দুই বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয় ২০১২ সালের ডিসেম্বরে। প্রায় দুই বছর শেষ হতে চললেও এখনো উপজেলার পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত হয়নি। এ নিয়ে হতাশ তৃণমূলের নেতা-কর্মীরা। ঝিমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম।
দলীয় সূত্র জানায়, উপজেলা সদরের মোহাম্মদ ছাবের পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সম্মেলনে অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সাবেক সাংসদ এ বি এম তালেব আলী। ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ছিলেন বিশেষ অতিথি। সম্মেলনে ফয়েজুল কবিরকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
নেতা-কর্মীরা জানান, সভাপতি থাকেন চট্টগ্রামে। তিনি গত নয় মাসেও এলাকায় আসেননি। গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তিনি জেলা আওয়ামী লীগ-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন না দিয়ে মহাজোটের প্রার্থীর পক্ষে কাজ করেন। পরে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু দলীয় সমর্থন পাননি। এরপর থেকে তিনি অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েন। অপরদিকে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাঁর আইন পেশার কারণে ফেনীতে থাকেন। মাঝেমধ্যে বিকেলে গিয়ে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে বসেন। ফলে উপজেলায় দলের কর্মকাণ্ড নেই বললেই চলে।
উপজেলা কমিটির সাবেক সদস্য গোলাম মাওলা বলেন, উপজেলা আওয়ামী লীগ একেবারেই নিষ্ক্রিয়। জাতীয় ও দলীয় কোনো কর্মসূচি পালিত হয় না। এর মূল কারণ কমিটি পূর্ণাঙ্গ না হওয়া।
সাবেক কমিটির সভাপতি ও সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম বলেন, আগে এখানে দলের কর্মকাণ্ড গতিশীল ছিল। এখন কোনো কার্যক্রম চোখে পড়ে না।
সাবেক কমিটির সদস্য ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল আলম বলেন, অনেক সময় দলের কর্মী ও সমর্থকেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনে নেতাদের না পেয়ে হতাশ হয়ে পড়েন। এসব কারণে দলের ক্ষতি হচ্ছে।
এ প্রসঙ্গে বক্তব্য জানার জন্য সভাপতি ফয়েজুল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, এখানে দলের সকল কর্মসূচি নিয়মিতভাবে পালিত হচ্ছে। উপজেলা সদরের জিরো পয়েন্টে অফিস নেওয়া হয়েছে। নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বেড়েছে। শিগগির ৭১ সদস্যের উপজেলা কমিটি পূর্ণাঙ্গ করা হবে। এদিকে উপজেলায় সহযোগী সংগঠনগুলোরও তেমন কার্যক্রম নেই। ছাত্র ও যুবলীগ চলে আহ্বায়ক কমিটি দিয়ে। গত এক বছরেও এ দুটি কমিটির কোনো সভা হয়নি। শ্রমিক ও কৃষক লীগের সম্মেলন হয়েছে আট বছর আগে। স্বেচ্ছাসেবক লীগের কমিটির বয়স পাঁচ বছর।