড়ি পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তামাক চাষ করা হয়েছে।তামাকচাষি ভাগ্য চাকমা বলেন, ‘প্রতি বছর সবজি চাষ করে খরচটাও ওঠে না। দাম না পাওয়ায় অবিক্রীত অবস্থায় অনেক সবজি খেতেই নষ্ট হয়ে যায়। সেজন্য এ বছর সবজির বদলে তামাক খেত করেছি।’ তিনি জানান, বর্তমানে এক কানি (৪০ শতক) জমিতে সবজি চাষ করে ১০ থেকে ১২ হাজার টাকার বেশি পাওয়া যায় না। কিন্তু একই আয়তনের জায়গায় তামাক চাষ করে ৫০ হাজার টাকার বেশি পাওয়া যাবে। এ কারণে চাষিরা তামাক চাষে বেশি আগ্রহী হচ্ছেন। জানা গেছে, বর্তমানে তামাকখেত এলাকায় চুল্লিতে ব্যবহারের জন্য সংরক্ষিত বনের গাছের পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন জাতের গাছ বিক্রির হিড়িক পড়েছে। বাগানমালিকেরা মোটা টাকার লোভে ছোট ছোট আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা প্রজাতির গাছ বিক্রি করছেন চুল্লিমালিকদের কাছে। দুই নদীর তীরে তামাক চাষ বেড়ে যাওয়ায় গত ৩০ জানুয়ারি বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মারিশ্যা জোনে এক মতবিনিময় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। জোন অধিনায়ক লে. কর্নেল মো. শাহাদাৎ আলম চাষিদের তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য কৃষি কার্যালয় ও বন বিভাগকে পরামর্শ দেন। তামাক চুল্লির কারণে যাতে বনের গাছ কাটা না পড়ে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান বন বিট কর্মকর্তা মো. আবদুস সাত্তার। তিনি বলেন, বাগানমালিকদের মোটা অঙ্কের টাকা দিয়ে এসব গাছ কেটে নিচ্ছেন চুল্লিমালিকেরা। কিন্তু নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট এলাকায় বনকর্মীরা যেতে পারেন না। উপসহকারী কৃষি কর্মকর্তা সুরেশ্বর চাকমা বলেন, প্রত্যেক কৃষককে বৈঠকের মাধ্যমে তামাক চাষ না করার জন্য বলা হয়েছে। কিন্তু কিছুসংখ্যক কৃষক অতি লাভের আশায় এ বছর কাচালং ও শিজক নদীর তীরবর্তী এলাকায় তামাক চাষ করেছেন। জানা যায়, এখানে আমেরিকান টোব্যাকো কোম্পানি, আবুল খায়ের গ্রুপ ও আকিজ বিড়ি কোম্পানির লোকজন চাষিদের তামাক চাষে উদ্বুদ্ধ করছেন। আবুল খায়ের গ্রুপের উপজেলা ব্যবস্থাপক মো. মাসুদ জানান, তামাক কোম্পানিগুলো অন্যান্য বছর তামাকচাষিদের নগদ অর্থ ও সার দিলেও এ বছর তা দেওয়া হচ্ছে না। তারা এবার চাষিদের কাছ থেকে নগদ টাকা দিয়ে তামাক কিনে নেবে।