দুই বছরেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে আদিবাসী-বাঙালিদের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবার দিন গুনছেন বিচারের আশায়। বাঘাইছড়ি থানা সূত্রে জানা গেছে, সহিংস ঘটনার পর আদিবাসী ও বাঙালিরা পাল্টাপাল্টি মামলা করে। ২২ ফেব্রুয়ারি বাঙালিদের পক্ষে মামলা করেন মো. আবুল হোসেন। মামলায় আটজন আদিবাসীকে আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে হত্যার চেষ্টা, মারধর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। এ মামলার তদন্ত শেষে ২০১১ সালে ১৭ অক্টোবর আটজন আদিবাসীর নামে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।অন্যদিকে ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি সহিংসতায় বুদ্ধপুদি চাকমা নিহত হওয়ার ঘটনায় তাঁর স্বামী উত্তম কুমার চাকমা হত্যা মামলা করেন। এতে ২৫ জন বাঙালিকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে ২০১১ সালের ১৭ অক্টোবর ১৫ জন বাঙালির নাম উল্লেখ করে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্র দেওয়ার এক বছর পর এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি আদিবাসী-বাঙালিদের মধ্যে সহিংসতার ঘটনায় ৪১৮টি আদিবাসী ও ৫৭টি বাঙালি পরিবারের বাড়িঘর পুড়ে যায়। এতে গুচ্ছগ্রামের বুদ্ধপুদি চাকমা ও তিন দোজরি গ্রামের লক্ষ্মী বিজয় চাকমা নিহত হন। আহত হন কমপক্ষে ৩০ জন আদিবাসী। সহিংসতার পর দুই হাজারের বেশি আদিবাসী ভিটেমাটি ফেলে জঙ্গলে আশ্রয় নেন। সরকার ঘটনার পর ক্ষতিপূরণ হিসেবে প্রতিটি পরিবারকে ১১ হাজার ২০০ টাকাসহ খাবার ও এক বান্ডিল টিন দিয়েছে। সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করেন, সহিংস ঘটনার দুই বছর হতে চললেও এখনো কোনো আসামি ধরা পড়েনি। আসামিরা প্রকাশ্যে বাঘাইহাট ও উপজেলা সদরে ঘোরাফেরা করছেন।কষ্টে আছেন বসুমতীসহিংস ঘটনায় নিহত লক্ষ্মী বিজয় চাকমার স্ত্রী বসুমতী চাকমা সাত সন্তান নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন। তিন সন্তানকে অনাথ আশ্রমে দিতে বাধ্য হয়েছেন। বাকি চার সন্তানকে লেখাপড়া শেখাতে পারছেন না অভাবের কারণে। দিনমজুরি করে একবেলা খেয়ে দিন কাটছে তাঁর। নিহত বুদ্ধপুদি চাকমার স্বামী উত্তম কুমার চাকমা প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর আমি বাদী হয়ে ২৫ জনকে আসামি করে মামলা করেছি। ক্ষতিপূরণ হিসেবে সরকারের পক্ষ থেকে এক লাখ টাকা দেওয়া হয়েছে। কিন্তু মামলা পরিচালনা করতে ইতিমধ্যে অনেক টাকা খরচ হয়েছে। দুই বছর হতে চলেছে, তার পরও কোনো আসামি ধরা হয়নি।’ বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল রাজ্জাক বলেন, ‘তদন্ত শেষে উভয় মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। আদালত থেকে আসামিদের ধরার জন্য একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। কিন্তু এলাকায় সাম্প্রদায়িক উসকানি তৈরি হতে পারে, এটা ভেবে আমরা কাউকে গ্রেপ্তার করছি না।’