দুই ফার্স্টলেডির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার সাবেক আর বর্তমান দুই ফার্স্টলেডিতে লেগে গেছে মহা বিবাদ। কেউই অন্যকে ছাড় দিতে রাজি নন। রাজনীতি আর আইনি এ দুই রণাঙ্গনে লড়ে যাচ্ছেন তাঁরা।দুজনের বিবাদের মূলে রাজধানী আবুজার দামি জায়গায় একটি জমির প্লট। সাবেক ফার্স্টলেডি তুরাই ইয়ার’আদুয়াকে তাঁর স্বামী ক্ষমতায় থাকার সময় জমিটি বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই বরাদ্দ বাতিল করে তা দেওয়া হয়েছে এখনকার ফার্স্টলেডি পেশেন্স জোনাথনকে। তুরাই ইয়ার’আদুয়া আবার জমিটি পেয়েছিলেন ‘আফ্রিকান ফার্স্ট লেডিজ পিস মিশন’-এর (এএফএলপিএম) সভানেত্রী হিসেবে। ২০১০ সালে তাঁর স্বামী প্রেসিডেন্ট উমারু ইয়ার’আদুয়ার মৃত্যু হলে জমিটা তাঁর কাছ থেকে নিয়ে নেওয়া হয়। কারণ, পদাধিকার বলে এএফএলপিএমের সভানেত্রী এখন বর্তমান ফার্স্টলেডি পেশেন্স জোনাথন। এখানে এএফএলপিএম অর্থাৎ ‘আফ্রিকান ফার্স্ট লেডিজ পিস মিশন’ সম্পর্কে একটু বলা দরকার। নারীর ক্ষমতায়নের এই রমরমার যুগে ফার্স্টলেডিরাও যে অনেক কিছু করেন এবং করতে পারেন, সেটা দেখানো এর অন্যতম উদ্দেশ্য। সংগঠনটি প্রতিষ্ঠিত হয় বছর দশেক আগে।নাইজেরিয়ার রাজধানী আবুজায় এর সদর দপ্তর। যা-ই হোক, তুয়ার ইয়ার’আদুয়া ফার্স্টলেডি থাকার সময় খুবই জাঁদরেল মহিলা হিসেবে পরিচিত ছিলেন। প্রেসিডেন্ট উমারু ইয়ার’আদুয়া অসুস্থ হয়ে ২০০৯ সালে সৌদি আরবে চিকিৎসা নিতে গেলে দেশ কার্যত তুয়ার ইয়ার’আদুয়াই চালাতে থাকেন। আজকের ফার্স্টলেডি তখন ক্ষমতাহীন ভাইস প্রেসিডেন্ট জোনাথন গুডলাকের স্ত্রী। কিন্তু পরের বছরই প্রেসিডেন্ট উমারু ইয়ার’আদুয়ার মৃত্যু হলে ছবিটা বদলে যায়। শুরু হয় আবুজার ওই জমি নিয়ে দুই রমণীর দ্বৈরথ।সাবেক ফার্স্টলেডি তুয়ার ইয়ার’আদুয়ার আইনজীবীরা দাবি করেছেন, জমিটা বরাদ্দ দেওয়া হয়েছিল তাঁর প্রতিষ্ঠা করা এনজিও ‘নারী ও যুব ক্ষমতায়ন ফাউন্ডেশন’-এর (ডব্লিউওয়াইইএফ) নামে। তা মোটেই ফার্স্টলেডিদের সংগঠনকে দেওয়া হয়নি। কিন্তু বর্তমান ফার্স্টলেডি পেশেন্স জোনাথনের মুখপাত্রের ভাষ্য, জমিটা প্রথমে ফার্স্টলেডিদের সংগঠনের প্রেসিডেন্ট হিসেবেই তুয়ার ইয়ার’আদুয়াকে দেওয়া হয়েছিল। কিন্তু পরে বরাদ্দ পরিবর্তন করে তাঁর নিজের এনজিও ডব্লিউওয়াইইএফকে দেওয়া হয়। তুয়ার ইয়ার’আদুয়া মামলা ঠুকে জিতে গেছেন। আদালত বলেছে, বিচারমন্ত্রী দাবি করলেও জমিটা যে প্রথমে এএফএলপিএমকে বরাদ্দ দেওয়া হয়েছিল তার কোনো প্রমাণ মেলেনি। সরকার পক্ষ বলেছে, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবে। হারুন-অর-রশীদ