

টেলিভিশন ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই অভিনয় করছেন মিলন। পাঞ্জাবি তাঁর সবচেয়ে পছন্দের পোশাক। মুখের গড়নের সঙ্গে মিলিয়ে চুলটা বড় করে কাটেন। সময় পেলেই বসেন সিনেমা দেখতে। যতই ব্যস্ততা থাকুক, রাতের খাবার পরিবারের সঙ্গেই খাওয়া চাই।
অভিনেতা মিলন মানেই বড় চুল। গরমের দিনগুলোতে সমস্যা হয় না! প্রসঙ্গটা তুলতেই ঝটপট উত্তর, ‘এটা ঠিক যে আমার স্টাইল প্রসঙ্গ এলেই বড় চুলের কথা চলে আসে। বড় চুল আমার মুখের গড়নের সঙ্গে বেশি মানায় বলেই রাখা। চুল সামলাতে নিয়মিত চুলে শ্যাম্পু করি।’ চুলের গোপন রহস্য জানতে জানতেই আলাপ জমে উঠল নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমের অভিনেতা আনিসুর রহমান মিলনের সঙ্গে।

ঘরের ভেতরে তিনি কখনো একজন স্বামী, ভাই, মায়ের আদরের সন্তান বা একমাত্র সন্তানের বাবা। যে কারণে রাতের খাবারটা পরিবারের সঙ্গে খাওয়া চাই। কারণ, সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন সবার সঙ্গে দেখা হয় না যে! বাড়িতে যখন থাকেন, তখন ঢোলা প্যান্ট আর আরামদায়ক টি-শার্ট পরেই সময় কাটে। শুটিং থাকলে তো হলোই, না থাকলে ছুটির দিনগুলোতে থাকেন ফুরফুরে আর আলস্য মেজাজে।

নাশতা সেরে ট্যাব নিয়ে ফেসবুকে কিছুটা সময় কাটান। এরপর সময় করে বিভিন্ন দেশের চলচ্চিত্র দেখার চেষ্টা করেন। পারিবারিক কোনো অনুষ্ঠান থাকলে সেখানে উপস্থিত থাকতে ভালোবাসেন। করপোরেট কোনো মিটিং বা ফরমাল পার্টিতে গেলে সেমি ফরমাল পোশাকে দেখা যায়। রাতের পার্টি হলে হয়তো কালো একটা শার্টের সঙ্গে গ্যাবার্ডিন প্যান্ট আর জুতা পরে নিলেন। চুলটা পরিচিত স্টাইলেই একপাশে ব্যাক ব্রাশ করে নেন। এ অভিনেতা বলেন, ‘ক্যাজুয়াল থাকতেই বেশি ভালোবাসি। বন্ধুদের আড্ডা বা বাইরে ঘোরাফেরার সময়ে যেমন টি-শার্ট, জিনস আর নানা রকম বুট জুতা বা কেডস পরি। তবে কোনো উপলক্ষ পেলেই পাঞ্জাবি পরার চেষ্টা থাকে। পাঞ্জাবি পারলে চেইনের ঘড়ি হাতে থাকে। আর ক্যাজুয়াল লুকে থাকে নানা ধরনের রঙিন বেল্ট দেওয়া ঘড়ি। রোদে সানগ্লাস সঙ্গে থাকে। পোশাকে কালো রংটাই আমাকে বেশি টানে।’ আমেরিকান ইগল, টম, লিভাইসের ন্যারো ফিট প্যান্ট, অ্যাডিডাস, নাইকি, ঘড়িতে ফসিল, গুচি বা রোদচশমায় আমেরিকান এক্সচেঞ্জ, ভার্সাসি ব্র্যান্ড তাঁর পছন্দ।
যেহেতু তিনি একজন তারকা, তাই শরীর নিয়েও সচেতন থাকতে হয় প্রতিদিন। খাবার খাওয়া থেকে শরীরচর্চা—সবকিছুতেই সুস্থতা ও মুটিয়ে যাওয়া নিয়ে ভাবতে হয়। প্রতিদিনের খাবারের তালিকায় সকালে আটার রুটির সঙ্গে আলু ভাজি আর একটা ডিম হলেই শেষ। দুপুরের খাবার মেন্যুতে ভর্তা-ভাজি থাকে বা অন্য কোনো ভারী পদ থাকতে পারে। গরুর মাংস, পোলাও, খিচুড়ি খেতেও ভালোবাসেন। সব মিলিয়ে এই হলো অভিনেতা মিলনের পর্দার বাইরের জীবন।