কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ি-চালিয়াতলি চার কিলোমিটার সড়কের মধ্যে এক কিলোমিটার সড়কের সংস্কারকাজ চলছে। জোয়ারের পানি ও সাগরের উত্তাল ঢেউসহ দুর্যোগের কবল থেকে রক্ষা করতে সড়কের দুই পাশে বসানো হচ্ছে ব্লক। তবে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ব্লক নির্মাণে নানা অনিয়ম চলছে। বসানোর আগেই ব্লকগুলো ভেঙে যাচ্ছে। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, মাতারবাড়ি-চালিয়াতলির চার কিলোমিটার সড়কের মধ্যে ধারাখাল থেকে শুরু করে পশ্চিমের অংশ এক কিলোমিটার সড়ক সংস্কারের জন্য স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) প্রায় দুই কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেয়। কাজের দায়িত্ব পান ঠিকাদারি প্রতিষ্ঠান চকরিয়া ডেভেলপমেন্ট সোসাইটি। কার্যাদেশ মতে গত বছর ৩১ জানুয়ারি কাজ শুরু করে চলতি বছরের ৩১ জানুয়ারি কাজ শেষ করার কথা। কিন্তু যথাসময়ে কাজ শেষ হয়নি।৬ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, বেশ কয়েকজন শ্রমিক সড়কের কয়েকটি স্থানে দুই পাশে ব্লক বসাচ্ছেন। এর মধ্যে প্রচুর ভাঙা ব্লকও রয়েছে। শ্রমিকেরা কৌশলে ভাঙা ব্লকগুলো সড়কের মাঝখানে বসিয়ে দিচ্ছেন। সড়কের দুই পাশে প্রতিরোধ দেওয়াল দেওয়ার কথা থাকলেও কয়েকটি স্থানে তা চোখে পড়েনি। অনেক জায়গায় কার্পেটিংও হয়নি। স্থানীয় মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাটের বাসিন্দা নুরুল আনোয়ার বলেন, ব্লকগুলো বসানোর আগেই ভেঙে যাচ্ছে। সাগরের জোয়ারের পানির কবল থেকে সড়কটি রক্ষা পাবে কি না এখন সন্দেহ দেখা দিয়েছে। কালারমারছড়া ইউপি সদস্য নুরুন্নবী প্রথম আলোকে বলেন, ‘নিম্ন্নমানের সামগ্রী দিয়ে ব্লক তৈরি করা হয়েছে। তাই সড়কে বসানোর সময় ভেঙে যাচ্ছে। এ ব্যাপারে প্রকৌশলীকে অবহিত করেছিলাম। কোনো কাজ হলো না।’ ব্লক নির্মাণে অনিয়মের কথা জানালেন মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী। তিনি বলেন, ব্লক বসানোর আগেই জিও টেক্সটাইলের (পানি প্রতিরোধক পলিথিন) নিচে বালু দেওয়া কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। ফলে ব্লকগুলো ধ্বসে পড়তে পারে। স্থানীয় প্রকৌশলী অধিপ্তরের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে এ ব্যাপারে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। ঠিকাদারের পক্ষে কাজ দেখাশোনার দায়িত্বরত আবু শামা বলেন, গাড়ি নিয়ে ব্লক সড়কে আনতে গিয়ে কিছু ব্লক ভেঙে যাচ্ছে। পরে এসব ভাঙা ব্লক সড়কে না বসিয়ে ফেলে দেওয়া হচ্ছে। নিম্নমানের সামগ্রী দিয়ে ব্লক তৈরির অভিযোগ ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, ‘সিডিউল মতে ব্লক তৈরি করা হয়েছে।’ কবে নাগাদ কাজ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, হরতালের কারণে বাহির থেকে গাড়ি নিয়ে মালামাল আনা সম্ভব হচ্ছে না। এর পরও জুনের মধ্যে কাজ শেষ করা চেষ্টা চলছে। ওই সড়কের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, এক কিলোমিটার সড়কের দুই পাশে ৮৯ হাজার ব্লক বসানোর কাজ চলছে। বসাতে গিয়ে ব্লকের কিছু কিছু স্থানে ভেঙে যাচ্ছে। পরে এসব ভাঙা ব্লকগুলো মেরামত করে দেওয়া হবে। তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ত্রুটিপূর্ণ ব্লক ঠিক করে দেওয়া হবে।’ প্রকৌশলী অধিদপ্তরের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলমগীর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জিওটেক্সটাইলের ওপরে ব্লক বসাতে গিয়ে মাঝখানে কিছু ফাঁক থেকে হচ্ছে। পরে এসব ফাঁকা স্থানে ঢালাই করে দেওয়া হবে। ব্লক বসানোর সময় কিছু কিছু কোণায় ভেঙে যাচ্ছে। পরে তা ঠিক করে দেওয়া হবে।