দুই বছরে ছয় কোটি টাকার ফসল নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার পাহাড়বেষ্টিত ইউনিয়নগুলোর ফসলের খেত ও বিভিন্ন ফলের বাগানে বন্য হাতির তাণ্ডব বেড়েই চলেছে। হাতির তাণ্ডবে গত দুই বছরে প্রায় ছয় কোটি টাকার ফসল ও ফলের বাগান নষ্ট হয়েছে। এ কারণে ওই এলাকার অনেক চাষি চলতি বছর মৌসুমি সবজি ও আমন ধান চাষ বন্ধ করে দিয়েছেন।
চাষি ও বাগানমালিকেরা জানান, পাহাড়ে খাদ্যের অভাব দেখা দেওয়ায় বন্য হাতির দল খাদ্য সংগ্রহের জন্য পাহাড়ের পাশের এলাকাগুলোর খেত-খামারে হানা দিচ্ছে। বন বিভাগের পক্ষ থেকে এসব হাতি তাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে, চাষি ও বাগানমালিকদের ক্ষতির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে।
বন বিভাগ সূত্র জানায়, সাতকানিয়া উপজেলার পূর্বাঞ্চল ও পশ্চিমের পাহাড়গুলোতে রয়েছে হাতি পাল। এসব হাতি ১০ থেকে ১২টি দলে আলাদা হয়ে পাহাড় ও পাশের এলাকায় প্রতিনিয়ত বিচরণ করে। এ সময় খেতের ফসল ও ফলের বাগানে হানা দেয়। সর্বশেষ ৫ সেপ্টেম্বর ভোরে এওচিয়া ইউনিয়নের চূড়ামনি এলাকায় পেয়ারাবাগানে হানা দিয়ে প্রায় তিন লাখ টাকার পেয়ারা ও গাছ নষ্ট করেছে হাতির দল।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলার ছদাহা, বাজালিয়া, পুরানগড়, ধর্মপুর, সোনাকানিয়া, মাদার্শা, এওচিয়া ও চরতি ইউনিয়নের পাহাড়ের পাশের এলাকায় গত দুই বছরে বন্য হাতির দল প্রায় এক হাজার ৫০০ হেক্টর আবাদি জমির ফসল ও ফলের বাগান নষ্ট করে দিয়েছে। এসব ফসল, ফল ও বাগানের মূল্য প্রায় ছয় কোটি টাকা।
মাদার্শা ইউনিয়নের পেয়ারা ও লিচুবাগানের মালিক নাজিম উদ্দিন (৪৮) এবং সোনাকানিয়া ইউনিয়নের চাষি খাইর আহমদ (৫০) জানান, কয়েক বছর ধরে বন্য হাতির দল পেয়ারা, লিচু ও কাঁঠালবাগান এবং ধান ও সবজিখেতে হানা দিয়ে সবকিছু তছনছ করে দিচ্ছে। লোকসানের ভয়ে অনেকে চলতি বছর আমন ধান ও সবজি চাষ বন্ধ করে দিয়েছেন।
বড় দুয়ারা বন বিটের কর্মকর্তা সোলতান আহমদ বলেন, সাতকানিয়া উপজেলার পাহাড়গুলোতে দেড় শতাধিক হাতি বসবাস করে। ওই হাতিগুলো আলাদা-আলাদা দলে একেক সময় একেক জায়গার ফসলের খেতে হানা দিচ্ছে। এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষি। বন বিভাগের লোকজন অনেকবার চেষ্টা করেও হাতিগুলো তাড়াতে পারেনি; বরং গত বছর হাতির আক্রমণে মাদার্শা রেঞ্জের এক কর্মকর্তা আহত হয়েছিলেন।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বন্য হাতির দল গত দুই বছরে বিভিন্ন ফসলের খেত ও ফলের বাগানে হানা দিয়ে চাষিদের প্রায় ছয় কোটি টাকার ফসল নষ্ট করেছে। এ ব্যাপারে বন বিভাগের ব্যবস্থা নেওয়া জরুরি।