দুই পারের স্থায়ী সেতুবন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদিন পরেই চট্টগ্রাম মহানগরসহ দেশের মূল ভূখণ্ডের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলা, বান্দরবান ও কক্সবাজারের স্থায়ী সংযোগ ঘটতে যাচ্ছে। কর্ণফুলী তৃতীয় সেতু উভয় পারের মধ্যে স্থায়ী সেতুবন্ধ রচনা করছে। বহুল প্রত্যাশিত এ সেতু বুধবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে এ অঞ্চলের নাগরিকদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে।জানা গেছে, নতুন সেতু চালু হলে বান্দরবান ও কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ভোগান্তি কমবে। সেই সঙ্গে দক্ষিণ চট্টগ্রামে শিল্পোন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির সুযোগও আসবে। তবে বহদ্দারহাট থেকে সেতু পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কের কাজ শুরু করার আগেই তৃতীয় কর্ণফুলী সেতুর উদ্বোধন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, নতুন সেতু চালু হলে এখন কালুরঘাট সেতু এবং ব্রিজঘাটার ফেরি দিয়ে যেসব যানবাহন কর্ণফুলী নদী পারপার করে সেগুলো একসঙ্গে কর্ণফুলী নতুন সেতু দিয়ে পারাপারের চেষ্টা করবে। ফলে বহদ্দারহাট থেকে কর্ণফুলী সেতু এবং সেতু থেকে দক্ষিণের আনোয়ারা ক্রসিং (চার রাস্তার মোড়) পর্যন্ত সড়কে যানবাহনের ভিড় বেড়ে যাবে। এ ভিড় ওই সড়কে যানজট পরিস্থিতি সৃষ্টি করতে পারে। নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আসলে সেতু নির্মাণের পর সংযোগ সড়কের কাজ হাতে নেওয়া—আমাদের পরিকল্পনার দুর্বলতা চোখে পড়ে। সেতু নির্মাণ করতে চার বছর লেগেছে। অথচ এ সময়ের মধ্যে রাস্তা হবে না কেন? সেতু হয়েছে, অথচ দুদিকে রাস্তা হয়নি—এটা শুধু চট্টগ্রামে নয়, দেশের বিভিন্ন জায়গায় এ দৃশ্য চোখে পড়ে। একইভাবে কর্ণফুলী তৃতীয় সেতুর সুফল আমরা তাৎক্ষণিক পাচ্ছি না।’ বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করে আলী আশরাফ আরও বলেন, ‘কর্ণফুলীতে তৃতীয় সেতু নির্মাণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি ছিল। এ সেতু চালুর কারণে কর্ণফুলীর দক্ষিণ পারে শিল্পাঞ্চল সম্প্রসারিত হবে। কক্সবাজারের টেকনাফ পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবিও জোরালো হবে। এক কথায়, এ সেতু চালু হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস। ’সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, বহদ্দারহাট থেকে কর্ণফুলী তৃতীয় সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটারের সংযোগ সড়কটি চওড়া করার দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। সরকার এর জন্য ১৪২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সূত্র মতে, সংযোগ সড়ক চওড়া করার কাজ শুরু হলেও তা ২০১৩ সালের ডিসেম্বরের আগে বাস্তবায়ন করা সম্ভব হবে না। বিগত সরকারগুলোর অদূরদর্শিতার কারণে আগামী তিন বছর কাঙ্ক্ষিত সুফল পাবে না এ অঞ্চলের নাগরিক ও পর্যটকেরা।