বিতর্কের বিষয় ছিল, বাংলাদেশে নির্বাচনের আগের অনিশ্চিত পরিস্থিতি নিয়ে। সরকারি দল হিসেবে নটর ডেম গোল্ড বলেছে ‘১/১১ ফিরে ফিরে আসবে।’ আর এর বিপক্ষে বলছে বিরোধী দল নটর ডেম গ্রিনের শিক্ষার্থীরা। দুই দলই নানা যুক্তি-তর্ক উপস্থাপনে ব্যস্ত। সরকারি দল বলছে, বাংলাদেশে নির্বাচনের আগে প্রায়ই অনিশ্চয়তা দেখা দেয়। অন্য দিকে বিরোধী দল বলছে, সে সময় দেশের যে অবস্থা তৈরি হয়েছিল, জনগণ সেই পরিস্থিতি দেখতে চায় না ইত্যাদি। প্রথম আলো-ট্রাস্ট ব্যাংক-রাজউক উত্তরা মডেল কলেজ বিতর্ক উৎসবের খণ্ডচিত্র এটি।রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে ১৯ থেকে ২১ জুলাই হয়ে গেল আন্তস্কুল, আন্তকলেজ ও বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা। আর বিষয়ের বৈচিত্র্যও ছিল। বাংলাদেশের গণতন্ত্রের প্রধান নিয়ন্ত্রক জনগণ, উচ্চশিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতির প্রয়োজন নেই, গণমাধ্যমে অর্থ গণমাধ্যমকে অর্থহীন করে ইত্যাদি। ইম্পেরিয়াল কলেজ, নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন কলেজ, সিটি কলেজ, ঢাকা কলেজসহ ৪২টি দল এই তিন দিনে অংশগ্রহণ করেছে।শেষ পর্যন্ত ফাইনালে অংশ নেয় কলেজ পর্যায়ে (বাংলা) নটর ডেম গোল্ড ও নটর ডেম গ্রিন। আর কলেজ ইংরেজি পর্যায়ে একাডেমিয়া ও মানারাত ইন্টারন্যাশনাল স্কুল।২১ জুলাই ফাইনালে নটর ডেম গ্রিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নটর ডেম গোল্ড। গোল্ড দলে ছিলেন আয়মান সাকিব, আহমেদ মুসা ইশতি, আহমদ রাশিক ফাইয়াজ। আর নটর ডেম গ্রিনের বিতার্কিকেরা হলেন—শাহরিয়ার জামিল, রিফাত শাহরিয়ার, রিফাত বিন রেজা।চ্যাম্পিয়ন দল নটর ডেম গোল্ডের দলনেতা আয়মান সাকিব বলেন, ‘আমরা প্রথম রাউন্ডে নটর ডেম ব্লুর সঙ্গে বিতর্কে নেমেছিলাম। সবাই ভেবেছিল, হয়তো দুদলই বাদ পড়বে। শেষ পর্যন্ত আমরা পাঁচটি রাউন্ডে অংশগ্রহণ করেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি। আর ফাইনাল রাউন্ডে আমরা আমাদের কলেজেরই আরেকটি দল নটর ডেম গ্রিনের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছি। ইংরেজি বিতর্কে কলেজ পর্যায়ের দুটি দল মানারাত ইন্টারন্যাশনাল স্কুল ও একাডেমিয়া। সরকারি দল মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের সদস্যরা হলেন—আজমিন আমিন, নাবিল হাসান, সাঈদ মুকসিত রেজা। বিরোধী দলে ছিলেন একাডেমিয়ার তাওসীফ আমীন খান, মাসতুরা তাসনিম ও সাকিব আলীম। ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয় সরকারি দল মানারাত ইন্টারন্যাশনাল স্কুল। বিতর্ক উৎসবের শেষ দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম হোসেন সরকার প্রমুখ।