
কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ১২টি মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। ২০১৩ সালের নভেম্বরে ১২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে জেলার ছয়টি উপজেলায় এসব মাদ্রাসার ভবন নির্মাণের কাজ শুরু হয়। ১০ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও গত দুই বছরে মাত্র একটি ভবনের কাজ শেষ হয়েছে।
‘নির্বাচিত বেসরকারি মাদ্রাসাসমূহে একাডেমিক ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় ১২টি মাদ্রাসার নির্মাণকাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার। এই দপ্তরের কর্মকর্তারা জানান, কক্সবাজার জেলা সদরে চারটি, চকরিয়ায় দুটি, পেকুয়ায় দুটি, কুতুবদিয়ায় একটি, মহেশখালীতে একটি ও টেকনাফে দুটি মাদ্রাসার ভবন নির্মাণ করা হচ্ছে। ভবন তৈরির জন্য সর্বনিম্ন ৬৭ লাখ ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ কোটি ২৮ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে। নির্মাণে বিলম্ব হওয়ার কারণ হিসেবে বৃষ্টি ও বন্যার পাশাপাশি অর্থ সংকটের কথা বলছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী ঘোষিত প্রকল্পের কাজে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরাও। তাঁদের বক্তব্য, এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী বলেন, ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামুতে ১৭টি নতুন বৌদ্ধবিহারের উদ্বোধন করেন। ওই দিন বিকেলে উখিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত দলীয় জনসভায় তিনি ১২টি মাদ্রাসার ভবন তৈরির ঘোষণা দেন। এখন ভবন নির্মাণে দেরি হওয়াটা সরকার ও দলের জন্য বিব্রতকর।
১২টি মাদ্রাসার মধ্যে কেবল কক্সবাজার শহরের বাস টার্মিনালের পাশে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। এই মাদ্রাসায় বরাদ্দ দেওয়া হয়েছিল ৭৪ লাখ ৭২ হাজার টাকা। বাকি ১১টি মাদ্রাসার মধ্যে কক্সবাজারের তৈয়রিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ভবন নির্মাণকাজ এখনো শুরুই হয়নি। এই মাদ্রাসার জন্য এক কোটি ২২ লাখ ২৬ হাজার টাকা বরাদ্দ হয়। জমি–সংক্রান্ত জটিলতার কারণে ভবন নির্মাণ শুরু হয়নি বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানান।
গত বৃহস্পতিবার চকরিয়া উপজেলার মগবাজারে অবস্থিত উম্মাহাতুল মোমেনিন মহিলা মাদ্রাসায় গিয়ে নির্মাণাধীন একটি একতলা ভবন চোখে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, মাদ্রাসার ভবন নির্মাণ শুরু হয় ২০১৩ সালের ১৮ নভেম্বর। ভবনের পাশেই পুরোনো টিনের ছাউনি দেওয়া ঘরে ক্লাস করছিল শিক্ষার্থীরা।
কয়েকজন ছাত্রী জানায়, বৃষ্টি হলে টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে। নষ্ট হয় বই–খাতা। দুই বছরেও ভবন নির্মাণ শেষ না হওয়ায় তারা হতাশ বলে জানায়। মাদ্রাসার সুপার আবুল হোসেন আনছারী বলেন, ভবনের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। কিন্তু ঠিকাদারের ধীরে কাজ করার কারণে এখন পর্যন্ত ভবনের মেঝে ঢালাইয়ের কাজ হয়নি।
এই মাদ্রাসার অল্প দূরে বেতুয়াবাজার হজরত ফাতিমা(রা) মহিলা আলিম মাদ্রাসা ভবনের কাজও শেষ হয়নি। এই অবস্থা দেখা গেছে কক্সবাজার সদরের ভোমরিয়াঘোনা হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা, খুরুশকুলের তেতৈয়া তাফীমুল কোরআন আলিম মাদ্রাসা, টেকনাফের কাটাখালী রওজাতুন্নবী (সা.) দাখিল মাদ্রাসায় গিয়ে। এসব মাদ্রাসার কাজ ৫০ থেকে ৬০ শতাংশ শেষ হয়েছে।
ধীর গতি প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সমীর কুমার রজক দাস বলেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে কক্সবাজার শহরতলির একটি মাদ্রাসার নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না। তিন দফার বন্যা, বৃষ্টিপাত এবং টাকার সংকটের কারণে কিছু মাদ্রাসার নির্মাণকাজ শেষ হতে দেরি হচ্ছে। অবশিষ্ট ১০টি মাদ্রাসার নির্মাণ দ্রুত শেষ করতে ঠিকাদারদের তাগাদা দেওয়া হয়েছে।