সওজের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, সংযোগ সড়কে তিনটি পাতালপথের (আন্ডারপাস) নকশা তৈরি হচ্ছে। এ কাজ শেষ হলেই দরপত্র আহ্বান করে রাস্তা চওড়া করার কাজ শুরু হবে। পটিয়ার হুলাইনের মাহবুব আলম নগরের একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। যাতায়াতের অসুবিধার কারণে বলুয়ারদীঘির পাড়ে তিনি বাসা ভাড়া নেন। যদিও তাঁর বাড়ি শহরতলীর পটিয়া এলাকায়। সময়মতো বাস ধরতে পারলে শহরতলীর বাড়ি যেতে তাঁর ২০ মিনিট লাগে। কর্ণফুলী তৃতীয় সেতু উদ্বোধনের কথা শুনে মাহবুব শহরের বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিগগির তিনি কর্ণফুলীর দক্ষিণপারে অবস্থিত শহরতলীর বাড়িতে উঠবেন। মাহবুবের মতো আরও অনেকে শহরের বাসা ছেড়ে দক্ষিণ চট্টগ্রামের পৈতৃক বাড়িতে উঠবেন বলে জানা গেছে। এতে নগরের ওপর চাপও ক্রমশ কমতে থাকবে। মাহবুব প্রথম আলোকে বলেন, ‘কর্ণফুলী তৃতীয় সেতু উদ্বোধন হলেই আমি বাসা ছেড়ে দেব। প্রতিদিন বাড়ি থেকেই আসা-যাওয়া করব। এতে একদিকে খরচ কমবে, অন্যদিকে পরিবার-পরিজনের সঙ্গে থাকাও যাবে।’মোহাম্মদ উল্লাহ নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়েন। তাঁর বাড়ি কর্ণফুলী নদীর দক্ষিণপারে। তিনি বলেন, ‘যোগাযোগব্যবস্থার অসুবিধার কারণে এত দিন শহরে ছিলাম। নতুন সেতু চালু হলেই নিজবাড়িতে থেকেই পড়াশোনা চালিয়ে নিতে পারব। এতে একাকী জীবনের নানা দুর্গতি ও খাওয়ার অসুবিধা সব দূর হয়ে যাবে। বাবা-মায়ের সান্নিধ্যেও থাকতে পারব।’ জানা গেছে, ব্রিটিশআমলে কালুরঘাট সেতু নির্মাণের মাধ্যমে চট্টগ্রামের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের সংযোগ ঘটেছিল। ওই সেতু তৈরি হয় রেল চলাচলের জন্য। পরে একমুখী গাড়ি চলাচলের জন্য তা খুলে দেওয়া হয়। আধুনিক যোগাযোগব্যবস্থার জন্য কালুরঘাট সেতুটি একপ্রকার অচল বলে মনে করছেন অনেকে। কারণ সেতুর একপাড়ের গাড়ি চললে বিপরীত পাড়ের গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়। এতে সময় ও শ্রমঘণ্টা—উভয় নষ্ট হয়। শুধু রেল চলাচলের জন্য এটি এখন উপযোগী। সূত্র জানায়, কালুরঘাট সেতুর পর ব্রিটিশ ও পাকিস্তানআমলে কর্ণফুলীর ওপর দিয়ে আর কোনো সেতু নির্মিত হয়নি। হুসেইন মুহম্মদ এরশাদের আমলে কর্ণফুলী নদীর ওপর দিয়ে বেইলি সেতুর আদলে নেদারল্যান্ড থেকে আমদানি করা একটি লোহার কাঠামোর সেতু নির্মাণ করা হয়। এটার নামকরণ করা হয় শাহ আমানত সেতু। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে বিশাল একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে সেতুটি ভেঙে যায়। পরে আবার মেরামত করে তা গাড়ি চলাচলের উপযোগী করা হয়। স্থানীয় সূত্র জানায়, আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য শাহ আমানত সেতুটি এখন আর উপযোগী নয়। কারণ ভারী যানবাহন এ সেতুর ওপর দিয়ে চলাচল করতে পারে না। ছোট আকারের গাড়ি তথা মিনিবাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি (কার), সিএনজি অটোরিকশা, ট্যাক্সি, মোটরসাইকেল আর রিকশার সেতুতে পরিণত হয় শাহ আমানত সেতু। জানা গেছে, শাহ আমানত সেতু দিয়ে প্রতিদিন প্রায় ছয় হাজারের বেশি গাড়ি পারাপার হচ্ছে। তৃতীয় সেতু চালু হলে কালুরঘাট একমুখী সেতু ও ব্রিজঘাটা ফেরিঘাটের ভারী গাড়িগুলো তৃতীয় সেতু দিয়ে পারাপার হবে। তখন নতুন সেতু দিয়ে গাড়ি পারাপারের সংখ্যা ১২-১৩ হাজারে উন্নীত হবে বলে ইজারাদার ও গাড়িচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে