>৫ জানুয়ারি সিআইডি ১৩ জনকে আসামি করে এবং ১০ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে অভিযোগপত্র জমা দেয়
দুই বছর তদন্ত শেষে নগরের বহদ্দারহাটের খাজা রোডে দুই ভাইকে খুনের মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কিন্তু বাদীর অভিযোগ, অভিযোগপত্রে মূল আসামিদের বাদ দেওয়া হয়েছে। অধিকতর তদন্তে পাঠাতে আদালতে নারাজি আবেদন করবেন তিনি।
৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২৪ জানুয়ারি মামলাটির ধার্য দিন রয়েছে।
মামলার বাদী ও নিহত ব্যক্তিদের বড় ভাই মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের ধরছে না। দুই বছর তদন্ত করে অভিযোগপত্র দেওয়া হলেও মূল আসামিদের বাদ দেওয়া হয়েছে। জড়িত নন নিরীহ অনেককে আসামি করেছে। তাই সিআইডির দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে ধার্য দিনে আদালতে নারাজি দিয়ে মামলাটি অধিকতর তদন্তে পাঠাতে আবেদন করা হবে।
বাদী আরও বলেন, তদন্তেই দুই বছর পার করে দিয়েছে পুলিশ। দুই ভাইয়ের ছেলেমেয়েদের বলতে পারি না তাদের বাবা হত্যার বিচার পাব কি না।
২০১৪ সালের ১৯ ডিসেম্বর রাতে এক আত্মীয়ের জানাজা শেষে বাসায় ফিরছিলেন আবু বকর ছিদ্দিক। তিনি ফার্নিচার ও আবাসন ব্যবসায়ী। ‘ধর ধর’ বলে চিৎকার দিয়ে কয়েকজন লোক তাঁকে ঘিরে পেটাতে থাকে। খবর পেয়ে ছুটে আসেন আরেক ভাই ফরিদুল আলম। তাঁকেও পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাঠ ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই খুনের ঘটনা ঘটেছে উল্লেখ করে পরদিন নিহত দুই ব্যক্তির বড় ভাই মঈন উদ্দিন বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজনকে আসামি করা হয়।
১৩ মাস চান্দগাঁও থানার পুলিশ মামলাটি তদন্ত করে। ধীরগতি হওয়ায় বাদী আদালতে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেন। গত বছরের ২৮ জানুয়ারি আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে এই মামলার এজাহারে আরও ৯ জন আসামির নাম অন্তর্ভুক্ত করতে আবেদন করেন। ৫ জানুয়ারি সিআইডি ১৩ জনকে আসামি করে এবং ১০ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
বাদী অভিযোগ করেন, অভিযোগপত্রে সিআইডি যে ১৩ জনকে আসামি করেছে তার মধ্যে মো. মুছা, মো. লোকমান, মো. শফি ও জামাল উদ্দিন জড়িত নন। বাদ দেওয়া আসামিদের মধ্যে শওকত আকবর, ফজল করিম, মো. হারুন ও রেজাউল করিম জড়িত। এ জন্য আদালতে নারাজি দেওয়া হবে।
এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) বর্তমানে গাইবান্ধায় কর্মরত অহিদুর রহমান গত মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কাঠের ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। তদন্তে সাক্ষ্যপ্রমাণে যাদের বিরুদ্ধে সত্যতা পাওয়া গেছে, তাদের আসামি করা হয়েছে। মূল আসামি কাউকে বাদ দেওয়া হয়নি। ঘটনার সময় অনেক লোক ছিল, যাদের শনাক্ত করা গেছে, তাদের আসামি করা হয়েছে।