দুই পাশের সড়ক-নকশায় ত্রুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-বান্দরবান বেড়াতে যাওয়ার ঝক্কি অনেকটাই কমিয়ে দিয়েছিল দৃষ্টিনন্দন তৃতীয় কর্ণফুলী সেতু। এই সেতু দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ সহজ করলেও দুই পাশের সংযোগ সড়ক ত্রুটিপূর্ণ হওয়ায় দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কের নকশায় কিছু ত্রুটিবিচ্যুতি খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চার সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি এই ত্রুটি শনাক্ত করে। কমিটি এসব ত্রুটি সংশোধনের জন্য ১২টি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। প্রস্তাবমতো নতুন কাঠামো নির্মাণ করতে হলে আড়াই থেকে তিন কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে।পুলিশের হিসাবে দেখা যায়, সড়ক-নকশায় ত্রুটির কারণে গত ১৩ মাসে সেতুর ওই দুই প্রান্তে অন্তত ১৫টি দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ সদস্যও আছেন।জানা গেছে, নতুন সেতুর দুই প্রান্তের এই দুর্ঘটনা ভাবিয়ে তোলে সওজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। সওজের কারিগরি সেবা উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহবুব উল আলমকে প্রধান করে গঠিত চার সদস্যের একটি কমিটিকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়। কমিটির অন্য তিন সদস্য হলেন—সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুল হক, নির্বাহী প্রকৌশলী রেহানা হক ও উপবিভাগীয় প্রকৌশলী শামীম আরা পারভিন।কমিটির সদস্যরা জানান, তাঁরা সরেজমিনে পরিদর্শন করে ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে সেতুর দুই পাশের সড়ক ও গোলচত্বরের নকশায় কিছু ত্রুটি চিহ্নিত করেছেন। এসব ত্রুটি সারিয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সুনির্দিষ্ট প্রস্তাবও পেশ করেন। প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে দুই দিকের সংযোগ সড়কে কিছু অবকাঠামোগত পরিবর্তন আনতে হবে বলে জানা গেছে। জানতে চাইলে প্রকৌশলী মাহবুব উল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা যেসব ছোটখাটো ত্রুটিবিচ্যুতি পেয়েছি, তা সারানোর জন্য সুনির্দিষ্ট প্রস্তাবও দিয়েছি। প্রস্তাবমতো কাজ হলে আশা করি, দুর্ঘটনার হার অনেক কমে আসবে।’বিশেষজ্ঞ কমিটির সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—সেতুর উত্তর প্রান্তের গোলচত্বরের ব্যাস ১৮ মিটার থেকে কমিয়ে ১৬ মিটার করা, এই পাশে পানিনিষ্কাশনের জন্য ভূগর্ভস্থ ব্যবস্থা (আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম), দক্ষিণ পাশের ঢালুর দিকে রাস্তা পারাপারের জন্য আন্ডারপাস অথবা ফুটওভার সেতু তৈরি করা, সেতুর দুই পাশের সংযোগ-সড়কের মুখ থেকে সব ধরনের যানবাহন স্ট্যান্ড সরিয়ে নেওয়া ইত্যাদি।সওজের চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘তৃতীয় কর্ণফুলী সেতুর দুই পাশে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের প্রস্তাব আমরা পেয়েছি। এসব প্রস্তাব অনুযায়ী, নতুন ব্যবস্থা নিতে হলে কত খরচ হবে, তার হিসাববিবরণী (এস্টিমেট) তৈরি করা হচ্ছে। বরাদ্দ পাওয়া গেলে আনুষঙ্গিক কাজ শুরু করা হবে।’সওজের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সেতুর দক্ষিণ পাশে আন্ডারপাস অথবা ফুটওভার ব্রিজ করতে হলে অন্তত দুই কোটি টাকা খরচ হবে। উত্তর পাশের অবকাঠামোগত পরিবর্তনে খরচ হতে পারে আরও ৫০ থেকে ৬০ লাখ টাকা। এ ব্যাপারে অনুমিত বাজেট তৈরি করে তা অনুমোদনের জন্য সড়ক ভবনে পাঠানো হচ্ছে।