দুই প্রার্থীর প্রায় অভিন্ন প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নির্বাচনের বাকি মাত্র এক দিন। কে হবেন নগরপিতা, তা নির্ধারিত হবে ২৮ এপ্রিল রাতে। এদিন নগরের ভোটাররা আগামী পাঁচ বছরের জন্য বেছে নেবেন মেয়রকে। তার আগে এসব ভোটারের মন জয় করতে দিন-রাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তাঁদের সামনে তুলে ধরছেন নগর পরিচালনার রূপরেখা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
নির্বাচনের সপ্তাহ খানেক আগে প্রতিশ্রুতিগুলো লিখিত আকারে তথা ইশতেহার হিসেবে উপস্থাপন করেছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন ও বিএনপি-সমর্থিত মোহাম্মদ মনজুর আলম। রাজনৈতিকভাবে ভিন্ন আদর্শের হলেও ইশতেহারে তার তেমন ছাপ পাওয়া যায়নি। নগরবাসীকে দেওয়া দুই প্রার্থীর প্রতিশ্রুতিতে অমিলের চেয়ে মিল পাওয়া গেছে বেশি। নাগরিক সেবা ও নগরের উন্নয়নকেই প্রাধান্য দিয়েছেন দুজনই।
গত বুধবার সকালে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘স্বপ্নের মেগাসিটি গড়তে চাই’ স্লোগানে ৩৫ দফার ইশতেহার ঘোষণা করেন আ জ ম নাছির উদ্দিন। পরদিন বৃহস্পতিবার বিকেলে রিমা কমিউনিটি সেন্টারে ‘সন্ত্রাসমুক্ত নগর, ফরমালিনমুক্ত খাবার ও উন্নত চট্টগ্রামের জন্য একটি ভোট দিন’ স্লোগানে ৫৪ দফার ইশতেহার দেন মোহাম্মদ মনজুর আলম।
দুই প্রার্থীর ইশতেহার পর্যালোচনা করে দেখা গেছে, দুজনের মূল প্রতিশ্রুতিই হচ্ছে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন করা। এ জন্য নতুন খাল খনন, কর্ণফুলী নদী খনন, জলকপাট (স্লুইসগেট) নির্মাণ করা হবে। এর বাইরে আ জ ম নাছির ১৯৯৫ সালের ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং খাল ও নালাগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন।জলাবদ্ধতা নিরসনের মতো আরও অনেক প্রতিশ্রুতির ব্যাপারে প্রায় একই ধরনের উদ্যোগের কথা বলেছেন এবারের নির্বাচনে এই দুই মূল প্রার্থী। দুজনই সিটি করপোরেশন পরিচালনায় সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর দিয়েছেন। দুজনই বলেছেন, সিটি করপোরেশনের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। সিটি করপোরেশনের দায়িত্ব পালনকালে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি না করার ঘোষণা দিয়েছেন তাঁরা। পাশাপাশি কর আদায় ব্যবস্থাকে সহজ করা হবে জানান।
আ জ ম নাছির শিক্ষার প্রসারে সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ বিজ্ঞান অনুষদ চালু, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা, নৈশ বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবেন। এ ছাড়া দরিদ্র শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়ন ও মাসিক ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হবে বৃত্তি।
অন্যদিকে মোহাম্মদ মনজুর আলমের ৫৪ দফা প্রতিশ্রুতির আটটিই শিক্ষা-সংশ্লিষ্ট। এর মধ্যে রয়েছে ডিজিটাল পাঠাগার ও গবেষণাগার স্থাপন, মেডিকেল কলেজ স্থাপন, নতুন স্কুল ও কলেজ স্থাপন, সিটি করপোরেশন পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু, সিটি করপোরেশন টেকনিক্যাল ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং সিটি করপোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠানের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া ইত্যাদি।

সিটি করপোরেশন নির্বাচন ২০১৫
সিটি করপোরেশন নির্বাচন ২০১৫

