দুই নেতার দ্বন্দ্বে ছাত্রলীগের বিরোধের পালে হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ ওরফে সোহেল হত্যার পর মার্চের শেষ সপ্তাহ থেকে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে। সম্প্রতি নগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির উদ্দীনও পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। ছাত্রলীগের দুটি পক্ষ এই দুই নেতার অনুসারী হওয়ায় সংগঠনটির অভ্যন্তরীণ বিরোধের পালেও নতুন করে হাওয়া লেগেছে।
আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মালিকানা–সংক্রান্ত বিষয়ে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল আগে থেকেই। তখনই এর প্রভাব পড়ে তাঁদের অনুসারী ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে। তবে শুরুতে এ বিরোধ রাজপথ পর্যন্ত গড়ায়নি। সোহেল হত্যাকাণ্ডের পর বিরোধটি প্রকাশ্যে চলে আসে। পৃথক কর্মসূচি পালন করতে থাকেন দুটি পক্ষের নেতা-কর্মীরা। সপ্তাহ খানেক আগে থেকে আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া শুরু করার পর এই বিরোধ আরও বেড়েছে।
অনুসন্ধানে জানা গেছে, নগর ছাত্রলীগের ২৯১ সদস্যবিশিষ্ট কমিটিতে শুরু থেকে দুটি ধারা বিদ্যমান। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একটি অংশ সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। কয়েকজন সহসভাপতিসহ অপর একটি অংশ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
তবে এই দুটি ধারা এত দিন একসঙ্গে মিলেমিশে বিভিন্ন ইস্যুতে আন্দোলন-সংগ্রাম করে আসছিল। সোহেল হত্যার পর দুটি পক্ষ ধারাবাহিকভাবে আলাদা কর্মসূচি পালন করছে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনও ছাত্রলীগের বিভক্তির বিষয়টি কার্যত স্বীকার করেছেন।
নাছির উদ্দীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অন্যান্য ইস্যুতে নগর ছাত্রলীগ যেভাবে এত দিন কাজ করে আসছিল, সেটা সোহেল হত্যার পর দেখা যায়নি। নগর ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতারা সোহেলের জানাজায় যাননি। পরিবারের সঙ্গেও দেখা করেননি। তার ওপর হত্যাকাণ্ড নিয়ে তাঁরা সভা করলেও সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে সাফাই গেয়েছেন। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। এ কারণে ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাই সোহেলের ঘনিষ্ঠ নগর ছাত্রলীগের অপর অংশটি আলাদাভাবে বিচারের দাবি করে বিভিন্ন কর্মসূচি পালন করছে।’
জানা গেছে, সোহেল হত্যাকাণ্ডের পরদিন গত ৩০ মার্চ দুপুরে নগর ছাত্রলীগ লালদীঘি মাঠে বিচারের দাবিতে সমাবেশ করে। ওই সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। একই সময়ে ছাত্রলীগের সহসভাপতি রেজাউল আলম, মিথুন মল্লিকসহ মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত অংশটি নগরের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।
বিভক্তি সম্পর্কে জানতে চাইলে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ বলেন, ‘আমাদের সংগঠন একটি। এখানে কোনো বিভক্তি নেই। যারা সোহেলের বেশি ঘনিষ্ঠ, তারা হয়তো আলাদাভাবে বিচার দাবি করছে। ওখানে আমাদের কমিটির কেউ কেউ আছে। ওটা বিক্ষিপ্ত কর্মসূচি। তবে তাদের দাবি আর আমাদের দাবি এক।’ তিনি আরও বলেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। এটাই মূল ধারা। এর বাইরে যদি কেউ কিছু করে, সেটা বিক্ষিপ্ত বলা যায়।
উল্লেখ্য গত ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে নগর ছাত্রলীগের সদস্য নাসিম আহমেদ ছুরিকাঘাতে নিহত হন। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের একটি অংশ নগরের প্রবর্তক মোড় এবং ষোলশহর ২ নম্বর গেট মোড়ে অবরোধ সৃষ্টি করে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দেয়।
এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে ছাত্রলীগের আ জ ম নাছিরপন্থীরা পরদিন ৩০ মার্চ পর্যন্ত সংবাদ সম্মেলনে আকার-ইঙ্গিতে মহিউদ্দিনপন্থীদের এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়কে গ্রাস করার জন্য যে চক্রটি নিজের সম্পত্তি বলে আদালতে মামলা করেছে, সেই চক্রের সঙ্গে প্রতিনিয়ত বৈঠক করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।’ একই অংশের উদ্যোগে ৯ এপ্রিল প্রতিবাদ সমাবেশেও সোহেল হত্যাকাণ্ডের জন্য মহিউদ্দিনপন্থীদের দায়ী করা হয়।
জানতে চাইলে সিটি মেয়রের অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগের সহসভাপতি রেজাউল আলম বলেন, ‘কিছুদিন ধরে আমাদের শীর্ষ নেতৃত্ব সবার মতামত না নিয়ে কিছু সিদ্ধান্ত নিচ্ছিল। ওটা আমাদের পছন্দ হয়নি। তবে সোহেল হত্যাকাণ্ডের পর বিষয়টি আরও জোরালো হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক সোহেলের লাশ দেখতেও আসেননি। এখানে তাঁদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তাই আমরা আলাদাভাবে এখন সোহেল হত্যার প্রতিবাদে মাঠে নেমেছি।’