চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন মাসুম হত্যার দুই বছর পার হলেও পুলিশ আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। ফলে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে খুনিরা। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেছেন। তাঁরা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার দাবি করেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ডের পর একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি হত্যাকারীদের চিহ্নিত করতে না পারলেও প্রতিবেদনে কিছু সুপারিশ করে। তবে এ প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ রয়েছে।জানা যায়, ২০১০ সালের ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের ষোলশহর রেলস্টেশনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র মহিউদ্দিন মাসুমকে। এ ঘটনার পরদিন নিহতের পিতা ফজলুল কাদের অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, তদন্ত কর্মকর্তা পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ আছে মহিউদ্দিন হত্যা মামলার অগ্রগতি। এ পর্যন্ত এই হত্যা মামলায় তিনবার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে। বর্তমানে এ মামলার দায়িত্বে আছেন সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হ্লৈ চিং প্রু মারমা।এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন রেলওয়ে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ উল্লাহ। পরে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। তখন মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন সহকারী পুলিশ সুপার নাজির হোসেন দেওয়ান। তিনি বদলি হয়ে গেলে মামলার তদন্তের দায়িত্ব পান সহকারী পুলিশ সুপার সাদিকুল ইসলাম। পরে তিনিও বদলি হয়ে যান।মামলাটির বর্তমান তদন্তকারী কর্মকর্তা হ্লৈ চিং প্রু মারমা শনিবার প্রথম আলোকে বলেন, ‘আলোচিত এ মামলার অনেক অগ্রগতি হয়েছে। আরও তদন্ত হচ্ছে। চেষ্টা করছি দ্রুত এ মামলার প্রতিবেদন আদালতে জমা দিতে।’বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘দুই বছরেও মামলার তদন্ত প্রতিবেদন দিতে না পারা দুর্ভাগ্যজনক। এ হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে হত্যাকারীদের শাস্তি দিতে হবে।’ এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ডের পর সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এ এফ ইমাম আলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্যরা তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদনও জমা দেন। প্রতিবেদনে কিছু সুপারিশ রাখা হয়েছিল। তদন্ত কমিটির অন্যতম সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আমরা হত্যাকারীদের চিহ্নিত করতে না পারলেও হত্যাকাণ্ডের ব্যাপারে ধারণা দিয়েছি। হত্যাকারীদের চিহ্নিত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ ধরনের ঘটনা এড়ানোর জন্য প্রতিবেদনে কিছু সুপারিশ করেছিলাম। তবে সেই প্রতিবেদন এখনো আলোর মুখ দেখেনি।’