আ জ ম নাছির নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কেন্দ্রীয় স্যুয়ারেজ পাইপলাইন স্থাপনের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড স্যুয়ারেজ ট্যাঙ্ক স্থাপন করে পয়োনিষ্কাশনের ব্যবস্থা করা, ময়লাবাহী গাড়ির সংখ্যা ও জনবল বৃদ্ধি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মোহাম্মদ মনজুর আলম বর্জ্য ব্যবস্থাপনার জন্য উপযুক্ত প্রকল্প নেওয়ার কথা বলেছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার ও এডিবির অর্থায়নে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন চালু এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এবারের নির্বাচনে জয়ী হলে দুই প্রার্থীই সিটি করপোরেশনের জন্য আয়বর্ধক প্রকল্প নেওয়ার ঘোষণা দিয়েছেন।
দুই হেভিওয়েট প্রার্থীই নগরের পানিসংকট নিরসনের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইশতেহারে। আ জ ম নাছিরের প্রতিশ্রুতিতে বলা হয়েছে, পানিসংকট নিরসনে অত্যাধুনিক পদ্ধতিতে নতুন করে পানি সরবরাহের উদ্যোগ নেবেন এবং সুপেয় পানির উৎস কর্ণফুলী ও হালদাকে পরিকল্পিতভাবে রক্ষণাবেক্ষণ করা। আর মোহাম্মদ মনজুর আলম করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি নিরাপদ সুপেয় পানির প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
নগরের ক্রমবর্ধমান যানজট নিরসনে মনজুর আলম নগরের হালিশহরে বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণের কথা বলেছেন। উন্নত বিশ্বের মতো বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ নেওয়া হবে বলে ইশতেহারে উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে আ জ ম নাছিরের ইশতেহারে বলা হয়েছে, নগরের সড়কগুলো প্রয়োজন অনুযায়ী প্রশস্ত করা হবে। কর্ণফুলী তৃতীয় সেতু থেকে শুরু হওয়া আউটার রিং রোডটি কালুরঘাট সেতু হয়ে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া এবং সিটি করপোরেশনের উদ্যোগে মেট্রোরেল প্রকল্প গ্রহণ করা হবে।
নগরের আবাসন সমস্যা দূর করার জন্য আ জ ম নাছির সিটি করপোরেশনের পরিত্যক্ত ও কম গুরুত্বপূর্ণ জায়গায় বহুতল ভবন নির্মাণ করবেন। শ্রমিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য হোস্টেল ও অ্যাপার্টমেন্ট প্রকল্প নেবেন। অন্যদিকে মনজুর আলম পোশাকশ্রমিক, নিম্ন আয়ের মানুষ ও মুক্তিযোদ্ধাদের জন্য আবাসনের ব্যবস্থা করবেন।
দুই প্রার্থীই চট্টগ্রাম নগরের বিভিন্ন ধর্মের লোকজনের জন্য ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনের ঘোষণা দিয়েছেন ইশতেহারে। এ ছাড়া কবরস্থান ও শ্মশান নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
প্রতিদ্বন্দ্বী হলেও ফরমালিনমুক্ত বাজার ব্যবস্থাপনা চালুর ব্যাপারে ইশতেহারে একমত হয়েছেন দুজনই।
ইশতেহার ঘোষণার সময় আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘এখনো চট্টগ্রামই হতে পারে একটি “একটি আইডল গ্রিন সিটি”। নাগরিক সুযোগ-সুবিধা এবং জীবনযাত্রার মানের দিক থেকে বিশ্বের অন্যান্য “মেগাসিটির” সমকক্ষ হয়ে উঠতে পারে, যদি এখানকার সম্পদগুলোকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কাজে লাগানো যায়, পরিকল্পিত ও টেকসই উন্নয়ন করা যায়। স্রেফ কোনো “ফ্রেমবন্দী দফায়” সীমাবদ্ধ না থেকে এই বন্দর শহরকে মেগাসিটির নাগরিক সুবিধায় উন্নীত করতে যা দরকার, সবকিছুই করার পরিকল্পনা রয়েছে আমাদের।’
অন্যদিকে মনজুর আলম বলেন, ‘৫৪ দফা কোনোক্রমে চূড়ান্ত নয়, সম্পর্কহীনও নয়। এই তালিকা মেয়র নির্বাচিত হলে আমাদের কর্মকাণ্ডের গাইডলাইন হিসেবে কাজ করবে। চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনসহ বিভিন্ন থিংক ট্যাঙ্ক ও বিশেষজ্ঞ কমিটির সেঙ্গ আলোচনা-পর্যালোচনাক্রমে ব্যয়সাশ্রয়ী অভিনব প্রকল্প নেওয়া হবে। যেগুলো বাস্তবায়নের জন্য সরকারের মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হবে না।’