দুই প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈবচক্রে নয়, বরং যুক্তিযুক্ত কারণেই বদলে গেছে অমিত রায়হান, নাসির উদ্দিন ও ইফতেখার তৌহিদের জীবনধারা। তাঁরা হেঁটে যাওয়ার সময় চারপাশ থেকে এখন প্রশংসাধ্বনি শুনতে পান; মুঠোফোনের পর্দায় দেখতে পান শুভেচ্ছাবার্তা। আত্মীয়স্বজন, বন্ধু ও শিক্ষকেরা এখন তাঁদের নিয়ে গর্ব করেন। পিঠ চাপড়ে দিয়ে বলেন, ‘এগিয়ে যাও...’।জাদুর কাঠির স্পর্শে নয়, বরং যে কাজটির জন্য বদলে গেছে তাঁদের জীবনধারা, তা হলো ক্যাম্পাস সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিরোপা অর্জন।১০ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা সিটিতে অবস্থিত এটিএন বাংলার স্টুডিওতে অনুষ্ঠিত হলো দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ‘ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাস সংসদীয় বিতর্ক’ প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠান। এতে সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসকে (বিইউপি) হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিরোধী দল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অমিত বাহিনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পায় এক লাখ টাকা। সেই সঙ্গে প্রথম রানারআপ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ৫০ হাজার টাকা, দ্বিতীয় রানারআপ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩০ হাজার টাকা ও তৃতীয় রানারআপ প্রাইম ইউনিভার্সিটি পায় ২০ হাজার টাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। আর পুরো বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।সেদিনের পর থেকে বদলে যাওয়া এই নতুন জীবন বেশ উপভোগ করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ুয়া এই তিন বন্ধু। যদিও চ্যাম্পিয়ন হওয়াটা তাঁদের কাছে নতুন কিছু নয়। অমিত সেই স্কুলজীবন থেকেই বিতর্কচর্চা করেন। সেই সূত্রে অনেকবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ গ্রহণ করেছেন তিনি। ‘টিআইবি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ২০১০ ও ২০১১—দুটোরই চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলাম। তা ছাড়া ২০১০ সালে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বেস্ট ডিবেটর হয়েছি। ওই বছরই নটর ডেম ডিবেটর লিগ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় “বেস্ট ডিবেটর অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হয়েছিলাম।’ বলছিলেন অমিত।অপর দুই বন্ধু নাসির ও ইফতির অর্জনের ঝুলিটাও কম সমৃদ্ধ নয়। ‘নাসির ও আমি তো একই সঙ্গে কলেজে পড়েছি, তখন থেকে দুজন একসঙ্গে বিতর্ক করছি। সে-ও অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে।’ জানালেন অমিত। এই দুই তার্কিকের সঙ্গে ইফতির পরিচয়টা অবশ্য বিশ্ববিদ্যালয়ে এসে। তবে ইফতিরও বিতর্কচর্চার শুরু ওই স্কুলজীবনেই। তিনি কলেজজীবনে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন। আর বিশ্ববিদ্যালয়ে এসে শুধু ইংরেজি বিতর্কেই চ্যাম্পিয়ন হয়েছেন পাঁচবার।বিশ্ববিদ্যালয়ের পাট চুকাননি, তাই এখনো তাঁদের প্রধান পরিচয় শিক্ষার্থী। তবে এর পাশাপাশি অমিত তাঁর ললাটে জুড়েছেন আরেক পরিচয়—কথাবন্ধু। তিনি একটি বেসরকারি এফএম চ্যানেলে কথাবন্ধু হিসেবে কাজ করছেন। ‘এই পরিচয়টাও আমি বেশ উপভোগ করি’ বলে ঠোঁটে গর্বের হাসিটুকু ঝুলিয়ে রাখলেন। ইফতি কাজ করছেন একটি বিজ্ঞাপনী সংস্থায়।তবে পড়ালেখার পাট চুকিয়ে অমিত চান উন্নয়ন সেক্টরে ক্যারিয়ার গড়তে। নাসির ও ইফতিও অনুরূপ কোনো সরকারি অথবা বেসরকারি সেক্টরে থিতু হবেন বলে প্রত্যয় ব্যক্ত করলেন।এবার শোনা যাক প্রথম রানারআপ দলের কথা। মুনজিন তাজরিয়ান, সামিউল হাসান ও ফারিয়া হক চ্যাম্পিয়ন হতে পারেননি বটে; তবে এই অর্জনকেও খাটো করে দেখছেন না তাঁরা। শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তাঁদের বিশ্ববিদ্যালয় যেমন নবীন, তেমনি বিতর্ক দল হিসেবেও তাঁরা নবীন। তাই এই স্বল্প সময়ে এমন অর্জন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বলে মনে করছেন সংশ্লিষ্ট সবাই। তার পরও ফারিয়ার মনটা একটু খারাপই। এই প্রথম তিনি কোনো বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ট্রফি বগলদাবা করতে ব্যর্থ হলেন। স্কুল পর্যায় থেকে বাংলাদেশ টেলিভিশনের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া চ্যাম্পিয়ন বিতার্কিকের পক্ষে এই সামান্য ব্যর্থতাটুকু মেনে নেওয়া একটু কষ্টকর বৈকি[email protected]