দুই নেতার 'সম্মান' ও 'মর্যাদা' রক্ষার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন আজ বৃহস্পতিবার। পেশাজীবীদের এই নির্বাচন নিয়ে চট্টগ্রামে চিকিৎসকদের পাশাপাশি নগর আওয়ামী লীগের মূল নেতৃত্ব প্রথম থেকেই বিভক্ত। যত দিন গড়িয়েছে নির্বাচনটি হয়ে উঠেছে মূলত দুই শীর্ষ নেতার ‘সম্মান’ ও ‘মর্যাদা’ রক্ষার লড়াইয়ে।

বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে আওয়ামীপন্থী চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) দুটি পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে মুজিবুল হক খান-ফয়সল ইকবাল চৌধুরী পরিষদকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে ভোট চেয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

অন্যদিকে নাসির উদ্দিন মাহমুদ-আ ম ম মিনহাজুর রহমান পরিষদকে শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এই পক্ষটি আবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছে।

মুজিব-ফয়সল পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ জ ম নাছির উদ্দীন। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে পরিষদটির জন্য ভোট চেয়েছেন। সর্বশেষ গত সোমবার সিটি করপোরেশনের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকদের মাসিক সমন্বয় সভায় মেয়র ভোট প্রার্থনা করেছেন। মুজিব-ফয়সল পরিষদের পক্ষে ভোট চেয়ে সিটি মেয়র বলেন, ‘এর সঙ্গে আমার মানসম্মান জড়িত। রাগ–ক্ষোভ ভুলে গিয়ে মনে করবেন এই ভোটটা আমাকে দিচ্ছেন।’

নাসির-মিনহাজ পরিষদকে সমর্থন দিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বিভিন্ন সময় বিবৃতি ও বক্তব্যও দিয়েছেন। জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘পরাজয়ের ভয় ঢুকেছে তাদের মধ্যে। তাই মানসম্মানের কথা বলছে। চুরি–ডাকাতি বন্ধ করতে, হাসপাতালে মানুষকে সেবা দিতে আমি নাসির-মিনহাজদের সমর্থন জানিয়েছি। তাঁরা নির্বাচিত হলে চিকিৎসকদের মর্যাদা বাড়বে। দুর্নীতি ও ওষুধ চুরি বন্ধ হবে।’

শুরু থেকেই বিএমএর এই নির্বাচনটি নিয়ে স্বাচিপের দুটি পক্ষ পরস্পরের প্রতি কাদা–ছোড়াছুড়িতে ব্যস্ত ছিল। ব্যানার ছিঁড়ে ফেলা এবং মেডিকেলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় নাসির-মিনহাজ পরিষদকে বাধাদানের অভিযোগও ওঠে। এ ছাড়া নির্বাচনে ভোটগ্রহণের স্থান নির্ধারণ নিয়েও তাঁরা পরস্পরবিরোধী অবস্থান নেন।

মুজিব-ফয়সল পরিষদ শুরু থেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাস কিংবা আশপাশে নির্বাচন করতে চেয়েছিল। অন্যদিকে নাসির-মিনহাজ পরিষদ চেয়েছিল জিইসি মোড়ের আশপাশে নির্বাচন করতে। শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আলাউদ্দিন মজুমদার মেডিকেলের পাশে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজকে নির্বাচনী স্থান নির্ধারণ করলে তা নিয়ে বিতর্ক শুরু হয়। ওই বিতর্কে মন্ত্রী মোশাররফ হোসেনও তখন যোগ দেন। এ বিষয়ে ১০ ডিসেম্বর মন্ত্রী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেছিলেন, এক পক্ষকে সুবিধা দিতেই প্রবর্তক স্কুলকে ভেন্যু করা হয়েছে। এটা নিরপেক্ষ নির্বাচনী ভেন্যু নয়।

উদ্ভূত পরিস্থিতি এবং আগেরবার অর্থাৎ ২০১২ সালের নির্বাচনে ব্যালট ছিনতাই এবং মারামারির বিষয়টি মাথায় রেখে জেলা ও পুলিশ প্রশাসন এবারের নির্বাচনটিকে শান্তিপূর্ণ করার জন্য পদক্ষেপ নেয়। পরে পুলিশ প্রশাসন থেকে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে নির্বাচনী স্থান হিসেবে নির্ধারণ করা হয়। এ ছাড়া পুলিশ প্রশাসন নির্বাচনটি নিয়ে দুই পক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠকও করে। সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে নগর পুলিশের কমিশনারের সম্মেলন কক্ষে পুলিশ, বিএমএ নির্বাচন কমিশন এবং অংশগ্রহণকারী দুই প্যানেলের প্রতিনিধিদের সমন্বয় সভা হয়। সভায় পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেন, ‘এই নির্বাচনটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সারা দেশের দৃষ্টি আছে। তাই আপনারা সম্মানিত পেশাজীবী হিসেবে একটি সুন্দর নির্বাচন উপহার দেবেন এই আশা করছি।’

পুলিশ কমিশনার আরও বলেন, এটা শিক্ষিত মানুষের নির্বাচন। আশা করছি সবাই শিক্ষিত মানুষের মতো আচরণ করবেন। এরপরও কেউ যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে কঠোর আইনগত পদক্ষেপ নেব।

সূত্র জানায়, নির্বাচনে ভোটার প্রায় সাড়ে চার হাজার। আজ সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতেই জানা যাবে ফলাফল।

একটি পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী ও স্বাচিপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী বলেন, ‘আমরা সুখে–দুঃখে ডাক্তারদের পাশে ছিলাম চার বছর। আমাদের সঙ্গে সব চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধ। চিকিৎসকেরা আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন আবারও।’

জানতে চাইলে আরেক পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী ও স্বাচিপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘এবারের নির্বাচন ডাক্তারদের মর্যাদা রক্ষার লড়াই। দুর্নীতি, বদলি ও টেন্ডার বাণিজ্য এবং অশুভ শক্তির বিরুদ্ধে চিকিৎসকেরা তাঁদের রায় দেবেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে সাধারণ চিকিৎসকেরা আমাদের জয়যুক্ত করবেন।’